১১:৩৫ পি.এম
কুমিল্লা সদর আসনের সাবেক এমপি ও পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ কারণে তার বিচার দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহের কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে, কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শুরু হয় নগরীর দলীয় কার্যালয় থেকে এবং পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের প্রতিকৃতিতে আগুন দেওয়া হয় এবং জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক ধীমান এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তাদের বক্তব্যে অভিযোগ করা হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহার প্রধানমন্ত্রীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা
বক্তারা আরো বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কোনো বক্তব্য জনগণ মেনে নেবে না। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ৬ জুন ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে বাহাউদ্দিন বাহার কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাবি করেছেন, তার বাসভবনে অগ্নিসংযোগকারীদের একটি তালিকা আছে এবং উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, তিনি তার নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন