১২:১৮ পি.এম
ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ১৭৩। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। কুয়ালালামপুরের বায়ুমান স্কোর ২১০, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার স্কোর ১৭৬। তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চতুর্থ স্থানে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৫। তালিকার পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য হয়।
আরও পড়ুন: রাজধানীর হকারদের নিবন্ধনের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক
যদি স্কোর ৫১ থেকে ১০০ হয়, তবে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬ জনে দাঁড়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন