ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা


বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ সরবরাহকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি এবং রাতের টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

আজ রবিবার বিপিডিবির ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে তল্লাশি এবং পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে স্থাপনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি নিয়ে প্রবেশকারীদের জন্য ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে যথাযথ তল্লাশি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালন এবং নিরাপত্তাবাতি সচল রাখার নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: ভোরে বিকট শব্দের পর নীলফামারীতে উদ্ধার হলো চারটি ককটেল সদৃশ বস্তু

দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে, নিরাপত্তা টহল বাড়াতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: পাইকগাছা-ঢাকা পদ্মা সেতু রুটে পরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


কালিয়াকৈরে আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের ডাকা লকডাউনে কোনো সাড়া মেলেনি। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। শিল্পকারখানায় চলছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। স্কুল-কলেজ, অফিস-আদালত ও ব্যাংকিং সবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। কালিয়াকৈরের কোথাও লকডাউনের কোনো চিহ্ন দেখা যায়নি; জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চন্দ্রা ত্রিমোড় থেকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলছে স্বাভাবিক গতিতে। লকডাউনের কারণে কোনো রাস্তা অবরোধ বা যানজট নেই। যাত্রীরা স্বাভাবিকভাবে গন্তব্যে যাচ্ছেন। পল্লীবিদ্যুৎ মোড়েও যান চলাচল স্বাভাবিক। শ্রমিকরা কারখানায় যাচ্ছেন, স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছেন, ব্যবসায়ীরা দোকান খুলেছেন। মৌচাক, সফিপুর, বোর্ডঘর ও কালিয়াকৈর বাজার প্রতিটি এলাকায় মহাসড়কে যানবাহন চলছে। দূরপাল্লার বাসগুলো ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ রুটে সময়মতো চলাচল করছে।

একজন বাসযাত্রী বলেন, "লকডাউনের কথা শুনছিলাম, কিন্তু রাস্তায় আইসা দেখি সব স্বাভাবিক। বাস চলছে, আমরা ঠিকমতো যাইতে পারতাছি।"

একজন সিএনজি চালক বলেন, "কোনো লকডাউন নাই। সকাল থেকে ভাড়া মারতাছি। রাস্তায় কোনো ঝামেলা নাই।" একজন ট্রাক চালক বলেন, "মহাসড়কে কোনো বাধা নাই। মাল নিয়ে টাঙ্গাইলের দিকে যাইতেছি। সব ঠিক আছে।"

কালিয়াকৈরের শতভাগ কারখানায় আজও শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গলায় আইডি কার্ড ও হাতে টিফিনের বাটি নিয়ে শ্রমিকরা সকাল থেকেই কারখানায় ঢুকেছেন। চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুর, কালামপুর ও বোর্ডঘর—সব এলাকার কারখানায় উৎপাদন চলছে পুরোদমে।

একজন শ্রমিক বলেন, "আমরা লকডাউন মানি না। কারখানা চললেই সংসার চলবে। মজুরি ১৭ হাজার টাকা হইছে, এখন কাজ করতে চাই।" একজন কারখানা মালিক বলেন, "আমাদের কারখানায় শতভাগ শ্রমিক উপস্থিত। উৎপাদন স্বাভাবিক। লকডাউনের কোনো প্রভাব পড়েনি।"

আজ কালিয়াকৈরে স্কুল-কলেজে সকাল থেকেই শিক্ষার্থীরা গেছে। ক্লাস চলছে নিয়মিত। কোথাও কোনো স্কুল বন্ধ দেখা যায়নি।

অফিস-আদালতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, থানা ও সাব-রেজিস্ট্রি অফিসসহ সব সরকারি অফিস খোলা ছিল। মানুষ স্বাভাবিকভাবে সেবা নিচ্ছেন।

ব্যাংকিং কার্যক্রমে কালিয়াকৈর, চন্দ্রা, মৌচাক ও সফিপুর এলাকার সব ব্যাংক খোলা ছিল। গ্রাহকরা লেনদেন করছেন স্বাভাবিকভাবে। এটিএম বুথগুলোও সচল।

বাজার-ঘাটে কালিয়াকৈর বাজার, চন্দ্রা বাজার, মৌচাক বাজার ও সফিপুর বাজার—সব বাজারে দোকানপাট খোলা। ক্রেতা-বিক্রেতাদের ভিড় স্বাভাবিক।

একজন শিক্ষক বলেন, "স্কুল খোলা, বাচ্চারা আসছে, ক্লাস চলছে। লকডাউনের কোনো প্রভাব স্কুলে পড়েনি।" এক ব্যাংক গ্রাহক বলেন, "ব্যাংকে আইসা দেখি সব খোলা। লেনদেন করলাম, কোনো সমস্যা নাই।" এক ব্যবসায়ী বলেন, "দোকান সকালেই খুলছি। বেচাকেনা ভালো হইতাছে। মানুষ লকডাউন মানেনি।"

কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ ও প্রশাসনের সদস্যরা সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ, মৌচাক ও সফিপুর মোড়ে পুলিশের টহল দেখা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, "কালিয়াকৈরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দীন বলেন, "কালিয়াকৈরের মানুষ লকডাউন প্রত্যাখ্যান করেছে। মানুষ কাজ চায়, শান্তি চায়, উন্নয়ন চায়। আওয়ামী লীগের ডাকা লকডাউনে কেউ সাড়া দেয়নি, এটাই প্রমাণ করে মানুষ আর বিশৃঙ্খলা চায় না।"

কালিয়াকৈর পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন বলেন, "যুবদলের নেতাকর্মীরা মাঠে আছে। কেউ যদি মহাসড়কে বিশৃঙ্খলা করতে আসে, আমরা প্রতিহত করবো। কালিয়াকৈরের মানুষ শান্তিতে থাকতে চায়।"

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "পরিবহন শ্রমিকরা লকডাউন মানে না। বাস-ট্রাক চলছে, শ্রমিকরা কাজ করছে। শ্রমিকের ঘামে দেশ চলে। লকডাউন দিয়ে শ্রমিকের পেটে লাথি মারা যাবে না।"

কালিয়াকৈরের সাধারণ মানুষের একটাই কথা আমরা লকডাউন চাই না, আমরা কাজ চাই। কারখানা চলবে, রাস্তা চলবে, স্কুল চলবে, বাজার চলবে এটাই আমাদের কালিয়াকৈর। আজকের চিত্রই প্রমাণ করে দিয়েছে, কালিয়াকৈরে লকডাউন ব্যর্থ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাপন বেছে নিয়েছে। সবার একটাই স্লোগান শান্তিতে কাজ করবো, কালিয়াকৈরকে এগিয়ে নেবো, কোনো লকডাউন মানবো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-এর পরামর্শে ফাতেমা বিনতে কায়সের পুনর্বিবাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


মহানবী (সা.)-এর পরামর্শে ফাতেমা বিনতে কায়সের পুনর্বিবাহ

মহানবী (সা.)-এর যুগে বিয়ে, তালাক, একাধিক বিয়ে কিংবা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর পুনর্বিবাহ—এসব বিষয় ছিল সমাজের স্বাভাবিক বাস্তবতা। কোনো নারীর তালাকপ্রাপ্ত হওয়া তাঁর মর্যাদাহানির কারণ হিসেবে বিবেচিত হত না। বরং তাঁরা নতুন করে সংসার গড়ার সুযোগ পেতেন সম্মানের সঙ্গে। সাহাবিদের মধ্যে এমন অনেক উদাহরণ রয়েছে, যাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছিল তালাকের মাধ্যমে।

এদের মধ্যে আবু বকর, ওমর ইবনুল খাত্তাব ও জুবাইর ইবনুল আওয়াম (রা.)-এর মতো বিশিষ্ট সাহাবিরাও অন্তর্ভুক্ত ছিলেন। তাঁদের পরিবারেও তালাক ও পুনর্বিবাহের ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের একটি ঘটনা বিশেষভাবে শিক্ষণীয়।

ফাতিমা বিনতে কায়স (রা.) ছিলেন মক্কার অধিবাসী। ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। তাঁর প্রথম স্বামী ছিলেন আবু আমর ইবনে হাফস আল-মাখজুমি। স্বামী তাঁকে প্রথমে দুই তালাক দেন। পরে একটি অভিযানে বের হওয়ার পর নিজের প্রতিনিধি আইয়াশ ইবনে আবি রাবিয়া (রা.)-এর মাধ্যমে তাঁকে তৃতীয় তালাকের খবর পাঠান। এভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। তালাকের পর আবু আমর তাঁর সাবেক স্ত্রীর জন্য পাঁচ সা যব ও পাঁচ সা খেজুর পাঠান। কিন্তু ফাতিমা বিনতে কায়স (রা.)-এর প্রশ্ন ছিল, এখন তিনি কোথায় থাকবেন? স্বামীর ঘর ছেড়ে যাওয়ার পর ইদ্দত পালন করবেন কোথায়? তাঁর ভরণপোষণ ও বাসস্থানের ব্যবস্থা কীভাবে হবে?

স্বামীর প্রতিনিধি এ বিষয়ে কিছু জানেন না বলে জানালে ফাতিমা (রা.) অসন্তুষ্ট হন। তিনি বলেন, ‘আল্লাহর কসম! যদি আমার ভরণপোষণ ও বাসস্থানের অধিকার থাকে, তাহলে আমি তা অবশ্যই দাবি করব। আর এই খাবার আমি গ্রহণ করব না।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৪৪)

এরপর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন। তাঁর কথা শুনে রাসুলুল্লাহ (সা.) তাঁকে জানান, যেহেতু তাঁর স্বামী তাঁকে চূড়ান্তভাবে তালাক দিয়েছেন, তাই এ অবস্থায় তাঁর সাবেক স্বামীর ওপর আগের মতো ভরণপোষণ ও বাসস্থানের দায়িত্ব বর্তাবে না। এরপর কোথায় ইদ্দত পালন করবেন, সে বিষয়ে রাসুলুল্লাহ (সা.) তাঁকে পরামর্শ দেন। প্রথমে তিনি ফাতিমা (রা.)-কে উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে যেতে বলেন। উম্মু শুরাইক ছিলেন সম্পদশালী আনসারি নারী। তিনি আল্লাহর পথে প্রচুর দান করতেন এবং তাঁর বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৩৭)

তবে পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে সেখানে না গিয়ে অন্য জায়গায় ইদ্দত পালনের নির্দেশ দেন। কারণ উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে অনেক মানুষের যাতায়াত ছিল। এতে ফাতিমা (রা.)-এর পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হতে পারত। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁকে তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-এর বাড়িতে ইদ্দত পালনের পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)

ইদ্দত শেষে ফাতিমা বিনতে কায়স (রা.)-এর কাছে একাধিক সাহাবি বিয়ের প্রস্তাব পাঠান। তিনি বিষয়টি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে পরামর্শ করতে যান। রাসুলুল্লাহ (সা.) জানতে চান, কারা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তিনি জানান, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রা.) ও আবু জাহম (রা.) তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন।

রাসুলুল্লাহ (সা.) তাঁদের সম্পর্কে নিজের জানা তথ্যের ভিত্তিতে ফাতিমা (রা.)-কে পরামর্শ দেন। তিনি বলেন, ‘মুয়াবিয়া তো একজন দরিদ্র ব্যক্তি, তাঁর কোনো সম্পদ নেই। আর আবু জাহম নারীদের প্রতি কঠোর আচরণ করেন—তিনি তাঁর কাঁধ থেকে লাঠি নামান না।’ অর্থাৎ তাঁর স্বভাব ও আচরণ দাম্পত্য জীবনের জন্য অনুকূল নাও হতে পারে। এরপর রাসুলুল্লাহ (সা.) তাঁকে উসামা ইবনে জায়েদ (রা.)-কে বিয়ে করার পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০; সুনানে নাসায়ি, হাদিস : ৩২৪৪)

উসামা ইবনে যায়িদ (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় সাহাবি। তিনি তাঁকে এতটাই ভালোবাসতেন যে একবার বলেছিলেন, ‘যে আমাকে ভালোবাসে, সে যেন উসামাকেও ভালোবাসে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪২৬)

তবু ফাতিমা বিনতে কায়স (রা.) প্রথমে উসামা (রা.)-কে বিয়ে করতে আগ্রহী ছিলেন না। কারণ তাঁর মনে এ বিয়ের ব্যাপারে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর পরামর্শের প্রতি আস্থা রেখে শেষ পর্যন্ত তিনি সম্মত হন। এমনকি তিনি নিজের বিয়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার বিয়ের বিষয়টি আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। আপনি যাঁর সঙ্গে ইচ্ছা আমাকে বিয়ে দিন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)

পরবর্তী সময়ে এ বিয়ে তাঁর জীবনে অত্যন্ত কল্যাণকর হয়ে ওঠে। ফাতিমা বিনতে কায়স (রা.) নিজেই তাঁদের দাম্পত্য জীবনের বরকতের কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহ আমাদের এ দাম্পত্য জীবনে এত বরকত দান করেছেন যে, অন্যরা আমাদের প্রতি ঈর্ষা করত।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২২৮৪)

ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের এ ঘটনা আমাদের সামনে ইসলামের এক গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা তুলে ধরে। তালাক কোনো নারীর জীবনের সমাপ্তি নয়, তাঁর মর্যাদারও অবসান নয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও একজন নারীর সম্মান, অধিকার ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা অটুট থাকে। রাসুলুল্লাহ (সা.) শুধু একজন তালাকপ্রাপ্ত সাহাবির ইদ্দত পালনের ব্যবস্থা করেননি; বরং তাঁর পুনর্বিবাহের বিষয়েও আন্তরিক পরামর্শ দিয়েছেন। পাত্রদের ভালো-মন্দ দিক বিবেচনা করে তাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি এলেন আশরাফী থিম্পু, সম্পাদক মাইশা মালিহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি এলেন আশরাফী থিম্পু, সম্পাদক মাইশা মালিহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এলেন আশরাফী থিম্পু এবং সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী মাইশা মালিহা দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলে সংগঠনটির নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে কৃষিতত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আলিফ আহমেদ তারেক, সাংগঠনিক সম্পাদক সাদিয়াহ নওশীন সারাহ, অর্থ সম্পাদক মো. আবুজার গিফারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান তিশা, দপ্তর সম্পাদক মো. মুন্নাফ হোসেন এবং শিক্ষা, গবেষণা ও তথ্য সম্পাদক হিসেবে মো. রায়হান আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য-১ হিসেবে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আমির জামান এবং কার্যনির্বাহী সদস্য-২ হিসেবে ছাপচিত্র বিভাগের নুশাইকা রাইহান নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্র দীর্ঘ ৪৫ বছর ধরে ক্যাম্পাসে বিভিন্ন পথনাটক ও মঞ্চনাটক পরিবেশন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তা ঘাটতি ও দুর্ঘটনার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তা ঘাটতি ও দুর্ঘটনার ঝুঁকি

সুনামগঞ্জের ছাতকে চলমান দুটি সড়ক উন্নয়ন প্রকল্পে, যা প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে, নিরাপত্তার ঘাটতি, গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, অরক্ষিত নির্মাণসামগ্রী, গভীর খনন এবং সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনীর অভাবের কারণে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

ছাতকবাজার থেকে সুরমা সেতুর অ্যাপ্রোচের গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের জন্য ১০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। ব্যস্ততম এ সড়কে পর্যাপ্ত ব্যারিকেড, সতর্কতামূলক সাইনবোর্ড এবং রাতের নিরাপত্তাবাতি না থাকার অভিযোগ উঠেছে। কোথাও সিসি ঢালাইয়ের পর রড বেরিয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।

ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সড়কের একটি বড় গর্ত দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি ওই গর্তে পড়ে দৈনিক মানবকণ্ঠের ছাতক প্রতিনিধি খালেদ মিয়া গুরুতর আহত হন।

অন্যদিকে, গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের জন্য ১৬৪ কোটি টাকা ব্যয় হচ্ছে। এই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল। ঝাওয়াসহ বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তার পাশে ৩-৪ ফুট গভীর খননের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কয়েক দিন আগে এ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাফি নামের এক দুবাই প্রবাসী আহত হন। সড়কে চলাচলরত চালকদের অভিযোগ, পর্যাপ্ত সাইনবোর্ড, নিরাপত্তাবেষ্টনী এবং ধুলাবালি নিয়ন্ত্রণে পানির ব্যবস্থা না থাকায় রাতে ও কুয়াশার সময় ঝুঁকি আরও বাড়ছে।

এছাড়া, গোবিন্দগঞ্জ থেকে তেতইখালী নদী পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য সড়কের ওপর বালু-পাথর রেখে কাজ করা, কাদামাটির ওপর ঢালাই এবং বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে ড্রেনের স্থায়িত্ব ও পানি নিষ্কাশন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পে কাজের মানের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ওটিবিএলের প্রকল্প ব্যবস্থাপক সজল জানিয়েছেন, ওয়ার্ক অর্ডার পেতে দেরি হয়েছে। নিয়ম অনুযায়ী রোড সাইনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিও সরানো হবে।

এমএম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক রাহাত সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত গর্ত ভরাটের আশ্বাস দিয়েছেন।

ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন জানিয়েছেন, গর্তগুলো দ্রুত ভরাট করা হবে। নিরাপত্তামূলক সাইনবোর্ড ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%