ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুবি প্রেস ক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কাল


কুবি প্রেস ক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে একই দিন দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান।

আরও পড়ুন: রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি এলেন আশরাফী থিম্পু, সম্পাদক মাইশা মালিহা

ঘোষিত তফসিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।" নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের রোববার (২৯ নভেম্বর) বেলা ৩টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, "আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।"

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক জানান, "কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।" প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্যরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন: গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্য জেলায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরায় গোপালগঞ্জের যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরায় গোপালগঞ্জের যুবক আটক

গোপালগঞ্জে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে ভাঙচুর করার পর ভারত পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যুবক প্রান্ত তালুকদারকে আটক করেছে বিজিবি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার-৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক যুবক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কলারোয়ার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-১৩ এর রিভার পিলার-৪ সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শনিবার বিকেল ৩টার দিকে বিজিবির একটি আভিযানিক দল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত স্বীকার করেন যে, তিনি গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের হিজলদী সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহলরত সদস্যের হাতে আটক হন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন প্রতিরোধে এবং বিতর্কিত ব্যক্তিবর্গের অনুপ্রবেশ রোধে ৩৩ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক প্রান্ত তালুকদারকে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

দুপুর কিংবা রাতে ভাত খাওয়ার পর অনেকের চোখে ঘুম নেমে আসে। বিশেষত দুপুরের খাবার শেষ করার পর কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। কিছু মানুষ মনে করেন, ভাত খাওয়ার কারণে এমনটি ঘটে। তবে এটি শুধুমাত্র ভাতের ওপর নির্ভর করে না। খাবারের পর শরীরের স্বাভাবিক পরিবর্তন, খাবারের পরিমাণ এবং ঘুমের অভ্যাস—এসব বিষয়ও এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভাত খাওয়ার পর ঘুম আসার কারণ

১. কার্বোহাইড্রেটের প্রভাব

ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ভাত খাওয়ার পর শরীর তা ভেঙে গ্লুকোজে পরিণত করে। খাবারের ধরন ও পরিমাণ অনুযায়ী রক্তে শর্করার মাত্রায় পরিবর্তন ঘটতে পারে। পাশাপাশি ইনসুলিনের নিঃসরণও বৃদ্ধি পায়। এসব পরিবর্তন খাবারের পর শরীরের ঝিমুনি ভাবের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

২. বেশি পরিমাণে খাবার খাওয়া

একবারে বেশি ভাত বা খাবার খেলে শরীরে ভারী ভাব তৈরি হতে পারে। বিশেষ করে ভাতের সঙ্গে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খেলে অস্বস্তি ও ক্লান্তি অনুভব করা যেতে পারে। তাই খাবারের পর ঘুম ঘুম ভাবের পেছনে শুধু ভাত নয়, পুরো খাবারের পরিমাণ ও ধরনও গুরুত্বপূর্ণ।

৩. শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ

মানুষের শরীরে একটি স্বাভাবিক জৈবিক ঘড়ি রয়েছে, যা ঘুম ও জাগরণের সময় নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দুপুরের দিকে অনেকের শরীরে স্বাভাবিকভাবেই সতর্কতা কিছুটা কমে যায়। এই সময় খাবার খেলে ঝিমুনি ভাব আরো বেশি অনুভূত হতে পারে।

৪. ঘুমের ঘাটতি

রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনের বেলায় ক্লান্তি ও তন্দ্রা দেখা দিতে পারে। খাবারের পর শরীর কিছুটা আরামদায়ক অবস্থায় গেলে সেই ঘুমের প্রবণতা আরো স্পষ্ট হয়ে ওঠে। তাই প্রতিদিন খাবারের পর ঘুম পেলে রাতের ঘুমের সময় ও মানের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

৫. খাবারের সঙ্গে অন্য উপাদানের প্রভাব

ভাতের পাশাপাশি মাছ, মাংস, ডিম, ডালসহ বিভিন্ন খাবার খাওয়া হয়। এসব খাবারের পুষ্টি উপাদান হজম ও বিপাকের প্রক্রিয়ায় ভূমিকা রাখে। আবার খাবারের পর মিষ্টি পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়াও রক্তে শর্করার ওঠানামায় প্রভাব ফেলতে পারে।

ভাত খাওয়ার পর ঘুম ঘুম ভাব কমাতে কী করবেন?

একবারে অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত পরিমাণে খান।

ভাতের সঙ্গে শাকসবজি, ডাল ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন।

খাবারের পর কয়েক মিনিট হালকা হাঁটাহাঁটি করতে পারেন।

পর্যাপ্ত পানি পান করুন।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।

কখন সতর্ক হবেন?

খাবারের পর সামান্য ঝিমুনি স্বাভাবিক হতে পারে। তবে প্রতিবার খাবারের পর অতিরিক্ত ঘুম পাওয়া, অস্বাভাবিক ক্লান্তি, মাথা ঘোরা বা অতিরিক্ত তৃষ্ণার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষত ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যার ঝুঁকি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

মনে রাখতে হবে, ভাত খেলেই ঘুম পাবে—এমন নয়। খাবারের পরিমাণ, খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম এবং ঘুমের মান—এসব মিলিয়ে তৈরি হতে পারে এই ঝিমুনিভাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আইসিসিতে বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আইসিসিতে বিচার শুরু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হতে যাচ্ছে। এশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এই আদালতে তার বিচার হবে। তার শাসনামলে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ রয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮১ বছর বয়সী দুতার্তেকে গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিনি আইসিসির হেফাজতে রয়েছেন। বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি অনুষ্ঠিত হবে এবং অভিযোগপক্ষ প্রায় ১০০ জন সাক্ষীকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।

২০১৬ সালে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনসের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এর আগে তিনি আইনজীবী এবং দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে তিনি সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার দাবি করেছিলেন। এমনকি তিনি মোটরসাইকেলে চড়ে শহরে ঘুরে অপরাধীদের খুঁজে বের করার কথাও বলেছিলেন।

প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের ধরতে উৎসাহিত করেন। তার কঠোর ও সহিংস বক্তব্যের কারণে অনেকে তাকে ‘দ্য পানিশার’ নামে ডাকতেন।

ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। নিহতদের অধিকাংশই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকায় বসবাসকারী পুরুষ।

অভিযানের সময় প্রায় প্রতিদিনই রাস্তায় গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যেত। অনেক মরদেহের পাশে হাতে লেখা কার্ডবোর্ডে নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী হিসেবে উল্লেখ করা হতো।

বিচারের প্রথম দিন বিচারকেরা যাচাই করবেন, দুতার্তে অভিযোগগুলো বুঝতে সক্ষম কি না। এরপর তাকে জানতে চাওয়া হবে, তিনি দোষ স্বীকার করছেন, নাকি অস্বীকার করছেন। পরে শুরু হবে দুই পক্ষের প্রাথমিক বক্তব্য উপস্থাপন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাক্-বিচার শুনানিতে উপস্থিত হননি দুতার্তে। সে সময় তিনি নিজেকে ‘বৃদ্ধ, ক্লান্ত ও দুর্বল’ বলে উল্লেখ করেন এবং স্মৃতিশক্তি হারানোর কথাও জানান।

আইসিসির প্রাক্-বিচারিক বিচারকেরা ইতোমধ্যে বলেছেন, বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দুতার্তের দায় থাকার যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালত ৪৯টি ঘটনা পর্যালোচনা করবে, যেগুলোতে ৭৬ জন নিহত হয়েছেন।

দুতার্তের আইনজীবী নিকোলাস কাউফম্যান গত ফেব্রুয়ারির শুনানিতে দাবি করেন, সাবেক প্রেসিডেন্টের বক্তব্যে অতিরঞ্জন, দম্ভ ও বাগাড়ম্বর ছিল। তার ভাষার ভিত্তিতে তাকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগপক্ষের বক্তব্য, দুতার্তের বক্তব্যগুলো কেবল কথার কথা ছিল না; বাস্তবেও সেগুলো কার্যকর করা হয়েছে। শুনানি শেষে অভিযোগপক্ষের প্রতিনিধি জুলিয়ান নিকোলস বলেন, হাজারো মানুষকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুতার্তে, আর তা বাস্তবায়নও করেছেন।

দুতার্তের বিচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে, এই বিচার নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফিলিপাইনের ট্রুথ কমিশনের চেয়ারম্যান রাউল পাঙ্গালাঙ্গান বলেন, একসময় শক্তিশালী নেতা হিসেবে পরিচিত দুতার্তেকে এখন আদালতে অভিযুক্ত হিসেবে দেখা— ফিলিপিনোদের কাছে এই দৃশ্যের তাৎপর্য অনেক।

তিনি বলেন, এই বিচার বিশ্বকে জানিয়ে দেবে, কোনো নেতা যত ক্ষমতাধরই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। তবে হেগের আদালতে হাজারো ঘটনার সামান্য অংশের বিচার হবে। ফিলিপাইনের বহু পরিবার এখনো জানতে পারেনি, তাদের স্বজনেরা কীভাবে মারা গেছেন এবং হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে কি না।

অতীতে আইসিসির কোনো মামলায় রায় দিতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দুতার্তের ক্ষেত্রেও বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে তার।

এদিকে দুতার্তে ছাড়াও ফিলিপাইনের আরেক সাবেক পুলিশপ্রধান রোনাল্ড দেলা রোসাকে খুঁজছে আইসিসি। দুতার্তের মাদকবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন তিনি।

চলতি বছরের মে মাসে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সরকারি কর্মকর্তারা দেশটির সিনেট ভবনে তাকে ধরতে গেলে সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে সিনেট ভবনের ভেতরে অবস্থান করেন দেলা রোসা। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষের লোকজনের উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা ভবনটি থেকে তিনি নিখোঁজ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতু অবরোধে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পদ্মা সেতু অবরোধে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরও দুজন। সংঘর্ষের পর বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম সিপাহী, তিনি সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন যুবলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। পরে তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সূত্রে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল পোড়ানোর তথ্য পাওয়া গেছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।

সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম এলাহী বলেন, সকালে পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে আগুনের দৃশ্যও দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%