০৪:০৩ পি.এম
ঢাকার মোহাম্মদপুর থেকে এসআরবি কর্তৃক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শ্যুটার হিসেবে পরিচিত ইমরানও রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল এই অভিযানটি পরিচালনা করেছে বলে এসআরবি'র মিডিয়া সেল জানিয়েছে। গ্রেপ্তারকৃত ইমরানের (৪০) বিরুদ্ধে খুলনায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সকলের বাড়ি খুলনার রূপসা উপজেলায়।
আরও পড়ুন: রাজবাড়ীতে সার বরাদ্দ ও উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
এসআরবি-৬ এর মিডিয়া সেল জানায়, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত। তিনি বি-কোম্পানির সক্রিয় সদস্য এবং এই গ্রুপের মাদক সরবরাহের অন্যতম হোতা। খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত বাবা-ছেলে হত্যা, খুলনা সদর থানার অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানার মাদক মামলাসহ একাধিক মামলায় ইমরান ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।
এছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযানকালে তাদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান মাহমুদুল হক রুবেলের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন