ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশে নেমে এসেছে


প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশে নেমে এসেছে

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩ দশমিক ৮৯ শতাংশে নেমে এসেছে। দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ইতিহাসে এটি প্রথম প্রান্তিকে সর্বনিম্ন অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে। সাধারণত এই সময়ে বাস্তবায়নের হার ৭ শতাংশের বেশি হয়ে থাকে, কিন্তু এবারের হার অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে।

রোববার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের গতি আগের দুই অর্থবছরের তুলনায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। তার পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাস্তবায়নের হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।

অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট কমেছে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় পতন হয়েছে ০ দশমিক ৮৬ শতাংশীয় পয়েন্ট।

আরও পড়ুন: চীন স্মার্ট মিটার-জ্বালানি খাতে ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়

অতীতের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের চিত্রটি স্পষ্ট। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে তা আরও বেশি, ৮ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছিল। সেই হিসেবে চার অর্থবছর আগের তুলনায় এবার প্রথম প্রান্তিকে বাস্তবায়নের হার ৪ দশমিক ৬৬ শতাংশীয় পয়েন্ট কমেছে।

সাধারণ পরিস্থিতিতে অর্থবছরের প্রথম তিন মাসে এডিপির অন্তত ৭ শতাংশ বাস্তবায়ন হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন কার্যক্রমের গতি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ২০২৪ সালে সরকার পতনের পর প্রশাসনিক অস্থিতিশীলতা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময় এডিপি বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। গত অর্থবছরেও এই প্রবণতা অব্যাহত ছিল। এবার নতুন অর্থবছরের শুরুতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এডিপি বাস্তবায়নের হার কমে যাওয়ার অর্থ হলো, অর্থবছরের নির্ধারিত সময়ের তুলনায় উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় ও কাজের অগ্রগতি পিছিয়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে এই ধারা অব্যাহত থাকলে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা কঠিন হয়ে পড়ে। এর ফলে ব্যয় বৃদ্ধি, সেবা পেতে বিলম্ব এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার: ডলারের দাম বেড়ে যাচ্ছে, টাকার মান কমছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো.নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতের দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল। অন্য তিন থেকে চারজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের বাহিরে পাহারা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে নেছার আহম্মেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। পরে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ডাকাতেরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে জানায়। এতে স্থানীয় লোকজন দূরে সরে যান। পরে বাড়ির চারপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি চেইন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো মামলা করতে আসেননি। ডাকাত দল প্রবাসীর বাড়ি থেকে চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেননি। তাদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরিহিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির বেগম খালেদা জিয়া হলের একটি লিফট চালু

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


বাকৃবির বেগম খালেদা জিয়া হলের একটি লিফট চালু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের একটি লিফট চালু হয়েছে। এতে ১০ তলাবিশিষ্ট হলটির আবাসিক ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমেছে।

রবিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে গত ২৮ সেপ্টেম্বর থেকে হলের প্রথম লিফটটি চালু করা হয়েছে। বর্তমানে এটি সচল রয়েছে এবং ছাত্রীরা নিয়মিত ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় লিফট স্থাপনের কাজও প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে। কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই বাড়ির কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খুঁজতে যান তিনি। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিক পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলেই দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ প্রকৌশলী তৈরিতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ প্রকৌশলী তৈরিতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের টেক্সটাইল খাতের চাহিদা পূরণের লক্ষ্যে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।

আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি টেক্সটাইলকে দেশের প্রধান অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। এর ফলে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণের জন্য তুলার দেশীয় উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় খুঁজে বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন।

এছাড়া পাট, আনারসের পাতা, কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ ও সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, বিসিএস (টেক্সটাইল) নামে আলাদা ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপাচার্য আগামী বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর’-কে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%