ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

স্ত্রীর ক্যানসার জয়ী ব্লেয়ার টিকনারের নতুন জীবনবোধ


স্ত্রীর ক্যানসার জয়ী ব্লেয়ার টিকনারের নতুন জীবনবোধ

নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ক্যারিয়ারের শুরুতে পারফরম্যান্সের চাপ এবং প্রত্যাশার বেড়াজালে বন্দি থাকতেন, কিন্তু বর্তমানে তিনি আর সেভাবে ভাবেন না। স্ত্রীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ ও কঠিন লড়াই তার জীবনবোধকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। এখন তার কাছে ক্রিকেট শুধুমাত্র উপভোগের একটি মাধ্যম, এবং জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো পরিবার।

৩৩ বছর বয়সি এই পেসার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে তার জীবনের এই ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করেছেন। ২০২৪ সালের এপ্রিলে টিকনারের স্ত্রী সারাহর লিউকেমিয়া (রক্তের ক্যানসার) ধরা পড়ে। এরপর টানা আট মাস ধরে চলে তার জীবনযুদ্ধ। ওই বছরের বড়দিনের আগের দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সারাহ। বর্তমানে রোগটি প্রশমিত অবস্থায় রয়েছে। স্ত্রীর সেই কঠিন সময়টি টিকনারের জীবনের অন্যতম কঠিন অধ্যায় ছিল।

নিজের অনুভূতি প্রকাশ করে টিকনার বলেন, ‘আমার জীবনটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। পুরোটা সময়ে সারাহ ও আমার পরিবারকে পাশে পাওয়া অসাধারণ ব্যাপার। ক্যারিয়ারের শুরুতে আমি অনেক চাপ অনুভব করতাম। এরপর সারাহর ক্যানসারের চিকিৎসার কঠিন সময় এসেছে। আর এখন মনে হচ্ছে, জীবনের নতুন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি। জীবনে অনেক কিছুই ক্রিকেটের চেয়ে বড়। এই কঠিন সময় আমাকে সেই উপলব্ধিটাই দিয়েছে।’

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

তিনি আরো যোগ করেন, ‘আমি সব সময় মুখে হাসি নিয়ে খেলতে চেষ্টা করি। কারণ জীবনটা যে শুধু ক্রিকেট নয়, সেটা আমি বুঝেছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু দিন শেষে আমি যখন বাড়ি ফিরি, তখন আমার স্ত্রী ও মেয়েকে পাশে পাই। তাদের নিয়ে আমি ভীষণ সুখী এবং নিজেকে ভাগ্যবান মনে করি। তাই আমার কাছে ক্রিকেটের চেয়েও পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড দল খুব একটা ভালো করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে কিউইরা। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলে সমর্থকদের চমকে দেন টিকনার। মাত্র ২৩ বলে অপরাজিত ৩৪ রানের লড়াকু ইনিংস খেলার সঙ্গে শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে গড়েন মূল্যবান ৪১ রানের জুটি।

ব্যাটিংয়ে এমন দারুণ পারফরম্যান্সের পর রসিকতা করতেও ছাড়েননি এই পেসার। মজা করে নিজের ব্যাটিং অর্ডার আরো ওপরে তোলার ইচ্ছার কথা জানিয়ে টিকনার বলেন, ‘মাঠে নামার আগে কয়েকটি কথা হয়েছিল। গতবার এখানে ইংল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করেছিলাম। তাই ডাফিকে একটু খোঁচা দিয়েছি। ১০ নম্বরে উঠতে পারলে খুশি হব। তবে ধীরে ধীরে তিন নম্বরেও যেতে চাই।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের ম্যাচে বল হাতে ৪ উইকেট নেওয়ার সঙ্গে অপরাজিত ১৮ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে মাঠে আঙুল ফুটিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ

ভারতের বিপক্ষে আসন্ন দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের সহায়ক উইকেট চান টিকনার। তিনি আশা প্রকাশ করেন যে পিচ থেকে বোলাররা বাড়তি সুবিধা পাবে। টিকনারের ভাষায়, ‘বোলার হিসেবে আমি এমন উইকেটই চাই। ৪০০ রান তাড়া করে আরেকটি ৪০০ রানের ম্যাচ দেখতে চাই না। আশা করি, এবার বাড়তি বাউন্স থাকবে এবং পিচ থেকে বল কিছুটা নড়াচড়াও করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’, তিতাসের স্ত্রীর আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’, তিতাসের স্ত্রীর আহাজারি

‘মা, আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো।’ রেখা বেগমের ছেলে তিতাস শেখের সঙ্গে এটাই ছিল শেষ কথোপকথন। গত বুধবার রাতে কক্সবাজারের টেকনাফে কর্মরত সেনাসদস্যের সঙ্গে কথা বলার সময় এই কথাগুলো বলেছিলেন তিনি। এখন সেই স্মৃতি রেখা বেগমকে তাড়া করে ফিরছে। সন্তানের শোকে তিনি পাগলপ্রায় হয়ে উঠেছেন। তিতাসের স্ত্রী সুমাইয়া আক্তারও স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ অবস্থায় আছেন। একইভাবে বাবাও আফজাল শেখের চোখে অশ্রু ঝরছে অবিরাম।

শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, তিতাসের স্বজনদের কান্না-আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাঁদের শোক প্রতিবেশী ও সহকর্মীদেরও ছুঁয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড়ে অভিযানে অংশগ্রহণ করেন তিতাস। সেখানে মানব পাচারকারীদের গুলিতে তিনি নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এই অভিযানের সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লস্করদিয়া গ্রামের আফজাল শেখের তিন ছেলেমেয়ের মধ্যে সবার বড় তিতাস। তাঁর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ছোট ভাই আকাশ শেখও সেনাবাহিনীতে কর্মরত আছেন। স্বজনদের কাছ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিতাস। তিনি ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটি কাটিয়ে গত ২৮ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরেন তিনি।

চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারকে বিয়ে করেন তিতাস। তাঁদের কোনো সন্তান নেই। আগামী ডিসেম্বরে স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু একটি গুলিতে থেমে গেল তিতাসের পথচলা।

স্বামীকে হারিয়ে দীর্ঘ সময় কথাই বলতে পারেননি সুমাইয়া। তাঁকে থেমে থেমে বিলাপ করতে শোনা যায়। তিনি বলছিলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

সন্তানের শোকে পাগলপ্রায় মা রেখা বেগমও। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে শেষ কথোপকথন হয় তাঁর। তিতাস বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো, মা।’ ছেলের এই কথাই যে শেষ কথা হয়ে থাকবে, তা তিনি কখনো ভাবেননি। এ কথা বলতে গিয়ে তিনি বিলাপ শুরু করেন।

শুক্রবার বিকেল ৪টা ৪১ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিতাসের মরদেহ নগরকান্দা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহ গ্রহণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে তা নেওয়া হয় লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে।

মাগরিবের নামাজের পর সেখানে তিতাসের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। সন্ধ্যা পৌনে সাতটায় লস্করদিয়া পশ্চিমপাড়া কবরস্থানে দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্য তিতাসকে শেষ বিদায় জানান।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার। ভাগনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে আর কারও সন্তানকে এভাবে প্রাণ দিতে হবে না। কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।’

এ ছাড়া বক্তব্য দেন রঙ্গীখালী আর্মি ক্যাম্পের ১ বীর ইউনিটের ক্যাপ্টেন সাজিদ, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামদানি রাসুল আযাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটালেন ক্রিস লিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটালেন ক্রিস লিন

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ক্রিস লিন এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন, যেটি ডোপ টেস্টে নিষিদ্ধ মাদক ‘কোকেন’ সেবনের প্রমাণ মেলার পর কার্যকর হয়েছিল। এই তথ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন তদারকি সংস্থা 'ক্রিকেট রেগুলেটর'-এর প্রকাশ করা নথিতে উঠে এসেছে।

ঘটনাটি ঘটে গত জুলাই মাসে। ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডে-তে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার পর লিনের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ফ্রান্সের বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করা হলে কোকেনের মেটাবোলাইট ‘বেনজোইলেকগোনিন’-এর উপস্থিতি ধরা পড়ে।

ঘটনার পরপরই লিনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পরে ক্রিকেট রেগুলেটরের কাছে নিজের ভুল স্বীকার করেন। তিনি জানান, ১৫ জুলাই রাত থেকে ১৬ জুলাই ভোরের মধ্যবর্তী সময়ে তিনি কোকেন সেবন করেছিলেন। ডোপিং আইন ভঙ্গের কারণে শাস্তি পাওয়ার পর তিনি প্রয়োজনীয় পুনর্বাসন ও নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা শেষ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫০৪ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫০৪ রান

জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছে। অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর ১৩১ রান এবং অধিনায়ক ব্রায়ান বেনেট ১২৮ রান করে দলের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়া, ওয়েসলি মাদেভেরে ৫৪ রান, বেন কুরান ৪২ রান এবং ওপেনার ইনোসেন্ট কাইয়া ও গ্রেম ক্রেমার উভয়েই ৩৪ রান সংগ্রহ করেন। ফলে, জিম্বাবুয়ীয় দল ১৩৪.৩ ওভারে ৫০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। আফগান বোলিং আক্রমণে মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ ৩টি করে উইকেট নেন এবং জিয়া-উর-রহমান ২টি উইকেট শিকার করেন।

শারজায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিশাল সংগ্রহের জবাবে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান দৃঢ়তা প্রদর্শন করছে। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। তারা এখনও প্রথম ইনিংসের হিসেবে জিম্বাবুয়ের থেকে ৩৯১ রানে পিছিয়ে রয়েছে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ওপেনার আব্দুল মালিক ২ রান করে নিয়ামহুরির কাছে আউট হন। তবে, সেই ধাক্কা কাটিয়ে দলের হাল ধরেন সেদিকউল্লাহ অটল ও রহমানুল্লাহ। দিন শেষে, দুজনেই দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন। সেদিকউল্লাহ অটল ৫৫ রান এবং রহমানুল্লাহ ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন।

ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ীয় বোলিং আক্রমণ সামলে আফগানিস্তান তাদের ইনিংসকে কতদূর এগিয়ে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৫০৪/১০, ১৩৪.৩ ওভার

(টেলর ১৩১, বেনেট ১২৮, মাদেভেরে ৫৪, সিগা ৪৪; সেলিম ৩/৮২, কায়েস ৩/১২০)।

আফগানিস্তান প্রথম ইনিংস: ১১৩/১, ৩৫ ওভার

(অটল ৫৫*, রহমানুল্লাহ ৫০*, নিয়ামহুরি ১/১০)।

* আফগানিস্তান প্রথম ইনিংসে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে।

* দ্বিতীয় দিন শেষে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে পর্যটকের ঢল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায়ও ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


সেন্টমার্টিনে পর্যটকের ঢল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেঁড়াদিয়ায়ও ভিড়

দীর্ঘ ১০ মাস পর প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক পরিবহনে যাত্রী গণনা এবং পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যানিং হচ্ছে না। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পর্যটকরা ছেঁড়াদিয়ায় যাচ্ছেন।

শুক্রবার দ্বিতীয় দিনে এমভি বারো আউলিয়ার পাশাপাশি এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামে দুটি জাহাজ চলাচল করেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন তিনটি জাহাজে ১ হাজার ৬১২ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন। অন্যদিকে বিআইডব্লিউটিএর হিসাব অনুযায়ী, এ সংখ্যা ১ হাজার ৫৩০ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ হাজার ৫৫৪ জন।

শুক্রবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাটে দায়িত্ব পালনকালে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল লতিফ জনী সমকালকে জানান, ‘আমাদের হিসাবমতে, শুক্রবার ১ হাজার ৬১২ জন পর্যটক সেন্টমার্টিন গেছেন।’ তিনি আরও বলেন, ‘ট্যুরিজম বোর্ডের ট্রাভেল পাসের কিউআর কোড জাহাজে ওঠার সময় স্ক্যান না করায় ম্যানুয়াল পদ্ধতিতে পর্যটক গণনা করা কঠিন। তাই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান করার জন্য মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে। আশা করি, শিগগিরই এটি বাস্তবায়ন হবে।’

পর্যটকবাহী জাহাজ চলাচল এবং যাত্রী যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ তদারকি কমিটির আহ্বায়ক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার সমকালকে জানান, সেন্টমার্টিনের বিষয়ে সরকারের একাধিক নির্দেশনা পরিবর্তন হয়েছে। তবে তদারকি কমিটির বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসেনি।

বিশেষ তদারকি কমিটির পূর্বের সিদ্ধান্ত বর্তমানে বহাল আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘সেন্টমার্টিন বিষয়ে আমরা সবাই সমন্বিতভাবে কাজ করছি।’ শুক্রবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।

যাতায়াত-নিষিদ্ধ এলাকায় পর্যটক

সেন্টমার্টিন দ্বীপের আয়তন আট বর্গকিলোমিটার। বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপটির দক্ষিণে প্রতিবেশগত সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপ রয়েছে। সেখানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে দিনে শত শত পর্যটক ঘুরতে যাচ্ছেন।

শুক্রবার সকাল ১০টায় ছেঁড়াদিয়ায় গিয়ে দেখা গেছে, পর্যটকরা দ্বীপের বিভিন্ন স্থানে ঘুরছেন। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের স্তূপে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করছেন।

দ্বীপে পর্যটকদের যেসব বিধিনিষেধ মানতে হবে

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বীপে বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। একই সঙ্গে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি হয়– এমন কার্যক্রমও নিষিদ্ধ।

প্রাণচাঞ্চল্য সেন্টমার্টিন দ্বীপে

দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসছেন। প্রথমবার সমুদ্র দেখতে এসে উচ্ছ্বসিত তামান্না রহমান বলেন, ‘জীবনে প্রথমবার সমুদ্র দেখতে এসেছি। সেন্টমার্টিনের মতো সুন্দর একটি জায়গায় আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। তার ওপর প্রথমবার দ্বীপে এসে ফুল উপহার পেয়ে আনন্দটা যেন আরও বেড়ে গেছে।’

ফারাহ খানম নামে আরেকজন বলেন, ‘এখানকার নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই অসাধারণ। এই সুন্দর পরিবেশে অনেক ছবি তোলার ইচ্ছা আছে। বিশেষ করে সেন্টমার্টিনে বেশি বেশি ছবি তুলব, যাতে এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি।’

সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত উল্লাহ জানান, পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন এবং নির্বিঘ্নে দ্বীপে চলাফেরা করতে পারেন, সে বিষয়ে তারা নজরদারি করছেন। পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%