০৮:১৩ পি.এম
রংপুর রেঞ্জে অক্টোবর মাসে ২৪টি হত্যার ঘটনা, ৬৪টি ধর্ষণ এবং চারটি গণধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। ৮ জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মামলার তদন্তের মানোন্নয়ন, পলাতক আসামি গ্রেপ্তার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রংপুর রেঞ্জে মোট ১ হাজার ৬৭৭টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ২৪টি খুন, একটি ডাকাতি, তিনটি দস্যুতা, ১৩টি অপহরণ, ১৬১টি নারী নির্যাতন, ৬৪টি ধর্ষণ, চারটি গণধর্ষণ এবং ৯৯টি চুরির ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় মাদকদ্রব্য-সংক্রান্ত ৫৬৭টি মামলা রুজু হয়েছে। পুলিশ মাসটিতে ১ হাজার ৬৫২টি মামলা নিষ্পত্তি করেছে।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলেও বড় ধরনের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবরের শুরুতে রংপুর রেঞ্জে ৩৪ হাজার ৪০৬টি জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানা অনিষ্পন্ন ছিল। মাসে নতুন করে ৫ হাজার ৬৩৬টি পরোয়ানা যুক্ত হওয়ার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ১৯৫টি। ফলে মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৪৭টিতে।
এদিকে, সড়ক দুর্ঘটনার চিত্রও উদ্বেগজনক। অক্টোবর মাসে রংপুর রেঞ্জে ৪৭টি দুর্ঘটনায় ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলা পুলিশের অধীনে ৩১টি এবং হাইওয়ে পুলিশের অধীনে ১৬টি মামলা দায়ের হয়েছে। সবচেয়ে বেশি ১৪টি দুর্ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও জেলায়।
এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮৯৭টি প্রসিকিউশন করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯৭৫ টাকা। হারানো মোবাইল ফোন উদ্ধারে ১ হাজার ৭৫১টি জিডি ও মামলার বিপরীতে উদ্ধার হয়েছে ৩৪৩টি ফোন।
আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।
সভায় ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ তদন্তকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন যাতে প্রতিটি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা হয়। তিনি মাঠপর্যায়ে সক্রিয় থেকে অপরাধ দমন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি বেসিক কম্পিউটার ও ইংরেজি ভাষা শিক্ষার কোর্স চালুর উদ্যোগ নিতেও নির্দেশনা দেন তিনি।
সভায় অক্টোবর মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন