মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
০৬:৫৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফাজিল (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। প্রথমে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় স্থানান্তরের সিদ্ধান্ত দেওয়া হলেও পরে তা পরিবর্তন করে পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় নতুন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনায় কেন্দ্র পরিবর্তনের পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় নথিপত্র হস্তান্তরের কথাও বলা হয়েছে। এর মধ্যে পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য কাগজপত্র এবং আয়-ব্যয়ের হিসাব রয়েছে। এসব নথি ৪ নভেম্বরের মধ্যে নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার স্মারক এবং সংশ্লিষ্ট আবেদনের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
এদিকে, অল্প সময়ের ব্যবধানে একাধিকবার পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। পরীক্ষার মাঝপথে কেন্দ্র পরিবর্তনের কারণে দূরত্ব, যাতায়াত ও সময় ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ৫ নভেম্বর থেকে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেপ্তারদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে সীমান্ত পারাপারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫)। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে এসআরবি-৯।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর ৩০টি খাল এবং ১০টি পুকুর পুণঃখনন ও সংস্কারসহ ১৯টি ঘাটলা নির্মাণের উদ্যোগে সৌন্দর্য বর্ধন করে পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ৭৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের অনুমোদনে নগরবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বর্তমান সরকারের গত প্রায় ৯ মাসে বরিশালবাসীর জন্য এটি প্রথম কোন সুসংবাদ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বরিশালের সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন প্রকল্পটির অনুমোদনে তারেক রহমানের প্রতি বরিশাল নগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ‘প্রাচ্যের ভেনিস বরিশাল’র ঐতিহ্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্মরণ করেন। তিনি প্রকল্পটির কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিক উদ্বোধনে সরকার প্রধানকে আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন।
বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটি-একনেক’র সভায় ‘বরিশাল সিটি করপোরেশন’র বিভিন্ন খাল সমুহের পাড় সংরক্ষণসহ পুনঃরুদ্ধার ও পুনঃখনন প্রকল্প’টির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের শর্ত অনুযায়ী প্রায় ৭৩০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ৯০ ভাগ অর্থায়ন করবে সরকার। অবশিষ্ট ৭৩ কোটি টাকা সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করতে হবে বলে জানা গেছে।
এই প্রকল্পের আওতায় বরিশাল মহানগরীর ৩০টি খাল খনন ও পুনঃখননের পাশাপাশি সৌন্দর্য বর্ধনসহ পূর্ণাঙ্গ প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১০টি খালের দুপাশে ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষ রোপণসহ নান্দনিক বিজলী বাতি স্থাপন করা হবে। প্রতিটি খালে পাশের কীর্তনখোলা নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কথাও রয়েছে।
একই প্রকল্পের আওতায় নগরীর ১০টি পুকুর ও লেক পুনঃখনন এবং সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা রয়েছে। এসব পুকুর ও লেকের প্রয়োজনীয় সংস্কারসহ পাড় সংরক্ষণ এবং বৃক্ষরোপণসহ টেকসই ও নান্দনিক বিজলী বাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে, প্রকল্পের আওতায় সম্ভাব্য স্থানগুলোতে বিজলীবাতির পরিবর্তে সৌরবাতি স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
প্রকল্পের আওতায় নগরীর নবগ্রাম রোড-চৌমহনী লেক ও গোল পুকুর ছাড়াও ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমির পাশের পুকুর, গড়িয়ার পারের ত্রিকোণ পুকুর ও আমনতগঞ্জ পুকুরসহ সংস্কারবিহীন জনগুরুত্বপূর্ণ পুকুরগুলো রয়েছে।
এছাড়া, প্রকল্পের আওতায় নগরীর বিশেষ জনগুরুত্বপূর্ণ স্থানের পুকুরগুলোতে ১৯টি ঘাটলাও নির্মিত হবে। বাংলার অতীত ঐতিহ্যের সাথে মিল রেখে গণমুখী ব্যবহারের লক্ষ্যে এসব বিশেষ বৈশিষ্টমণ্ডিত ঘাটলা নির্মাণের কথা জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির।
এছাড়া, একই প্রকল্পের আওতায় নগরীর ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণসহ পরিপূর্ণ সংস্কার করা হবে বলেও জানা গেছে। এসব ড্রেন সংস্কার ও পরিচালনক্ষম হলে বরিশাল মহানগরীর পয়ঃনিস্কাশন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন নগর পরিকল্পনাবিদসহ।
এটি বরিশাল মহানগরীর জন্য সাম্প্রতিককালে একটি অন্যতম বৃহৎ প্রকল্প। ২০০২ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর ২০০৫-০৬ অর্থ বছরে এ মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২শ কোটি টাকার একটি প্রকল্পের পর ২০২৩ সালের নভেম্বরে ৭৮০ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। বর্তমান সরকারের আমলে নতুন এ প্রকল্পটি নগরবাসীর মনে আশার আলো দেখাচ্ছে।
এ বিষয়ে নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বুধবার বিকেল ইনকিলাব’কে জানান, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ প্রকল্পটি অনুমোদনের জন্য। তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরিশালকে তার নিজের জেলা মনে করতেন। তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া বরিশালের উন্নয়নে পরিপূর্ণ আন্তরিক ছিলেন। তার হাত দিয়েই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন, বিমান বন্দরসহ সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। আজ জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি বরিশালের উন্নয়নে তার আন্তরিকতার ছাপ রাখলেন। বরিশাল মহানগরীর উন্নয়নে প্রকল্পটি অনুমোদনে নগর প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার আমলে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ