ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে ব্রি-৭৫ জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু


দিনাজপুরে ব্রি-৭৫ জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু

দিনাজপুর, ৭ অক্টোবর, ২০২৬ : জেলার কৃষি বিভাগের উদীয়মান গবেষকদের উদ্ভাবিত অধিক ফলনশীল ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন। তিনি উল্লেখ করেন, দেশের কৃষি বিভাগের আধুনিক গবেষণায় গবেষকরা অধিক ফলনশীল ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান উদ্ভাবন করেছেন।

তিনি জানান, গত বছর এই জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছিল। নমুনা ধান চাষে গত বছর অধিক ফলন উৎপাদন করা সম্ভব হয়েছিল। চলতি বছর, দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত জেলার ১৩টি উপজেলাতে বেশ কিছু সংখ্যক কৃষকদের ধান বীজ প্রদানের ফলে আগাম জাতের আমন ধান চাষ করা হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান আজ সকালে জেলার বীরগঞ্জ উপজেলার ঝারবাড়ি গ্রামে কৃষক মো. রশিদুল ইসলামের জমির আমন ধান কাটা শুরু হয়। একইদিন একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার গ্রামের জ্যোতিষ রায়ের জমিতে ‘ব্রি-৭৫- জাতের আমন ধান কাটা শুরু হয়। তিনি বলেন, কৃষি প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে দেশে কৃষি বিভাগের আধুনিক ও উদীয়মান গবেষকরা আবিষ্কার করেছেন অধিক ফলনশীল ও স্বল্প মেয়াদি আগাম জাতের আমন ধান। বাঙালির নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসে হলেও, আশ্বিন মাসে জেলার বীরগঞ্জ উপজেলায় স্বল্প মেয়াদি আমন ধানের নমুনা শস্য কাটা-মাড়াই কার্যক্রম এখন শুরু হয়েছে।

আগাম জাতের আমন ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসান প্রমাণিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দার আলী, নিজপাড়া ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মুক্তার আলীসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধান কাটা কার্যক্রমে অংশ নিয়েছেন।

জেলার বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বাসস’কে জানান, আজ একই উপজেলার দু’টি গ্রামের দু’জন কৃষকের অর্জিত আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই উদ্বোধনের মধ্যদিয়ে ধান কাটা শুরু করা হলো। চলতি বছর এই উপজেলায় আগাম জাতের হাইব্রিড ধান প্রায় সাড়ে ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এরমধ্যে আগাম বিনা-১৭, ব্রি-৭৫ ও ব্রি-৮৭ জাতের আমন ধানের আবাদ করা হয়। এই ধান লাগানোর পর ১১০ থেকে ১১২ দিনের মধ্যেই কাটা যায়। আগামী এক মাসের মধ্যে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শেষ হয়ে যাবে। এই ধানের ফলন প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন থেকে ৫ দশমিক ২৪ মেট্রিক টন ফলন উৎপাদন হয়। এই আগাম জাতের ধান কেটে ওই জমিতে কৃষকরা সহজেই রবি ফসল চাষ করতে পারবেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

কৃষকরা ধান কাটার পর ওই জমি প্রস্তুত করে পুনরায় রবি মৌসুমের আলু, সরিষা, ভুট্টা ও গম আবাদ করতে প্রস্তুতি নিবেন। এখন কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কৃষকরা দুই ফসলি জমিতে ৩টি ফসল চাষ করতে খুব সহজেই সক্ষম হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রত্যাশার চেয়ে বেশি কমে ৩.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রত্যাশার চেয়ে বেশি কমে ৩.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেপ্টেম্বরে প্রত্যাশার চেয়ে বেশি হ্রাস পেয়েছে। বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, এই হ্রাসের প্রধান কারণ হলো, ডলারের মূল্য আবারও শক্তিশালী হয়ে উঠেছে।

গত মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ দশমিক ৪০০ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের মাস আগস্টে এই রিজার্ভ ছিল ৩ দশমিক ৪৩৮ ট্রিলিয়ন ডলার। রয়টার্সের একটি জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন যে, সেপ্টেম্বরে রিজার্ভ ৩ দশমিক ৪২০ ট্রিলিয়ন ডলারে নামতে পারে।

সেপ্টেম্বরে ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মূল্য ০ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, বিশ্বের প্রধান মুদ্রাগুলোর একটি ঝুড়ির বিপরীতে ডলারের মূল্য ২ দশমিক ০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ছেড়ে স্বাধীন যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


যুক্তরাষ্ট্র ছেড়ে স্বাধীন যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

জীবনের আটটি গুরুত্বপূর্ণ বছর সন্তানের সুরক্ষায় এক জায়গায় স্থির ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সাথে অভিভাবকত্ব চুক্তির কারণে এবং সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার অপেক্ষায় এতদিন যুক্তরাষ্ট্রের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা তিনি গোপন রেখেছিলেন। সম্প্রতি কনিষ্ঠ যমজ সন্তান নক্স ও ভিভিয়েন ১৮ বছরে পা দেওয়ায় আইনি সেই বাঁধন কেটেছে। বহু বছরের আটকে থাকা স্বাধীন জীবন এবং বিশ্ব ভ্রমণের স্বপ্ন এখন তার সামনে উন্মুক্ত হয়ে গেছে।

তবে জীবনের এই নতুন মোড়ে এসে জোলিকে এক বড় শূন্যতার মুখোমুখি হতে হচ্ছে। যে ছয় সন্তানকে ঘিরে তার এতদিনের পুরো পৃথিবী গড়ে উঠেছিল, তারা কেউ এই সফরে মায়ের সঙ্গী হচ্ছেন না। নক্স, ভিভিয়েন ও শাইলো লস অ্যাঞ্জেলেসের পরিচিত পরিবেশে থাকবেন। অন্যদিকে বড় তিন সন্তান—ম্যাডক্স, প্যাক্স ও জাহারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছেন। সন্তানরা নিজেদের মতো বড় হচ্ছে দেখে মা হিসেবে জোলি স্বস্তি পাচ্ছেন, কিন্তু এতদিনের ভরা সংসার পেছনে ফেলে একা পাড়ি জমানোর প্রস্তুতি তার জন্য আবেগঘন হয়ে উঠেছে।

বিশ্বভ্রমণে বের হলেও জোলি কোনো নির্দিষ্ট জায়গায় নিজেকে বেঁধে রাখতে চান না। তার ভাষায়, জীবনের এই সময়ে তিনি কিছুদিন ‘যাযাবর’ হিসেবে কাটাতে ইচ্ছুক। শুধুমাত্র পারিবারিক ছবি ও স্মৃতি সংরক্ষণের জন্য একটি স্থায়ী বাড়ি থাকবে, আর বাকি সময়টা কাটবে ঘুরে বেড়াতে। কম্বোডিয়ায় তার নিজস্ব বাড়িটি স্থানীয় খেমার সংস্কৃতির শিল্পীদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।

মায়ের এই সিদ্ধান্তকে সন্তানরা পূর্ণ সমর্থন জানালেও, জোলির ঝুঁকিপূর্ণ শখ ও সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করার প্রবণতা নিয়ে তারা চিন্তিত। মোটরসাইকেল চালানো, বিমান উড়ানো বা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের বিষয়ে তারা মাকে বাধা না দিলেও, নিরাপত্তার সুরক্ষাকবচ মেনে চলার অঙ্গীকার আদায় করে নিয়েছে। সব দায়িত্ব সামলে এক মা এবার নিজের জন্য বাঁচতে বের হচ্ছেন—আনন্দ ও উদ্বেগের মিশ্র অনুভূতি নিয়ে সেই নতুন অধ্যায়ের সূচনা করছেন জোলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১৭৩। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। কুয়ালালামপুরের বায়ুমান স্কোর ২১০, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার স্কোর ১৭৬। তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চতুর্থ স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৫। তালিকার পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য হয়।

যদি স্কোর ৫১ থেকে ১০০ হয়, তবে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল
 
 
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালের দিকে ভবনের ভেতরে ফার্নিচার কারখানায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।
 
আগুনে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী নাট্যশালার (পরে ঝলমল সিনেমা হল) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ভবনের ভেতরে একটি আসবাবপত্র নির্মাণ কারখানা, একটি গ্যাস সিলিন্ডারের গোডাউন ও সামনের ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুড়ে গেছে।
 
দীর্ঘদিন ধরে সিনেমা হলটি বন্ধ হয়ে আছে। বর্তমানে এতে একটি ফার্নিচার কারখানা ও গ্যাস সিলিন্ডারের গোডাউন রয়েছে।
 
কারখানার মালিক ভুট্টো জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর তিনি জানতে পেরেছেন। আগুনে তার এক কোটি টাকার বেশি কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
 
তানভীর এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানিয়েছেন, গত রাতে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি চালান এসেছে, সবগুলো গোডাউনে রেখেছিলেন, আগুনে সবকিছু পুড়ে গেছে, এতে তিনি প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।
 
ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া জানান, সিনেমা হলের মূল ভবনের সামনে তাদের কার্যালয়। আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
 
গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান সাংবাদিকদের জানান, ঝলমল সিনেমা হলটি রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য লিজ দিয়েছিল সরকার। বর্তমানে কারা কোন অবস্থায় ব্যবহার করছে ও আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%