মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৩১ পি.এম
সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ লাখ ৩৭ হাজার ৮শ’ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান এলাকা থেকে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মসজিদ মোড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমতলা এলাকা থেকে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।
জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৮শ’ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্বালানি আমদানির দায় পরিশোধের জন্য ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে গেছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রতি ডলারের দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। মঙ্গলবার, তা বেড়ে প্রায় ১২৪ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। ব্যাংকারদের মতে, মাসের শেষ দিকে জ্বালানি আমদানির দায় পরিশোধের চাপ বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইস্টার্ন ব্যাংকে ডলারের স্পট বিক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ১৮ পয়সা এবং ক্রয়মূল্য ১২৩ টাকা ১৮ পয়সা। গত ১৫ অক্টোবর ব্যাংকটিতে ডলারের বিক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা এবং ক্রয়মূল্য ১২২ টাকা ৭৫ পয়সা। এর মানে, এক সপ্তাহের ব্যবধানে উভয় ক্ষেত্রেই ডলারের দাম ৪৩ পয়সা বেড়ে গেছে।
সিটি ব্যাংক মঙ্গলবার প্রতি ডলার ১২২ টাকা ৯০ পয়সায় কিনে ১২৪ টাকা ১০ পয়সায় বিক্রি করেছে। ব্র্যাক ব্যাংকে ডলারের ক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ১৩ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৪ টাকা ১৩ পয়সা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে ডলারের স্পট ক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৯৫ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৩ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ আন্তব্যাংক বাজারে ডলারের গড় বিনিময় হার বেড়ে ১২৩ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে। আগের দিন এ হার ছিল ১২৩ টাকা ৮৩ পয়সা। এক সপ্তাহ আগে এ হার ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।
ব্যাংকারদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় মেটাতে বেশি ডলারের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে মাসের শেষ দিকে জ্বালানি আমদানির বিপরীতে সরকারি পর্যায়ে অর্থ পরিশোধের চাপ বৃদ্ধি পায়। ফলে ডলারের চাহিদা বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বাড়ছে। বিশেষ করে মাসের শেষ দিকে জ্বালানি আমদানির দায় পরিশোধে সরকারি পর্যায়ে অর্থের চাহিদা বেড়ে যায়। এতে ডলারের চাহিদা বৃদ্ধি পায় এবং বিনিময় হারে সাময়িক ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়।
তিনি আরও বলেন, মাসের শুরুর দিকে প্রবাসী আয় বেশি এলেও শেষের দিকে তা কিছুটা কমে আসে। একই সময়ে আমদানি দায় পরিশোধের চাপ বাড়লে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক অসামঞ্জস্য তৈরি হয়। তবে এটি দীর্ঘমেয়াদি কোনো সংকট নয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে আমদানি দায় পরিশোধের পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র পেট্রোলিয়াম পণ্যের আমদানি দায় পরিশোধ দ্বিগুণ হয়ে ২৪৯ কোটি ডলারে পৌঁছেছে।
এদিকে চলতি বছরের ১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে ২৪৫ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ডলার। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ডলার।
বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ থাকলেও দেশের রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ১৬০ কোটি ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ২৭ অক্টোবর, ২০২৬ : লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া ফেনীর ঐতিহ্যবাহী দোস্ত টেক্সটাইল মিলস পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
রানীরহাটে অবস্থিত মিলসটির পুনরায় চালুকরণ অথবা সেখানে আধুনিক ও টেকসই টেক্সটাইল/শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সক্রিয়ভাবে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, ১৯৬৫ সালে দোস্ত মোহাম্মদ নামে একজন শিল্পপতি ফেনী শহরতলীর কাজিরবাগ ইউনিয়নের রাণীরহাট সংলগ্ন স্থানে দোস্ত টেক্সটাইল মিলসটি প্রতিষ্ঠা করেন।
১৯৭২ সালে স্বাধীনতার পর এটি জাতীয়করণ করা হয়। এই প্রতিষ্ঠানটি ছিল সহস্রাধিক শ্রমিকের কর্মসংস্থানের উৎস, ফলে পুরো কাজিরবাগ এলাকা ছিল কর্মচঞ্চল।
মিলসটি থেকে উৎপাদিত সুতা একসময় বিদেশেও রপ্তানি করা হতো, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সাল পর্যন্ত মিলসটি লাভজনক ছিল, তবে ১৯৯০ সালের দিকে এটি লোকসানের মুখে পড়ে। দীর্ঘ প্রায় ২০ বছর টিকে থাকার পর ২০১১ সালে তৎকালীন সরকার প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বাসসকে জানান, বিগত সরকারের সময়ে মিলসটির যন্ত্রপাতি পানির দামে নিলামে বিক্রি করা হয়। বিশাল জায়গাটি পরে ভূতুড়ে বাড়িতে পরিণত হয়, যা এখন মাদকাসক্তদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।
তিনি গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী বরাবরে একটি ডিও লেটার দিয়েছেন, যাতে মিলসটি পুনরায় চালুকরণ অথবা আধুনিক টেক্সটাইল ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে সংসদ সদস্যের ডিও লেটার অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক জয়নাল আবদিন ভিপি আরও জানান, বিগত জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আশা করেন, এখানে নতুন শিল্পায়নের মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মে মাসে জেলা প্রশাসকের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কাছে বন্ধ হওয়া দোস্ত টেক্সটাইল মিলস নতুন করে চালু করার প্রস্তাব পাঠানো হয়।
বর্তমান প্রেক্ষাপটে ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্বে’ অথবা ‘বিশেষায়িত অঞ্চল’ হিসেবে এই বিশাল অবকাঠামোটিকে পুনরায় চালু করা সম্ভব হলে ফেনী তথা পুরো চট্টগ্রাম বিভাগের বেকারত্ব দূরীকরণে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।
পোশাক ও টেক্সটাইল খাতের বৈশ্বিক চাহিদা মেটাতে এবং দেশের একটি ঝিমিয়ে পড়া শিল্প সম্পদকে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক স্বার্থে সচল করতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন।
পরবর্তীতে ২৩ জুন উক্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিন ঘুরে ফেনী-ছাগলনাইয়া সড়কের রাণীরহাটের দোস্ত টেক্সটাইল মিলসের প্রধান ফটক পার হয়ে ভেতরে গেলে চিত্র দেখে মনে হয় না এখানে একসময়ে এত বিশাল শিল্প কারখানা ছিল।
একজন নিরাপত্তা প্রহরী জানান, গেট সংলগ্ন জীর্ণ ভবনটিতে প্রধান নির্বাহী কর্মকর্তার অফিস রয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদের সঙ্গে কথা হলে তিনি বাসসকে জানান, গত ২৫ জুলাই তিনি এখানে দায়িত্ব গ্রহণ করেছেন। আপাতত এই বিশাল জায়গা বুঝে নেওয়া এবং রক্ষণাবেক্ষণকে তিনি গুরুত্ব দিচ্ছেন। ভেঙে পড়া সীমানা দেয়ালগুলোতে টিনের বেড়া দিয়ে সংস্কারের চেষ্টা করছেন।
তিনি জানান, সরকারের উচ্চপর্যায় থেকে মিলসটি নতুন করে চালু করার জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে। তার মতে, সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন যেকোনোভাবে এখানে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে।
এটি আগের মতো টেক্সটাইল না হয়ে অন্য কোনো শিল্পও হতে পারে।
এক্ষেত্রে পুরোপুরি সরকারিভাবে না হয়ে ‘পিপিপি’ অথবা ‘জিটুজি’ যে কোনোভাবেই হতে পারে।
এখানে শিল্পায়নের বিপুল সম্ভাবনা ও চাহিদা উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি নতুন করে চালু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কর্মচাঞ্চল্য ফিরে আসবে এই জনপদে।
তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানটির খোঁজখবর রাখছেন। আমার কাছে যখন যে তথ্য চেয়েছেন আমি তা সরবরাহ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী কর্তৃক করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলার প্রেক্ষাপটে অবশেষে নিজের মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় টিভি নাটকের অভিনেত্রী তানজিন তিশা। গত সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে তানজিন তিশা প্রশ্ন তুলেছেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা? এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলা আগে দেখিওনি। একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প সাজিয়ে উপস্থাপন করা। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে সম্মানহানি।’
তিনি উল্লেখ করেছেন যে, তার কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। তিনি আরও লেখেন, ‘অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তথ্যপ্রমাণও আছে। কিন্তু সেই সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে? আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা? একজন মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া মিথ্যা ও বানোয়াট গল্পগুলো কি শেষ পর্যন্ত প্রচার পাবে? বিচার কীভাবে পাব, কীভাবে হবে? মামলা কি এতই সহজ? অভিযোগ করলে সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়? জনসাধারণের মস্তিষ্ক এখন কোথায়? কেউ কি কিছুই বুঝতে পারে না?’
এদিকে, উল্লেখযোগ্য যে, অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে গত রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মেট্রোরেলে চলাচলের সময় অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে, যা নিয়ে তার ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান সহযাত্রীদের মানবিক আচরণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন।
নাকিবুর রহমানের দাবি, তার বাবা অসুস্থ বোধ করায় বসার জন্য চেষ্টা করলেও, কেউ তাকে বসার জায়গা দেননি। দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বাবা স্ট্রোক করে মেট্রোরেলের ভেতরেই মারা যান।
এই ঘটনা ২৪ অক্টোবর দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছে ঘটে। নিহত ব্যক্তির নাম ড. মুহা. নজীবুর রহমান, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে, নাকিবুর রহমান নিজের ফেসবুক প্রোফাইলে বাবার মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। তিনি এ সময় চলাচলের পথে বয়স্ক ও প্রবীণ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মেট্রোরেলে যাতায়াতের সময় তার বাবা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। এ অবস্থায় আশপাশের যাত্রীদের কাছে বসার জন্য জায়গা চাইলেও, কেউ তাকে বসতে দেননি। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বাবা স্ট্রোক করে নিচে পড়ে যান এবং মুহূর্তেই মৃত্যুবরণ করেন।
বাবার মৃত্যুর ঘটনায় কষ্টের কথা জানিয়ে নাকিবুর লেখেন, তার কোনো রাগ বা অভিমান নেই। তবে তিনি সবার প্রতি অনুরোধ করেন, চলাফেরার সময় বয়স্ক ও প্রবীণ নাগরিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
তিনি লেখেন, ‘আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্য কারও বাবা।’
নাকিবুর রহমান তার পোস্টে আরও অনুরোধ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে মেট্রোরেলে যাতায়াতের নিয়মকানুন নিয়ে বিতর্ক বা কাউকে দোষারোপ করে মন্তব্য না করতে। বরং চলাচলের সময় আশপাশের মানুষের স্বাচ্ছন্দ্য ও পরিস্থিতি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দিতে বলেন তিনি।
পোস্টের শেষে বাবার জন্য সবার কাছে দোয়া চান নাকিবুর।
জানা গেছে, ড. মুহা. নজীবুর রহমান উত্তরা ৫ নম্বর সেক্টরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। জানাজা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ