রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০২ পি.এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে জরিমানা করার নোটিশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মু তোলপাড় সৃষ্টি করেছে।
শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল বলে অভিযোগ উঠেছে। যারা অনুষ্ঠানে উপস্থিত হননি, তাদের ৫০০ রুপি জরিমানা এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন মহলে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।
নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ১৭ সেপ্টেম্বর পালিত হয়। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মোদির জন্মদিন পালনের উদ্যোগও দেখা যায়। আইআইএম জম্মুর পক্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
তবে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে জারি করা কড়াকড়ি নোটিশ বিষয়টি বিতর্কিত করে তোলে। জানা গেছে, অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের ডিন বা ছাত্র পরিষদের পক্ষ থেকে শৃঙ্খলাভঙ্গের নোটিশ পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ১৬ সেপ্টেম্বর আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল এবং যারা আসেননি, তাদের অনুপস্থিতির কারণ লিখিতভাবে জানাতে হবে।
এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাজনৈতিক আঙিনায় বিষয়টি গড়ালে কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ নসীর হুসেন প্রশ্ন তুলেন, "কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেকোনো রাজনৈতিক প্রচার-প্রচারণা থেকে দূরে রাখা উচিত।"
তবে কর্তৃপক্ষ তোপের মুখে পড়ে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করার বিতর্কিত নিয়মটি পর্যালোচনা করতে শিগগিরই বৈঠক ডাকার আশ্বাস দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে যে, নোটিশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে আবুল বারকাতকে নির্ধারিত ছকে নিজের, তার স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করতে হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার আওতায় আবুল বারকাতের কাছে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি সম্পদ বিবরণী দাখিল না করা হয় অথবা মিথ্যা বা ভুল তথ্য দিয়ে বিবরণী জমা দেওয়া হয়, তাহলে একই আইনের ২৬(২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে ব্যাংক ঋণসংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ২০২৫ সালের ১১ জুলাই তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া এননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায়ও তিনি চার্জশিটভুক্ত আসামি। ওই মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবরে চার্জশিট দাখিল করে দুদক।
দুদকের অভিযোগ, বিভিন্ন সময়ে ব্যাংক ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মামলার তদন্ত ও সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকতায় আবুল বারকাতের সম্পদ বিবরণী তলব করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রেসিডেন্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর প্রেসিডেন্টের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নেওয়া উদ্যোগগুলোর কথা উল্লেখ করেন এবং এর মাধ্যমে আনার চেষ্টা করা পরিবর্তনগুলোর বিষয়েও প্রেসিডেন্টকে অবহিত করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলাভিত্তিক পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কলেজ স্থাপনের পরিকল্পনা, দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশ, ইংরেজি ও আইসিটি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি, দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগের কথা তুলে ধরা হয়। পাশাপাশি প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রেসিডেন্টকে অবহিত করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগের প্রশংসা করে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কেও প্রেসিডেন্টকে অবহিত করা হয়। ভাইস-চ্যান্সেলর কারিকুলাম ও সিলেবাস সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করার জন্য ইতোমধ্যে গৃহীত উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ৪৮১টি মামলা দায়ের করেছে।
শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি এবং ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি এবং ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ মোট ৩২৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিসহ এবং ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, ছয়টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি এবং ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি এবং ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি এবং ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি এবং ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযান চলাকালীন মোট ৫২৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৪৮ জন এবং ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৮ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২০ হাজার ৫৬২ জন।
১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম থেকে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ