০৪:০৫ পি.এম
কক্সবাজার মেডিকেল কলেজে চিকিৎসাসেবা, চিকিৎসাবিষয়ক গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে ‘স্মার্টডক এআই’ (SmartDoc Ai) শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণে কলেজের ৭০ জনেরও বেশি চিকিৎসক অংশগ্রহণ করেন।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের পক্ষ থেকে। এরিস্টোফার্মা লিমিটেড বৈজ্ঞানিক সহযোগিতা প্রদান করে এবং প্রশিক্ষণ সহযোগী হিসেবে দ্য ওয়েলনেস ডেস্ক কাজ করে।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাকিল ওয়ায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নূর হোসেন ভূঁইয়া। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক মো. তানভীর খান, সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুল হেলালের সঞ্চালনায়।
আরও পড়ুন: রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর মৃত্যু
এই প্রশিক্ষণে চিকিৎসকদের দৈনন্দিন পেশাগত কাজ, চিকিৎসাবিষয়ক গবেষণা, বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান, গবেষণাপত্র পর্যালোচনা, একাডেমিক লেখালেখি, উপস্থাপনা তৈরি এবং রোগীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
এ সময় চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি, নোটবুকএলএম, গামা, গুগল ফ্লো, কনসেনসাস, রিসার্চ র্যাবিট ও জেনি এআইসহ বিভিন্ন আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক তথ্যের সত্যতা যাচাই, বৈজ্ঞানিক তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা মূল্যায়ন এবং এআইয়ের মাধ্যমে তৈরি তথ্যের ভুল ও অপতথ্য শনাক্ত করার কৌশল শেখানো হয়।
এছাড়া জনসাধারণের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট, শিক্ষামূলক ভিডিও এবং বিভিন্ন দৃশ্যভিত্তিক উপকরণ তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসাবিজ্ঞান, গবেষণা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। তিনি বলেন, "এই পরিবর্তনের সঙ্গে চিকিৎসকদেরও নিজেদের প্রস্তুত করতে হবে। প্রযুক্তিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; বরং তা আয়ত্ত করে পেশাগত সক্ষমতা বাড়াতে হবে।"
আরও পড়ুন: বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা
তিনি আরও বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এটি চিকিৎসকের জ্ঞান, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর সহায়ক মাধ্যম। তবে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা, রোগীর তথ্যের গোপনীয়তা এবং চিকিৎসকের নিজস্ব বিচারবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
অধ্যক্ষ আরও জানান, "চিকিৎসকদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ, মানবিক এবং প্রযুক্তিসমৃদ্ধ হিসেবে গড়ে তোলার দায়িত্ব মেডিকেল কলেজের। এ দৃষ্টিকোণ থেকে SmartDoc Ai-এর মতো সময়োপযোগী প্রশিক্ষণ উদ্যোগকে তিনি স্বাগত জানান।" তিনি এরিস্টোফার্মা লিমিটেড এবং দ্য ওয়েলনেস ডেস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শাকিল ওয়ায়েজ বলেন, "আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয়, চিকিৎসাসংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের এআই বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি।" তিনি উল্লেখ করেন যে, চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্য ওয়েলনেস ডেস্কের সম্পাদক আবু হানিফ নোমান জানান, স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত গণমাধ্যম হিসেবে তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চায় তাঁদের প্রতিষ্ঠান। সেই দায়বদ্ধতা থেকেই SmartDoc Ai প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোরে বিকট শব্দের পর নীলফামারীতে উদ্ধার হলো চারটি ককটেল সদৃশ বস্তু
তিনি আরও বলেন, প্রশিক্ষক মো. তানভীর খান এআইয়ের বিভিন্ন প্রযুক্তি ও ব্যবহারিক প্রয়োগ চিকিৎসকদের কাছে সহজভাবে তুলে ধরেছেন। চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শেখার আগ্রহ তাঁদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও চিকিৎসাপ্রতিষ্ঠানে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এরিস্টোফার্মা লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল হোসেন বলেন, "দেশের চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রা এবং চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করাকে তাঁদের প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে।" তিনি জানান, "চিকিৎসকদের উচ্চতর শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ অর্জনে এরিস্টোফার্মা সব সময় পাশে রয়েছে।"
উল্লেখ্য, প্রতিষ্ঠার ১৮ বছরের পথচলায় কক্সবাজার মেডিকেল কলেজে চিকিৎসা শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে প্রযুক্তিনির্ভর এ প্রশিক্ষণ নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণায় দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: পাইকগাছা-ঢাকা পদ্মা সেতু রুটে পরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন