০৫:৫৮ পি.এম
ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : সংসদ সদস্যদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি।
কমিটি জানিয়েছে, সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই দিকনির্দেশনা প্রয়োজন। একইসাথে, বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল যদি অর্থ বিল হিসেবে বিবেচিত হয়, তবে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী।
আরও পড়ুন: বৃষ্টি বলয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
কমিটি আরও সুপারিশ করেছে যে, বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিলে যদি ত্রুটি থাকে, তবে তা উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সদস্যকে লিখিতভাবে জানানো উচিত।
বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, শাহজাহান চৌধুরী, মো. নূরুল ইসলাম এবং আখতার হোসেন।
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এ সময় সভাপতি কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের সভাপতি ও কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনপূর্বক নিশ্চিত করা হয় এবং বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
আরও পড়ুন: ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের পরিকল্পনা করছে ইসি: সিইসি
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন