ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএসএফ মহাপরিচালকের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার


বিএসএফ মহাপরিচালকের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমার। তিনি সীমান্ত ব্যবস্থাপনা পর্যালোচনা করে চিহ্নিত অরক্ষিত এলাকায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বার্তায় বিএসএফ এই তথ্য জানায়।

কলকাতায় ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনে বিএসএফের সব ফ্রন্টিয়ারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক প্রবীণ কুমার। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণের ঝুলে থাকা মামলা, সীমান্ত বেড়া নির্মাণ এবং আন্ত সীমান্ত চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

বৈঠকে প্রবীণ কুমার সীমান্তের চিহ্নিত অরক্ষিত এলাকাগুলোতে বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখল ও অবৈধ অভিবাসনের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

বিএসএফ মহাপরিচালক আন্ত সীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

তিনি ২০২৯ সালের মধ্যে ‘নেশামুক্ত ভারত’ গড়ার সরকারি লক্ষ্য উল্লেখ করে বলেন, বিএসএফকে এই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তিনি বলেন, "এ ধরনের অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোকে নিষ্ক্রিয় ও নির্মূল করতে সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা ইতিবাচক ফল বয়ে আনবে।"

আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে দ্রুত সেবা, মাঠে ২৮ ব্যবসায়ীর হাতে চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে দ্রুত সেবা, মাঠে ২৮ ব্যবসায়ীর হাতে চেক হস্তান্তর

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি চেক বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ উপজেলার আটিবাজারে জরাজীর্ণ ও অপ্রশস্ত বেইলি সেতুর স্থানান্তরের আওতায় নতুন আরসিসি সেতু নির্মাণ প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যবসায়ীর হাতে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে চেক বিতরণ করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা যায়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। জেলা প্রশাসক, ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ শামীম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান।

 

অনুষ্ঠানে আমানউল্লাহ আমান ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক দ্রুত বিতরণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঠে এসে সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, "ক্ষতিপূরণের অর্থ পেতে মানুষকে যেন অযথা অফিসে ঘুরতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।"

জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে মানুষের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, তার মেয়াদে কেরানীগঞ্জে ২৭০টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে আটিবাজারের কাঠের পুলকে সাধারণ ব্রিজে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তিন মাসের মধ্যে সেই কাজ শুরু হয়েছিল।

তিনি বলেন, এবার নির্বাচনের আগে আটিবাজারের ব্রিজের এপ্রোচ রোড প্রশস্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনের ছয় মাসের মধ্যে সেই কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বিতরণ এ প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোহাম্মদ শামীম হুসাইন জানান, জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের নেতৃত্বে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। প্রকল্পের পরবর্তী পর্যায়েও জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণের চেক নিয়ম অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।

চেক গ্রহণকারী ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেতে আমাদের বারবার অফিসে যেতে হয়নি। জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে এসে সরাসরি চেক দিয়েছেন। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় টাকা পাওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।’

 

অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

আন্তর্জাতিক ডেস্ক

মো: গোলাম আজম

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ এই প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-২ শিরীন সুলতানা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবীউল্লাহ নবী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি কৃতী শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির চিত্র এবং এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, “প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এই এলাকায় বেশ কিছু সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সফল নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের গুণেই এলাকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করছে এবং দেশে-বিদেশে প্রশংসা কুড়াচ্ছে। তিনি সত্যিকার অর্থেই আমাদের দেশের এক অমূল্য সম্পদ।”

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিরীন সুলতানা এমপি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল করার আহ্বান জানান। সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবীউল্লাহ নবী প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি জানান, গভর্নিং বডি সবসময় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে গভর্নিং বডির অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিবেশবান্ধব গাছ, বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই উন্নয়নে শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেটের দাবি অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


টেকসই উন্নয়নে শক্তিশালী ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেটের দাবি অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল অর্থনীতির সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে অপরিহার্য হচ্ছে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ। শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিন্যান্সের সুবিধাগুলি সম্পূর্ণরূপে অর্জন করা সম্ভব নয়। ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট কর্মসূচির মাধ্যমে প্রান্তিক উৎপাদক ও কারিগরদের চিহ্নিত করে তাদের ডিজিটাল পেমেন্ট এবং ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একে অপরের পরিপূরক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রান্তিক জনগণের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূলধারায় তাদের সম্পৃক্ত করতে হবে রোবাস্ট ইন্টারনেট, এক সিটিজেন এক ওয়ালেট এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে। রোবাস্ট ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।

অর্থমন্ত্রী জানান, দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হচ্ছে এবং চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে, যা কৃষক ও সাধারণ মানুষের প্রযুক্তি ব্যবহারের পথকে সহজতর করেছে। তারা এখন আবহাওয়া, সারের মাত্রা কিংবা পণ্যের বাজারদর সহজেই জানতে পারছেন। এছাড়া ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, কিংবা ইমাম-পুরোহিতদের ভাতা ব্যাংকিং চালুর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আর্থিক অন্তর্ভুক্তিকরণ ঘটছে।

তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে উদ্ভাবন যেন থমকে না যায়, সে জন্য প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি ও নীতিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ
 
 
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভুমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে গুড়িয়ে দিলেও প্রশাসন নেইনি রহস্যজনক কারণে ব্যবস্থা। 
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখাযায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারী ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্বীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিস্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙ্গে নতুন ল্যাট্রিন করে দিবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙ্গেছে।
বানিবহ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙ্গে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙ্গার বিষয়ে বনিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 
বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙ্গে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙ্গেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কিনা জানি না।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।   
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%