১০:১১ পি.এম
১৬ জুন, ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও নৌকাপথে এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এটি ঘটেছে সোমবার (১৫ জুন) দিবাগত রাত পৌণে ১১টার সময়। রাধানগর ইউনিয়নের ওই সীমান্তের ২২৫/৩ আর পিলারের নিকট দিয়ে ওই নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্থানীয়দের সহায়তায় ঠেলে পাঠানো তা প্রতিহত করেছে। পরে দেখা যায়, ওই নারী ভারতীয় শূন্যলাইনে অবস্থান করছিলেন। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সোমবার দিবাগত পৌণে ১১ টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। এসময় ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুই দেশের সীমান্ত পিলার ২২৫/৩ কাছ দিয়ে নৌকা পথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছিলেন। ওই সময় বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। পরে বিজিবির বিওপির সদস্যরা ওই নারীকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করেন।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
এদিকে গত ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্তে ১৮ জন এবং ১২ জুন দিবাগত রাতে রোকনপুর সীমান্তে ১৫ জনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৩৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিজিবির প্রতিহতের ফলে সেগুলো ব্যর্থ হয়। এরপর তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন