০৩:৫৯ পি.এম
গোপালগঞ্জে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে ভাঙচুর করার পর ভারত পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যুবক প্রান্ত তালুকদারকে আটক করেছে বিজিবি। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার-৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক যুবক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কলারোয়ার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-১৩ এর রিভার পিলার-৪ সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শনিবার বিকেল ৩টার দিকে বিজিবির একটি আভিযানিক দল তাকে আটক করে।
আরও পড়ুন: রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর মৃত্যু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত স্বীকার করেন যে, তিনি গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের হিজলদী সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহলরত সদস্যের হাতে আটক হন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন প্রতিরোধে এবং বিতর্কিত ব্যক্তিবর্গের অনুপ্রবেশ রোধে ৩৩ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। একইসঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবক প্রান্ত তালুকদারকে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, স্থানীয় হাসপাতালে মৃত ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন