প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে আলাদা দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হয়। সন্দেহজনক মনে হওয়ায় একটি অটোরিকশায় থাকা দুই নারীর চলাফেরা ও তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
এ ঘটনায় আটক দুই নারী হলেন: টেকনাফের হাবিরপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাবরাং চৌকির ঝিন্নাখাল এলাকায় নাফ নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে স্পিডবোট নিয়ে বিশেষ টহল দল নদীতে অবস্থান নেয়। থার্মাল ইমেজার ও রাডারের সহায়তায় মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন: সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।" তিনি জানান, মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন