ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ


আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ

ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে পারেন খুব কম মানুষ। ইতিহাসের পাতায় তাদের নামই স্বতন্ত্র হয়ে থাকে, যাদের প্রভাব পদমর্যাদার সীমানা ছাড়িয়ে মানুষের চিন্তা ও বিবেকের গভীরে পৌঁছে যায়।

সমকালীন মুসলিম বিশ্বের এমনই এক অনন্য ব্যক্তিত্ব হলেন শাইখুল আজহার, ইমামুল আকবর অধ্যাপক ড. আহমেদ আত-তাইয়েব। ২০২৬ সালের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে তিনি আবারও আন্তর্জাতিক পরিসরে নিজের প্রভাব ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেছেন।

১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিশরের ঐতিহাসিক লুক্সর অঞ্চলের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন ড. আহমেদ আত-তাইয়েব। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সাধনায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশে তার বেড়ে ওঠা।

আরও পড়ুন: নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

শৈশব থেকেই পবিত্র কুরআন ও ইসলামি জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগ তাকে নিয়ে যায় বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৯ সালে উসুলুদ্দিন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ইসলামি দর্শনে পিএইচডি অর্জন করেন।

তাঁর জ্ঞানসাধনার বিশেষত্ব হলো, ইসলামি ঐতিহ্যের গভীরে অবস্থান করেও আধুনিক বিশ্বের দর্শন, চিন্তাধারা ও বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করা। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং আরবি ও ফরাসি ভাষায় দক্ষতা তাঁর চিন্তাজগৎকে দিয়েছে আন্তর্জাতিক পরিসর। তিনি ধর্মীয় ঐতিহ্যকে অতীতের স্মারক হিসেবে নয়, বরং বর্তমান বিশ্বের সংকট মোকাবিলার এক জীবন্ত প্রজ্ঞা হিসেবে বিবেচনা করেন।

দীর্ঘ অধ্যাপনা ও গবেষণার পথ পেরিয়ে ২০০১ সালে তিনি মিশরের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। ২০০৩ সালে দায়িত্ব গ্রহণ করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে। ২০১০ সালের ১৯ মার্চ তিনি অধিষ্ঠিত হন আল-আজহারের ৪৮তম গ্র্যান্ড ইমাম বা শাইখুল আজহারের পদে।

এক সহস্রাব্দেরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিশ্ব ইসলামি চিন্তাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন।

আরও পড়ুন: নেতানিয়াহু গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন: তিবির অভিযোগ

ড. আত-তাইয়েবের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। তিনি বারবার তুলে ধরেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়বিচার, দয়া, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান। তার দৃষ্টিতে অজ্ঞতা ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বিকাশ।

আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তার ভূমিকা আন্তর্জাতিক পরিসরেও বিশেষভাবে প্রশংসিত। ২০১৯ সালে আবুধাবিতে ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে তার স্বাক্ষরিত ‘ডকুমেন্ট অন হিউম্যান ফ্র্যাটারনিটি’ বিশ্বশান্তি ও মানবিক সহাবস্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, মানুষের মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে বার্তা এতে তুলে ধরা হয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের সভাপতির দায়িত্ব পালন করেও তিনি বিশ্বব্যাপী সংলাপ, সম্প্রীতি ও মধ্যপন্থার প্রসারে কাজ করে যাচ্ছেন।

তার এই প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ‘The Muslim 500: The World's 500 Most Influential Muslims’ প্রকাশনায়। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন। অর্থাৎ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তাঁর অবস্থান শীর্ষ দশে। এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত মর্যাদার প্রতিফলন নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধনির্ভর ধর্মীয় নেতৃত্বের বৈশ্বিক গুরুত্বেরও পরিচায়ক।

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

আশি বছরে পদার্পণ করা ড. আহমেদ আত-তাইয়েব আজ কেবল আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন; তিনি সমকালীন মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কণ্ঠস্বর। বিভক্ত পৃথিবীতে তিনি সংলাপের কথা বলেন, সংঘাতের বিপরীতে সহাবস্থানের আহ্বান জানান এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদাকে গুরুত্ব দেন।

ইতিহাসে অনেকেই ক্ষমতার অধিকারী হন, কিন্তু সবাই সময়ের বিবেক হয়ে উঠতে পারেন না। ড. আহমেদ আত-তাইয়েব তাদেরই একজন, যার নেতৃত্বের প্রকৃত শক্তি জ্ঞান, সংযম, নৈতিক দৃঢ়তা ও মানবতার প্রতি দায়বদ্ধতায়। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তার ষষ্ঠ অবস্থান সেই দীর্ঘ সাধনা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।

তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্বের উচ্চতা নির্ধারিত হয় না ক্ষমতার আসনে; বরং মানুষের কল্যাণে কতটা আলো ছড়ানো যায়, তার মধ্য দিয়েই।

লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

আরও পড়ুন: নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং

‘যাঁরা ২০২৬ সালের জন্য ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এই ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।

গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে তার অভিনব ভিক্ষা চাওয়ার পদ্ধতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই দৃশ্য দেখা যায়।

মোশাররফ হোসেন হাওলাদার নামে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি এবং অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।

মাইকে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে ঘোষণা দেন, “এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।”

এছাড়া, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও তিনি নির্ধারণ করেন। মাইকে ঘোষণা করেন, “আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।”

তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তার কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে তার দাবি।

স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এই অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত

ঢাকাস্থ আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে একটি আনন্দঘন প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে। এই মিলনমেলার আয়োজন করা হয় শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারস্থ ঢাকা মর্ডান সিটির হলরুমে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. আবু রায়হান এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক শিক্ষক রফিকুল ইসলাম। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণ ও কুশল বিনিময় করেন। দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলন ঘটায় পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কারেন্ট মেমোরি সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ও ঢাকা মর্ডান সিটির ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাইদ, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মজিবুর রহমান, সবুজপত্রের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ হেলাল উদ্দীন, মো. কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী সৈয়দ মুহাম্মদ আবদুছ ছালাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


দুর্নীতি দমন কমিশনের মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ ১১ জন দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরাজুল হক এই তথ্য জানান।

এর আগে গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় প্রদান করেন।

জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, ‘গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের মামলার রায় দিয়েছেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।’

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।’

তার দাবি, এসব চেকের মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলাটি দায়ের করে। ১১টি চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলায় বাদীপক্ষ আদালতে ২৮ জনের সাক্ষী উপস্থাপন করেন। তবে অভিযোগ প্রমাণ করতে তারা ব্যর্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। মামলার এক আসামি বিচার কাজ চলাকালীন সময়ে মারা যান।

সিরাজুল হক বলেন, ‘পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘এই রকম মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা থাকার প্রয়োজন।’

আদালতে মামলার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৭০ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শুক্রবার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩৮ জন, তেজগাঁও থানায় ১৬ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%