১২:০৩ পি.এম
খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন বিএনপি নেতা ইকবাল শেখ (৪৬)।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।
আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন