১১:১৬ পি.এম
লালমনিরহাট জেলার উত্তরাঞ্চল। এই জেলা প্রকৃতি ও সীমান্তের সংযোগস্থল হিসেবে পরিচিত। ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শনের জন্যও এটি বিখ্যাত। জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘হারানো মসজিদ’ নিয়ে রয়েছে বিভিন্ন আলোচনা ও জনশ্রুতি। প্রায় ১ হাজার ৪০০ বছর পুরনো স্থাপনা হিসেবে এটি বিবেচিত হয়। অনেকের মতে, এটি বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ।
লালমনিরহাট-রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের প্রায় এক কিলোমিটার দক্ষিণে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মসজিদটির অবস্থান।
স্থানীয় বয়োবৃদ্ধ ও মসজিদ কমিটির তথ্য অনুযায়ী, কালের বিবর্তনে মাটির নিচে বিলীন হয়ে যাওয়া এই মসজিদটি নির্মাণ করেছিলেন একজন সাহাবি। তিনি এ অঞ্চল দিয়ে চীন দেশে পাড়ি জমিয়েছিলেন। চীনের বিস্মৃত কোয়াংটা নদীর ধারে অবস্থিত কোয়াংটা শহরে তাঁর নির্মিত মসজিদ ও মাজার শরিফ রয়েছে। ওই সাহাবির নাম হজরত আবু ওয়াক্কাস (রা.).
আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ
মসজিদটি রামদাস গ্রামের একটি জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হয়। একসময় স্থানীয় মানুষজন জীবজন্তু ও সাপ-বিচ্ছুর ভয়ে ওই জঙ্গলে প্রবেশ করতেন না। ১৯৮৩-৮৪ সালের দিকে স্থানীয়রা চাষাবাদের জন্য জঙ্গলটি পরিষ্কার করার উদ্যোগ নেন। এ সময় তাঁরা দেখতে পান, জায়গাটি সমতল ভূমি থেকে উঁচু এবং সেখানে সাত-আটটির মতো মাটির উঁচু টিলা রয়েছে।
জায়গাটি সমতল করার জন্য খননকাজ শুরু হলে সেখানে প্রচুর প্রাচীন ইট পাওয়া যায়। ইটগুলোতে অঙ্কিত ছিল নান্দনিক ফুলের নকশা। প্রথমে সবাই ধারণা করেছিলেন, এটি পুরোনো কোনো জমিদারবাড়ি কিংবা রাজবাড়ির ধ্বংসাবশেষ।
তবে ১৯৮৬ সালে একটি ঘটনা স্থানীয়দের নতুন করে ভাবায়। আইয়ুব আলী (৫৮) নামে স্থানীয় এক ব্যক্তি ইটের স্তূপ থেকে কয়েকটি ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে যান। পরে তিনি দেখতে পান, ইটগুলোর মধ্যে একটিতে কিছু লেখা রয়েছে। লেখাটি স্পষ্টভাবে দেখার জন্য পানিতে ভালোভাবে ধুয়ে নিলে সেটি একটি প্রাচীন শিলালিপি বলে প্রতিভাত হয়। সেখানে লেখা ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, হিজরি সন ৬৯।’
স্থানীয় সাংবাদিক খাইরুল ইসলাম বলেন, ‘মসজিদটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। অনেকেই এখানে এলে অন্তত এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেন।’
আরও পড়ুন: ফুলবাড়ীর মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
সাবেক স্কুলশিক্ষক মাহফুজুল হক মন্তব্য করেন, ‘সরকারি উদ্যোগে মসজিদের পরিবেশ উন্নত করা হলে দর্শনার্থীরা ইতিহাস ও আধ্যাত্মিকতা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন।’
মসজিদের মোয়াজ্জিন সোলাইমান আলী সাংবাদিকদের জানান, ‘মসজিদটির পরিচালনা আরও শক্তিশালী হলে এর যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।’
মসজিদের পেশ ইমাম তাওহীদুল ইসলাম বলেন, ‘এখানে সংরক্ষিত প্রাচীন ইট ও স্থাপত্য উপাদান এ অঞ্চলের ইসলামী ঐতিহ্যের অমূল্য সাক্ষ্য বহন করছে।’
স্থানীয় বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) জানান, ১৯৯০ সালের পর মসজিদটির খবর আলজাজিরাসহ বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ ডা. জাকির নায়েক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন