১০:৩৩ এম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কোনো নীতি বা বিধিমালা বেআইনি ঘোষণা করে দেশব্যাপী বাতিল করার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৪৬ সালের প্রশাসনিক কার্যপ্রণালি আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় আদালতের দেওয়া কোনো রায় দেশব্যাপী কার্যকর হওয়ার সুযোগ সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন। প্রশাসনের যুক্তি হলো, কোনো সরকারি বিধিমালা বাতিলের সিদ্ধান্ত কেবল সংশ্লিষ্ট মামলার বাদী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হওয়া উচিত, পুরো দেশের জন্য নয়।
যদি প্রশাসনের এই আবেদন গ্রহণ করা হয়, তাহলে কোনো আদালত কেন্দ্রীয় সরকারের একটি বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলার বাইরে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি কার্যকর থাকতে পারে। ফলে মামলাকারীরা আদালতের কাছ থেকে প্রতিকার পেলেও দেশের অন্য নাগরিকদের ওপর একই বিধিমালা প্রয়োগ অব্যাহত রাখতে পারবে সরকার।
আরও পড়ুন: যুদ্ধের পরেও ইরানের কাছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত
আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন যদি সুপ্রিম কোর্টে জয়ী হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের জন্য এটি বড় ধরনের সুবিধা তৈরি করবে। কারণ, কোনো বিধিমালা বেআইনি ঘোষিত হলেও মামলার বাইরে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি বাতিল করা কঠিন হয়ে পড়বে। ফলে বিতর্কিত সরকারি বিধিমালা দেশজুড়ে কার্যকর থাকতে পারে, যতক্ষণ না অন্যরা আলাদাভাবে মামলা করে প্রতিকার পান।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত মামলা হয়েছে। এসব মামলায় কয়েকটি আদালত এপিএ আইনের আওতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও বিধিমালা দেশব্যাপী বাতিল করেছেন। গত বছর সুপ্রিম কোর্টের একটি রায়ে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত হয়েছিল। তবে প্রশাসনের এবারের আবেদনটি এপিএ আইনের আওতায় সরকারি বিধিমালা দেশব্যাপী বাতিল করার ক্ষমতা নিয়ে।
সর্বশেষ মামলাটি করা হয়েছে টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর পক্ষ থেকে। তাঁরা রোগীদের অপ্রত্যাশিত চিকিৎসা বিল কমানোর উদ্দেশ্যে করা একটি কেন্দ্রীয় সরকারি বিধিমালার কিছু অংশ চ্যালেঞ্জ করেছেন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের পঞ্চম সার্কিট আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ দেশব্যাপী বাতিল করে দেন। তবে ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্তের মূল বিষয়বস্তু নয়, বরং এর দেশব্যাপী প্রযোজ্য হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আগামী বছরের শুরুতে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, তা নির্ধারণ করবে। আদালত আবেদনটি গ্রহণ করলে সরকারি বিধিমালা বাতিলের ক্ষেত্রে নিম্ন আদালতগুলোর ক্ষমতার পরিধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র
আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এপিএ আইনের আওতায় বিচারকদের দেশব্যাপী বিধিমালা বাতিলের ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষমতা সীমিত হলে বেআইনি সরকারি বিধিমালার বিরুদ্ধে কার্যকর প্রতিকার পেতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।
এমনকি ডেমোক্র্যাটদের পাশাপাশি টেক্সাস ও ফ্লোরিডার মতো রিপাবলিকান-শাসিত রাজ্যও এ উদ্যোগের বিরোধিতা করতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় এসব রাজ্যও অতীতে এপিএ আইনের আওতায় আদালতের আশ্রয় নিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন