১০:৩৭ পি.এম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি এক নারী, নাতির সঙ্গে বিশ্বের সাত মহাদেশ ঘুরে বেড়িয়েছেন। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর তার বিশ্ব ভ্রমণের শুরু হয়। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে তিনি তার সাত মহাদেশ ভ্রমণের স্বপ্ন পূর্ণ করেছেন।
‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত জয় রায়ান তার ৪৫ বছর বয়সি নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে এই ভ্রমণ সম্পন্ন করেছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে জানা যায়, কয়েক বছর আগে শুরু হওয়া এই যাত্রায় তারা বিশ্বের বিভিন্ন দেশ ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেছেন।
গত সেপ্টেম্বরে তারা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেন। এই সফরের মাধ্যমে তাদের সাত মহাদেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয়। তালিকায় অস্ট্রেলিয়া ছিল শেষ মহাদেশ।
আরও পড়ুন: আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত
অস্ট্রেলিয়াকে একটি সুন্দর দেশ হিসেবে উল্লেখ করে জয় বলেন, কোয়ালাগুলো তার কাছে খুবই সুন্দর লেগেছে। নিজের লক্ষ্য পূরণ করতে পেরে তিনি গর্বিত বোধ করেছেন বলেও জানান।
এই ভ্রমণ কেবল নতুন নতুন জায়গা দেখার অভিজ্ঞতাই দেয়নি, বরং জয় ও ব্র্যাডের সম্পর্ক নতুন করে গড়ে তুলতে সাহায্য করেছে। এর আগে টানা ১০ বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না।
২০১৫ সালের শরৎকালে ব্র্যাড তার দাদির সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানতে চান, জয় তার সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে চান কি না। ব্র্যাড জানতেন, তার দাদি আগে কখনো পাহাড় দেখেননি। তাই তাকে নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন।
এরপর তাদের ভ্রমণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান পর্যন্ত বিস্তৃত হয়। ২০২৩ সালের মে মাসে তারা দেশটির ৬৩টি জাতীয় উদ্যানের সর্বশেষটিও ঘুরে দেখেন।
আরও পড়ুন: বিশ্ব ডায়াবেটিস দিবসে জেকে লাইফস্টাইলের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
জাতীয় উদ্যান ভ্রমণ শেষ হওয়ার পর তাদের যাত্রা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হয় জয়ের।
এরপর তারা কেনিয়াসহ বিভিন্ন দেশ ঘুরে দেখেন। কেনিয়ায় হাতি দেখেছেন তারা এবং আয়ারল্যান্ডে ঐতিহাসিক দুর্গ পরিদর্শন করেছেন। সাম্প্রতিক থাইল্যান্ড সফরে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথোপকথন ছাড়াও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
ব্র্যাড জানান, এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করেছে। অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তা উপলব্ধি করার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, এই ভ্রমণ তাকে জীবনের আগের নানা কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করেছে। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: জিম শেষে গরম পানিতে গোসলের অভ্যাস কতটা নিরাপদ?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন