ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, মসজিদ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন


আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, মসজিদ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ভারতের আসাম রাজ্যের ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় ঘরবাড়ি হারানো বেশ কিছু বাঙালি মুসলিম পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত জমিতে দীর্ঘকাল বসবাস করে আসছিল। কিন্তু সম্প্রতি, প্রশাসন তাদের ঘরবাড়ি এবং একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।

শুক্রবার আসামের লখিমপুর জেলার বগীনদী পিজিআর এলাকায় উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে বহু পরিবার আবারও গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, প্রশাসন কেবল মুসলিম বসতিগুলোকে লক্ষ্যবস্তু করেছে, অথচ একই এলাকার অন্য সম্প্রদায়ের দখলে থাকা জমিতে অভিযান চালানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে জেলা প্রশাসন বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে। বগীনদী সাপ্তাহিক বাজার এবং বগীনদী থানার কাছে মুসলিম ক্যাম্প এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন: নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

১৯৮৩ সালে আসাম আন্দোলনের সময় ভীমপোরা-বোধাকোরায় সহিংসতার শিকার হয়ে বাস্তুচ্যুত হয়েছিল এসব পরিবারের সদস্যরা। সে সময় একটি উচ্ছৃঙ্খল জনতা ভীমপোরা গ্রামে হামলা চালায় এবং ভাঙচুর করে। ফলে বেশ কয়েকটি বাঙালি মুসলিম পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় মিসিং সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভাগচাষি হিসেবে কাজ করতেন।

বাস্তুচ্যুত পরিবারগুলো প্রথমে বগীনদী থানায় আশ্রয় নেয় এবং পরে একটি সাপ্তাহিক বাজারে অস্থায়ীভাবে রাখা হয়। পরবর্তীতে জেলা প্রশাসন বগীনদী পিজিআর এলাকায় তাদের বসবাসের জন্য জমি বরাদ্দ দেয়। ১৯৮৩ সালের জুনে সেখানে বসবাসকারী পরিবারগুলোকে পরিচয়পত্রও দেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ২৫টি পরিবার চার দশকের বেশি সময় ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। সরকারি নথিতে এলাকাটিকে ‘রিফিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ ও ‘মিয়াঁ ক্যাম্প’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এখানে শুধু বসতবাড়ি নয়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে। ২০০৮ সালে এলাকায় প্রতিষ্ঠিত হয় বগীনদী পিজিআর এলপি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচির (আইসিডিএস) আওতাধীন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। ‘বগীনদী পিজিআর মুসলিম সেন্টার’ নামে পরিচিত ওই কেন্দ্রটিও সরকারি কার্যক্রমের অংশ।

আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ

এছাড়া জল জীবন মিশনের আওতায় সেখানে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সংযোগও রয়েছে বসতিগুলোতে।

উচ্ছেদ অভিযানে মুসলিম ক্যাম্প এলাকার একটি মসজিদও ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দেখানো নথি অনুযায়ী, মসজিদ ও কবরস্থানের জন্য ১৯৯২ সালেই ওই জমি বরাদ্দ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৯৯২ সালের ২৫ সেপ্টেম্বর জারি করা ৭০৪ নম্বর চিঠিতে বগীনদী এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং করপোরেশনের বিশেষ কর্মকর্তা ও সচিব-কাম-ব্যবস্থাপক মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য পিজিআর এলাকার ৫ নম্বর প্লটের ৪ বিঘা ২ কাঠা ১০ লেচা জমি মুসলিম সম্প্রদায়ের ব্যবহারের জন্য বরাদ্দ দেন। তবে দীর্ঘদিন ধরে বসবাস এবং সরকারি বরাদ্দের এসব নথি থাকার পরও কেন পরিবারগুলোকে উচ্ছেদ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, পিজিআর এলাকার আশপাশে অন্য সম্প্রদায়ের লোকজনও বসবাস করছেন এবং বিভিন্ন জায়গা দখলে রয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযানে সেসব এলাকা বাদ দিয়ে মুসলিম বসতিগুলোতেই অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহু গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন: তিবির অভিযোগ

‘ঘর ভাঙার আগে আমাদের মেরে ফেলুন’

উচ্ছেদ অভিযানের সময় কান্নায় ভেঙে পড়েন অনেক নারী। কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। কয়েকজন নারী প্রশাসনের কর্মকর্তাদের কাছে আকুতি জানিয়ে বলেন, তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেয়ে যেন মেরে ফেলা হয়।

বাসিন্দাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন, যিনি ১৯৮৩ সালের সহিংসতার সময় তিরের আঘাতে আহত হয়েছিলেন। এখনো তার উরুর পেছনে সেই আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। চার দশক আগে সহিংসতায় বাস্তুচ্যুত হওয়ার পর এবার সরকারি উচ্ছেদ অভিযানে আবারও ঘর হারাতে হলো তাকে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাজ্য সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, চার দশক আগে প্রশাসনই তাদের এই এলাকায় বসবাসের ব্যবস্থা করেছিল। তাই উচ্ছেদের আগে তাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতির ইতিহাস এবং সরকারি পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, বগীনদী পিজিআর এলাকায় প্রায় ৩২০ হেক্টর জমি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

আসামে ধারাবাহিক উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

লখিমপুরের এই অভিযান আসামে সাম্প্রতিক সময়ে চলমান একাধিক উচ্ছেদ অভিযানের অংশ। এর আগে নগাঁও, হোজাই, গোলাঘাট ও ধুবড়ি জেলাতেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বড় অংশই বাংলাভাষী মুসলিম।

এসব অভিযানে আসাম সরকারের বিরুদ্ধে বেছে বেছে মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠেছে।

দীপাবলির আগে লখিমপুরে একটি উচ্ছেদ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির সঙ্গে তিনি ‘ঘর কি সাফাই’ (ঘর পরিষ্কার) মন্তব্য করেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস

এর আগে ধুবড়িতে উচ্ছেদ অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, ‘আরো অভিযান হবে। আমাদের জমির প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।’

মুখ্যমন্ত্রীর এসব মন্তব্য নিয়েও সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এগুলোকে বিদ্বেষমূলক ও গণহত্যামূলক বক্তব্যের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে মুসলিম পরিবারগুলোর ঘরবাড়ি ধ্বংসের ঘটনাকে উদ্‌যাপনের ভাষা হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন তারা।

সূত্র: ডন

এআরবি

আরও পড়ুন: ইয়েমেনে সউদী সেনা অবস্থানে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা, হতাহতের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলার দামাল সন্তানরা পৃথিবীর যেকোনো জাতির চাইতে সাহসী : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


বাংলার দামাল সন্তানরা পৃথিবীর যেকোনো জাতির চাইতে সাহসী : স্পিকার

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, বাংলার দামাল সন্তানরা পৃথিবীর যেকোনো জাতির চাইতে অধিক সাহসী।

তিনি উল্লেখ করেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা একটি গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনোই কার্পণ্য বোধ করেননি।

আজ রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর ৫টি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।

স্পিকার বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল।

স্পিকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছিল। দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২৪ এর গণ অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে।

স্পিকার এসময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন তিনি।

এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ছে, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ছে, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল বা স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণমুক্ত রোগ হিসেবে ২০০০ সাল থেকে বিবেচনা করা হচ্ছিল, যা ব্যাপক টিকাদান কর্মসূচির ফলস্বরূপ। তবে, দীর্ঘ সময় পর দেশটি আবারও সেই স্বীকৃতি হারিয়েছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সিএনএনকে এই তথ্য জানিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও এ খবর প্রকাশ করেছে।

বছরের পর বছর টিকাদানের হার কমে যাওয়া এবং হামে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্তের আশঙ্কা আগে থেকেই ছিল। তবুও, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যনীতির জন্য এটি একটি বড় ধরনের ব্যর্থতা হিসেবে গণ্য হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির নিয়ম অনুযায়ী, এক দেশে একই ধরনের ভাইরাসের সংক্রমণ যদি এক বছর বা তার বেশি সময় ধরে একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়াতে থাকে, তাহলে সেটিকে স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে ধরা হয়।

এই বিষয়টি নির্ধারণ করতে রোগীদের কাছ থেকে সংগৃহীত ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। ভাইরাস যখন নিজের অনুলিপি তৈরি করে, তখন জিনগত সংকেতে সামান্য পরিবর্তন ঘটে। বিভিন্ন সংক্রমণের ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন, সেগুলোর মধ্যে কতটা সম্পর্ক রয়েছে এবং একই সংক্রমণধারার অংশ কি না।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য গবেষণাগারের বিজ্ঞানীরা একটি প্রাথমিক গবেষণাপত্র প্রকাশ করেন। এতে দেখা যায়, উটাহতে একই ধরনের হামের ভাইরাস এক বছরের বেশি সময় ধরে ছড়িয়েছে এবং মোট আক্রান্তের ৯৫ শতাংশের বেশি এই একই ধরনের ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত উটাহর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন।

এছাড়া, সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী হামের প্রাদুর্ভাব দেখা গেছে।

বিশেষজ্ঞ কমিটি ঠিক কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের ভাইরাসবিদ এবং ভ্যাকসিন সাময়িকীর প্রধান সম্পাদক ড. অ্যাঞ্জেলা রাসমুসেনের মতে, সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি জটিলতার প্রয়োজন ছিল না। তাঁর ভাষায়, উটাহর গবেষণার তথ্যই হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের জন্য যথেষ্ট ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা খর্বের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা খর্বের আবেদন

মার্কিন ফেডারেল সংস্থাগুলোর বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত সারাদেশে একযোগে বাতিল করার ক্ষমতা বিচারকদের দীর্ঘদিনের অধিকার। এবার এই ক্ষমতাকে আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা কমানোর পর, এবার প্রশাসনিক আইনের (এপিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) আওতায় বিচারকদের অন্য একটি ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট যদি প্রশাসনের পক্ষে রায় দেয়, তবে প্রেসিডেন্ট তার নীতিগুলো আইনি জটিলতা ছাড়াই দ্রুত বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে এবং বিভিন্ন আদালতের বিচারকরা সেগুলো আটকে দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের সাথে বিচার বিভাগের মধ্যে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব বিদ্যমান। এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট সারাদেশে কার্যকর ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে সেবার আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করার ক্ষমতা বিচারকদের হাতে ছিল।

নতুন আপিলটিতে ট্রাম্পের বিচার বিভাগ সেই ক্ষমতাটিকেই কেড়ে নেওয়ার জন্য আবেদন করেছে। প্রশাসনের দাবি, আদালত কোনো সংস্থার নিয়ম বা বিধিমালা পুরো দেশের জন্য বাতিল করতে পারবে না। আদালতের রায় বা স্থগিতাদেশ কেবল নির্দিষ্ট মামলার বাদীপক্ষের জন্য প্রযোজ্য হওয়া উচিত। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার প্রেক্ষাপটে এই আপিলের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের একটি আইন অনুযায়ী তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর ফলস্বরূপ গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে বিতর্কে না গিয়ে, সরাসরি আদালতের এপিএ ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে তারা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কোনো নীতি বাস্তবায়নে বাধা না পায়।

আইন বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্প এই লড়াইয়ে জয়ী হন, তবে কোনো সরকারি নিয়ম আদালত অবৈধ ঘোষণা করলেও মামলা চলাকালীন মাসের পর মাস বা বছরের পর বছর ধরে সরকার সেটি কার্যকর রাখতে পারবে। অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা রুখতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের অবৈধ নিয়মগুলোকে চিরতরে বাতিল করানো আরও কঠিন হয়ে পড়বে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


হুতিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মাঝ আকাশে ড্রোন দুটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তুর্কি আল-মালিকি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, হুতি মিলিশিয়াদের দ্বারা ছোড়া ড্রোন দুটি রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে।

এ ঘটনার ফলে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এই ঘটনা হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর প্রকাশ করেছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে সেখানে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%