ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ডেপুটি স্পিকারের সঙ্গে রুনা খানের সাক্ষাৎ, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা


ডেপুটি স্পিকারের সঙ্গে রুনা খানের সাক্ষাৎ, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রুনা খানকে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের একজন নাগরিকের এ ধরনের অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে সমগ্র জাতির জন্য গৌরবের বিষয়। মানবকল্যাণ, সমাজের উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে নিবেদিত ব্যক্তিদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

এ সময় তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগণের জীবনমান উন্নয়নে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার রুনা খানকে উদ্দেশ্য করে বলেন, "আপনি আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ।"

মতবিনিময়কালে ডেপুটি স্পিকার তার নিজ জেলা নেত্রকোণার মানুষের আর্থসামাজিক অবস্থা এবং বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।" দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি স্যাটেলাইট হাসপাতাল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জরুরি রোগী পরিবহন, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নৌ-অ্যাম্বুলেন্স বা ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

ডেপুটি স্পিকার আরও বলেন, "জীবিকার তাগিদে হাওরাঞ্চলের অনেক মানুষ নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে রিকশা চালানোসহ নানা পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন।" অথচ একসময় এ হাওরাঞ্চল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। পরিকল্পিত উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বর্তমানে এ অঞ্চলের বিপুল সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

হাওরের জলমহাল ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, "অনেক ক্ষেত্রে সমাজের বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিরা জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করছেন।" অথচ প্রকৃত জেলেদের জীবিকা ও অধিকার সুরক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জলমহাল ব্যবস্থাপনায় সাধারণ জেলে ও স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হলে তাদের জীবিকার সুযোগ বাড়বে এবং স্থানীয় মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, "অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রতিদিন দুই থেকে তিন মাইল পথ পাড়ি দিতে হয়।" দুর্গম যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ডেপুটি স্পিকার বলেন, হাওরাঞ্চলের রয়েছে বিপুল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা। মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটনকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। এ জন্য হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তার মতে, হাওরকে শুধু একটি ভৌগোলিক অঞ্চল হিসেবে বিবেচনা না করে জাতীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হিসেবে দেখতে হবে।

আরও পড়ুন: ১৫০ ভরি স্বর্ণের বিরোধে যুবদল নেতা সাকের খুন : পুলিশ

ডেপুটি স্পিকার নেত্রকোণার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পিকারের আন্তরিক উদ্যোগ ও ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, "সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।" বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

রুনা খান নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তার প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ’-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রেন্ডশিপ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারের আগুনে নিহত নাবিলার স্মরণে জবিতে শোক ও দোয়া মাহফিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শিল্পের সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থ: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


পোশাক শিল্পের সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, পোশাক শিল্পে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান, তা স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। এটি মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী অপচেষ্টা।

বুধবার, মন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই। কিন্তু একটি মহল শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির জন্য চক্রান্ত করছে। এই বিশৃঙ্খলা ও সহিংসতার সাথে সাধারণ শ্রমিকরা যুক্ত নয়; বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি অনাকাক্সিক্ষত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তদন্তে প্রমাণিত হয়েছে যে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ের কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী এর পেছনে রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে। পাশাপাশি, মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছে। সরকার এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশনা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকারের পক্ষ থেকে যথেষ্ট আগে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধি নাম প্রদানে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হলেও, নাম প্রাপ্তির পরপরই মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং ইতোমধ্যেই এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ১লা জানুয়ারি (২০২৭) থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব এবং শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সাথে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথেও বিশদ আলোচনা হয়েছে। উভয় পক্ষই একমত হয়ে স্বীকার করেছেন যে, এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সাথে এই অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই "প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ" না করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উস্কানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তিনি আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

গণফোরামের ইমেরিটাস সভাপতি ও সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত এবং এটি অবমূল্যায়নের কোনো সুযোগ নেই।

তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের সংবিধানের প্রতিটি অনুচ্ছেদে গণতান্ত্রিক চেতনার প্রতিফলন বিদ্যমান। তিনি বলেন, "জনআকাঙ্ক্ষার প্রয়োজনে সময়ের সঙ্গে সংবিধান সংশোধন হতে পারে। তবে জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত এই পবিত্র সংবিধানকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।"

বুধবার সংবিধান দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান তার লিখিত বক্তব্যটি পাঠ করেন।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান জনমত ও জনআকাঙ্ক্ষার দলিল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা, শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা। ১৯৭২ সালের সংবিধানের প্রতিটি অনুচ্ছেদে সেই চেতনার প্রতিফলন রয়েছে। তিনি আরও বলেন, "সময় বিবর্তনে জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন হতে পারে। কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত এই সংবিধানকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নেই।"

তিনি বলেন, সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভক্ত করা অনাকাঙ্ক্ষিত। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি সাম্প্রদায়িক রাজনীতির অবসান, দুর্নীতি নিয়ন্ত্রণ, মাদকসন্ত্রাস উচ্ছেদ এবং সন্ত্রাস নির্মূল করে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে দেশে হতাশা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে।

ড. কামাল হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে এমন একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এ লক্ষ্যে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জন-আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই সংবিধান। তিনি উল্লেখ করেন, "সময় প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।" দেশের বর্তমান জনসংখ্যা ও বাস্তবতা বিবেচনায় সংবিধানে পরিবর্তন আনা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

সংবিধান সংশোধন কমিটিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই বাস্তবায়িত হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের সংবিধান অল্প সময়ে প্রণীত হওয়া দেশের জন্য গর্বের বিষয়। তবে তিনি সতর্ক করেন যে, সংবিধানের মধ্যে থাকা ফ্যাসিবাদী উপাদান দূর করতে না পারলে জাতিকে ফ্যাসিবাদমুক্ত করা সম্ভব হবে না। তিনি বলেন, "সংবিধান সংশোধন নাকি সংস্কার—এই বিতর্কের কারণে জাতি বিভক্ত হয়ে পড়েছে।"

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের জয়লাভে ট্রাম্পের প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ডেমোক্র্যাটদের জয়লাভে ট্রাম্পের প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। এর ফলে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি অংশে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকবে। এই পরিস্থিতিতে, আইন প্রণয়ন ও সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে ডেমোক্র্যাটদের বিরোধিতার সম্মুখীন হতে হতে পারে।

ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম

ট্রাম্প স্বীকার করেছেন যে, মধ্যবর্তী নির্বাচনে তাদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব ছিল। তিনি ফক্স নিউজকে বলেছেন, গ্যাসের উচ্চমূল্য রিপাবলিকান পার্টির জন্য ক্ষতিকর হয়েছে এবং যখন জনগণকে জ্বালানির জন্য বেশি অর্থ ব্যয় করতে হয়েছে, তখন তারা তা ‘পছন্দ করেনি।’

একটি গুরুত্বপূর্ণ ভোটার জরিপে দেখা গেছে, অর্থনীতি ছিল ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়। নিউইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত। তবে তিনি যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে অংশগ্রহণকে ‘খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ হিসেবে বিবেচনা করেন।

‘আমি ব্যালটে ছিলাম না’

ট্রুথ সোশ্যাল এবং বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বারবার বলেছেন, যদি ব্যালটে তার নাম থাকতো, তাহলে রিপাবলিকানরা জয়ী হতো। নিউইয়র্ক টাইমসকে তিনি জানান, ‘আমি নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলাম না এবং আমার অনুপস্থিতির কারণেই আমরা যথেষ্ট মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারিনি।’

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে, কিছু রিপাবলিকান প্রার্থী ‘আরো ভালো হতে পারতেন’, যাদের মধ্যে কয়েকজন হেরে যাওয়া প্রার্থীও ছিলেন, যাদের তিনি নিজে সমর্থন দিয়েছিলেন।

‘ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে’

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন যে, ডেমোক্র্যাটরা ‘ভালো কাজ করেছে।’ তিনি আরও জানান, রিপাবলিকানরা ‘বিশাল বিশাল জনসভা’ করার পরেও ডেমোক্রেটদের এই ফলাফলে তিনি ‘কিছুটা অবাক’ হয়েছেন।

ডেমোক্র্যাটদের সাথে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও কংগ্রেসে ডেমোক্র্যাটদের এই নিয়ন্ত্রণ তার পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করবে। ফক্স নিউজকে তিনি বলেন, ডেমোক্র্যাটদের সাথে কাজ করার মতো ‘অনেক অনেক বিষয়’ রয়েছে, তবে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানান, প্রয়োজন হলে তিনি ‘ভেটো পাওয়ার বা ক্ষমতা’ ব্যবহার করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আ.লীগ : প্রধানমন্ত্রীর কার্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


গণমাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আ.লীগ : প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার গণমাধ্যমের ক্ষেত্রেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এই বার্তা প্রকাশ করে।

বার্তায় উল্লেখ করা হয়, আজ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। দুপুরের দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেনের বক্তব্যে দখলবাজির বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নেওয়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্তায় আরও বলা হয়েছে, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মূলত ডিবিসি নিউজের চেয়ারম্যান পদ দাবি করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সংক্রান্ত অভিযোগও উঠেছে। এই পরিস্থিতি সম্পর্কে পূর্বে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করা হচ্ছে।

এই ঘটনায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার মধ্যে গণমাধ্যমকে কেন্দ্র করে নতুন উত্তেজনা সৃষ্টির অভিযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। অভিযোগ উঠেছে যে, এসব অস্থিরতার পেছনে আওয়ামী লীগের কিছু নেতার ইন্ধন রয়েছে। অভিযোগকারীদের আশঙ্কা, শিল্প খাতের অস্থিরতার পাশাপাশি গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে সংবাদমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ার ঝুঁকি রয়েছে।

ইকবাল সোবহান চৌধুরী দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও তিনি ছিলেন।

তবে সম্প্রতি তার কার্যক্রমে গোয়েন্দাদের কাছে অস্থিরতা সৃষ্টির চেষ্টার তথ্য পাওয়া গেছে। পোশাক খাত নিয়ে চলমান অস্থিরতার মধ্যে তারা কিছুদিন ধরে আওয়ামীপন্থি সাংবাদিকদের নিয়ে মিডিয়া দখল করতে একাধিক গোপন বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে ডিবিসি টেলিভিশন দখলের চেষ্টা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%