০৫:৩৩ এম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান সম্প্রতি সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এবার তিনি নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার দাবি জানালেন।
শুক্রবার (১৯ জুন) বিকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এমপি মিজানুর রহমান তাঁর কাছে এই দাবি উত্থাপন করেন।
এর আগে, গত বুধবার (১৭ জুন) সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় স্পিকারের নিকট সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আলোচনা সৃষ্টি করেছিলেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
রেলস্টেশন পরিদর্শনকালে, রেলসচিবের কাছে ড. মিজানুর রহমান রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার পরিপ্রেক্ষিত তুলে ধরেন। সেই সাথে তিনি রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু করার দাবিও জানান। আরও দাবি করেন রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বর্তমানে চলমান ট্রেনগুলোর বগি সংখ্যা বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজের ওপর শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর বিষয়ে।
এ সময়ে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা রেলসচিবের কাছে তাঁদের ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি মিজানুর রহমান বলেন, 'রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন বৃদ্ধির জন্য সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আমাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে তা পূরণের আশ্বাস দিয়েছেন।' তিনি আরও বলেন, 'ঢাকার সাথে সংযোগকারী রাজশাহী পর্যন্ত শাটল ট্রেনের দাবি জানালে সচিব ইতিবাচক সাড়া দিয়েছেন।'
তিনি আরো যোগ করেন, 'রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। যদি এখানকার লাইন দুটি বৃদ্ধি করা হয়, তবে রাজস্ব আদায় আরও অনেক বাড়বে। রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন করা হলে, এটি একটি অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।'
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন