০৬:৪১ পি.এম
ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি দ্রুত পৌঁছায়। সেখানে বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছেন। কিছু লোক খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যদিকে, অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছেন।
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ৫ জন নিহত
ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করার জন্য রাস্তা খালি রাখার আহ্বান জানানো হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সবাইকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং করা বা ভিড় না করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনার মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এর এক মাসের মধ্যে ফের বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: মঙ্গলে নাসার ওডিসির দুই দশকের সাফল্য ও নতুন তথ্যের উন্মোচন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন