০৩:০২ পি.এম
টাঙ্গাইলের দেলদুয়ারের পর এবার মির্জাপুরে নিজেদের উদ্যোগে ৪০ লাখ টাকা দিয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা। এ উপলক্ষে গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, কামারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে কোনো খেলার মাঠ নেই। এর ফলে শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। চলতি বছরের শুরুতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতির সময় গ্রামে একটি খেলার মাঠ নির্মাণের আলোচনা শুরু হয়। পরে গ্রামের কয়েকজন উদ্যোগী ব্যক্তি সবাইকে নিয়ে মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।
এ উদ্যোগে গ্রামের ধনী-গরিব নির্বিশেষে ১৪০ জন বাসিন্দা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ ১০, ৫, ২ কিংবা ১ শতাংশ জমির সমপরিমাণ মূল্য দিয়েছেন। আবার কেউ ১০ হাজার, ৫ হাজার, ১ হাজার টাকাসহ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে অংশ নিয়েছেন। সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের দক্ষিণপাড়ার লেবুবাগান এলাকায় আব্দুর রাজ্জাক সাহেবের ৯৮ শতাংশ জমি কেনা হচ্ছে।
আরও পড়ুন: পাইকগাছা-ঢাকা পদ্মা সেতু রুটে পরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
উদ্যোক্তাদের একজন মঞ্জুরুল কাদের মাস্টার জানান, ৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। রোববার (২৯ নভেম্বর) বাদ্যযন্ত্র বাজিয়ে, ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জমি রেজিস্ট্রি করতে যাবেন গ্রামবাসী। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় সবাই আনন্দিত।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, কামারপাড়ার মিনহাজ উদ্দিন ১০ শতাংশ, দরবেশ আলী ১০ শতাংশ, প্রয়াত চেয়ারম্যান তোতা মিয়ার পরিবার ১০ শতাংশ, আব্দুর রাজ্জাক ৫ শতাংশ, সাইদুল মাস্টার ৪ শতাংশ, রহিম সিকদারের পরিবার ৫ শতাংশ এবং মো. জিন্না তালুকদার ৩ শতাংশ জমির মূল্য দিয়ে সহযোগিতা করেছেন। এ ছাড়া অনেকে ১ থেকে ২ শতাংশ জমির মূল্য দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি-বেসরকারি কোনো সহায়তা ছাড়াই একটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে খেলার মাঠের জন্য জমি কিনছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।
আরও পড়ুন: এমিরেটসে আর্সেনাল ও ম্যানসিটির হাইভোল্টেজ মহারণের অপেক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন