ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা খর্বের আবেদন


ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা খর্বের আবেদন

মার্কিন ফেডারেল সংস্থাগুলোর বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত সারাদেশে একযোগে বাতিল করার ক্ষমতা বিচারকদের দীর্ঘদিনের অধিকার। এবার এই ক্ষমতাকে আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা কমানোর পর, এবার প্রশাসনিক আইনের (এপিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) আওতায় বিচারকদের অন্য একটি ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট যদি প্রশাসনের পক্ষে রায় দেয়, তবে প্রেসিডেন্ট তার নীতিগুলো আইনি জটিলতা ছাড়াই দ্রুত বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে এবং বিভিন্ন আদালতের বিচারকরা সেগুলো আটকে দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের সাথে বিচার বিভাগের মধ্যে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব বিদ্যমান। এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট সারাদেশে কার্যকর ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে সেবার আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করার ক্ষমতা বিচারকদের হাতে ছিল।

নতুন আপিলটিতে ট্রাম্পের বিচার বিভাগ সেই ক্ষমতাটিকেই কেড়ে নেওয়ার জন্য আবেদন করেছে। প্রশাসনের দাবি, আদালত কোনো সংস্থার নিয়ম বা বিধিমালা পুরো দেশের জন্য বাতিল করতে পারবে না। আদালতের রায় বা স্থগিতাদেশ কেবল নির্দিষ্ট মামলার বাদীপক্ষের জন্য প্রযোজ্য হওয়া উচিত। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার প্রেক্ষাপটে এই আপিলের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের একটি আইন অনুযায়ী তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর ফলস্বরূপ গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে বিতর্কে না গিয়ে, সরাসরি আদালতের এপিএ ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে তারা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কোনো নীতি বাস্তবায়নে বাধা না পায়।

আইন বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্প এই লড়াইয়ে জয়ী হন, তবে কোনো সরকারি নিয়ম আদালত অবৈধ ঘোষণা করলেও মামলা চলাকালীন মাসের পর মাস বা বছরের পর বছর ধরে সরকার সেটি কার্যকর রাখতে পারবে। অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা রুখতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের অবৈধ নিয়মগুলোকে চিরতরে বাতিল করানো আরও কঠিন হয়ে পড়বে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


হুতিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মাঝ আকাশে ড্রোন দুটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।

তুর্কি আল-মালিকি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, হুতি মিলিশিয়াদের দ্বারা ছোড়া ড্রোন দুটি রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ধ্বংস করা হয়েছে।

এ ঘটনার ফলে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এই ঘটনা হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার একাধিক খবর প্রকাশ করেছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে সেখানে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৯৬ বছর বয়সে সাত মহাদেশ ভ্রমণ সম্পন্ন জয় রায়ানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, ৯৬ বছর বয়সে সাত মহাদেশ ভ্রমণ সম্পন্ন জয় রায়ানের

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি এক নারী, নাতির সঙ্গে বিশ্বের সাত মহাদেশ ঘুরে বেড়িয়েছেন। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর তার বিশ্ব ভ্রমণের শুরু হয়। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে তিনি তার সাত মহাদেশ ভ্রমণের স্বপ্ন পূর্ণ করেছেন।

‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত জয় রায়ান তার ৪৫ বছর বয়সি নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে এই ভ্রমণ সম্পন্ন করেছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে জানা যায়, কয়েক বছর আগে শুরু হওয়া এই যাত্রায় তারা বিশ্বের বিভিন্ন দেশ ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেছেন।

গত সেপ্টেম্বরে তারা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেন। এই সফরের মাধ্যমে তাদের সাত মহাদেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয়। তালিকায় অস্ট্রেলিয়া ছিল শেষ মহাদেশ।

অস্ট্রেলিয়াকে একটি সুন্দর দেশ হিসেবে উল্লেখ করে জয় বলেন, কোয়ালাগুলো তার কাছে খুবই সুন্দর লেগেছে। নিজের লক্ষ্য পূরণ করতে পেরে তিনি গর্বিত বোধ করেছেন বলেও জানান।

এই ভ্রমণ কেবল নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতাই দেয়নি, বরং জয় ও ব্র্যাডের সম্পর্ক নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। এর আগে টানা ১০ বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না।

২০১৫ সালের শরৎকালে ব্র্যাড তার দাদির সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান, জয় তার সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে চান কি না। ব্র্যাড জানতেন, তার দাদি আগে কখনো পাহাড় দেখেননি। তাই তাকে নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন।

এরপর তাদের ভ্রমণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। ২০২৩ সালের মে মাসে তারা দেশটির ৬৩টি জাতীয় উদ্যানের সর্বশেষটিও ঘুরে দেখেন।

জাতীয় উদ্যান ভ্রমণ শেষ হওয়ার পর তাদের যাত্রা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হয় জয়ের।

এরপর তারা কেনিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে দেখেন। কেনিয়ায় হাতি দেখেছেন তারা এবং আয়ারল্যান্ডে ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেছেন। সাম্প্রতিক থাইল্যান্ড সফরে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথোপকথন ছাড়াও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

ব্র্যাড জানান, এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তা উপলব্ধি করার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এই ভ্রমণ তাকে জীবনের আগের নানা কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করেছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, ৩ জন আটক

কক্সবাজারের টেকনাফে আলাদা দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়। সন্দেহজনক মনে হওয়ায় একটি অটোরিকশায় থাকা দুই নারীর চলাফেরা ও তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

এ ঘটনায় আটক দুই নারী হলেন: টেকনাফের হাবিরপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাবরাং চৌকির ঝিন্নাখাল এলাকায় নাফ নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে স্পিডবোট নিয়ে বিশেষ টহল দল নদীতে অবস্থান নেয়। থার্মাল ইমেজার ও রাডারের সহায়তায় মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন: সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।" তিনি জানান, মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দিচ্ছেন কারা, যা বলছে ফাঁস হওয়া নথি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রকৃত ক্ষয়ক্ষতির একটি ভয়াবহ চিত্র প্রকাশিত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা 'রসস্ট্যাট' -এর ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা যায়, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ইউক্রেন যুদ্ধে অন্তত ৪ লাখ ৫০ হাজার রুশ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই সেনাসদস্য।

ফাঁস হওয়া এই নথিতে দেখা যায়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দেশের ৪ হাজারেরও বেশি বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই বিদেশিদের মধ্যে নেপাল, উজবেকিস্তান, তাজিকিস্তান, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তথ্য ফাঁসের নেপথ্যে কারা?

বেলারুশের হ্যাকার গ্রুপ ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রসস্ট্যাটের নেটওয়ার্কে হামলা চালিয়ে এসব নথি সংগ্রহ করেছে। গত ১ নভেম্বর তারা এই তথ্য প্রকাশ করে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নথিগুলো সরবরাহ করে।

রসস্ট্যাট কর্তৃপক্ষ অক্টোবর মাসের শেষ দিকে সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করেছে, তবে তথ্য ফাঁসের বিষয়টি তারা অস্বীকার করেছে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ফাঁস হওয়া এই ডেটাবেজটি শতভাগ আসল। সাম্প্রতিক বছরগুলোতে মারা যাওয়া যেকোনো পরিচিত ব্যক্তির নাম এই তালিকায় পাওয়া যাচ্ছে।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে

রাশিয়া কখনোই তাদের সামরিক ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করে না। দেশটিতে মৃত্যুর নথিপত্র নিবন্ধন হতে কয়েক মাস এমনকি বছরও লেগে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর অনুসন্ধান অনুযায়ী, দেরিতে জমা হওয়া কাগজপত্র যোগ করলে আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে।

ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, সরাসরি যুদ্ধের কারণে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে মরদেহ খুঁজে না পাওয়ায় আদালতের মাধ্যমে মৃত ঘোষণা করা হয়েছে আরও ৪২ হাজার মানুষকে। এর বাইরে সম্মুখসারিতে নিহত আরও ১২ হাজার পুরুষের তথ্য শনাক্ত করেছে এফটি।

কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি?

নথি অনুযায়ী, যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইগুলো ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে সংঘটিত হয়েছে। এর মধ্যে আভদিভকা এবং পোকরভস্ক এলাকায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৪ সালে আভদিভকা এবং চলতি বছরের (২০২৬) শুরুতে পোকরভস্ক দখল করে রুশ বাহিনী। এছাড়া বাখমুত শহরে নিহত হয়েছেন আরও ৪৮ হাজার সেনা।

নিহতদের বেশিরভাগই দরিদ্র ও সংখ্যালঘু

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়স বাড়ছে। যুদ্ধের প্রথম বছর নিহতদের গড় বয়স ছিল ৩৪, কিন্তু ২০২৫ সালে তা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি (১ লাখ ৫৮ হাজার)।

নিহতদের একটি বড় অংশ রাশিয়ার দরিদ্র এবং সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে এসেছে। যেমন—দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠী অধ্যুষিত জাবাইকালস্কি ক্রাই অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন, যা ওই অঞ্চলের প্রতি ৮০ জনে একজন। এছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে মারা গেছেন ১৫ হাজার ৮০০ জন।

বিদেশি যোদ্ধাদের করুণ পরিণতি

ফিন্যান্সিয়াল টাইমসের হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ৪ হাজার ১৪১ জন বিদেশি নাগরিক। তবে ব্লুমবার্গ নিউজের হিসাব অনুযায়ী, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া নিহত যোদ্ধার সংখ্যা ১১ হাজার ৩৩৫ জন।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮০৭ জন মারা গেছেন উজবেকিস্তানের নাগরিক। এরপর রয়েছে তাজিকিস্তান (৫৯৮ জন), কলম্বিয়া (৯৮ জন) এবং নেপাল (৪৪ জন)। এছাড়া নাইজেরিয়া, ক্যামেরুন ও মিসরসহ আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

বিদেশিদের যুদ্ধের জন্য প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।

বর্তমানে ১৩৬টি দেশের প্রায় ২৮ হাজার বিদেশি নাগরিক রুশ সেনাবাহিনীতে কাজ করছেন বলে ধারণা করা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে, ভালো বেতনের সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের রাশিয়ায় নিয়ে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার এক যুবক পোল্যান্ডে ট্রাক চালানোর চাকরির জন্য আবেদন করেছিলেন। তাকে মস্কোতে ডেকে নিয়ে পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। কেনিয়ার নাগরিকদেরও মাসে প্রায় ২ হাজার ৭০০ ডলার বেতন ও মোটা অঙ্কের বোনাসের লোভ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাশিয়া জোরপূর্বক নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে।

যুদ্ধের গতিপথে এই প্রাণহানির প্রভাব কী?

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা 'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার' (আইএসডব্লিউ) জানিয়েছে, এই বিপুল প্রাণহানি প্রমাণ করে যে রাশিয়া বর্তমানে তীব্র জনবল সংকটে ভুগছে। গত জুলাই মাস থেকে রাশিয়ায় নতুন সেনা নিয়োগের সংখ্যা যুদ্ধে হতাহতের সংখ্যা থেকে কম।

বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে মস্কো টাইমসকে বলেন, নিহত এই সংখ্যা রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধেক শতাংশ। অর্থনীতিতে এর প্রভাব খুব বেশি না পড়লেও রাজনৈতিকভাবে এটি পুতিন প্রশাসনের জন্য বড় ধাক্কা। তার মতে, যে হারে রাশিয়া তাদের জনসংখ্যা হারাচ্ছে, তাতে কোনোভাবেই বলা যায় না যে তারা এই যুদ্ধে জিতছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%