ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম


মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম

পাবনার ঈশ্বরদী এলাকায় মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকায় পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতের অন্ধকারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি গাছ কেটে মহাসড়কের উপর ফেলে দেয়। এর ফলে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে মহাসড়ক থেকে গাছটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুন: হরিরামপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

এ ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন এবং তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ কুমিল্লার পর্যটন কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ কুমিল্লার পর্যটন কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা বাড়ছে

দেলোয়ার হোসাইন আকাইদ

কুমিল্লা, ২৯ নভেম্বর, ২০২৬ : প্রাচীন সভ্যতার অসাধারণ নিদর্শন, ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ ভাণ্ডার, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদন কেন্দ্র নিয়ে গঠিত কুমিল্লা হচ্ছে পর্যটনের একটি সম্ভাবনাময় জনপদ। জেলার লালমাই-ময়নামতি পাহাড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি, ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছার বাড়ি, প্রাকৃতিক বনাঞ্চল এবং বেসরকারি বিনোদন পার্ক- এই সব মিলিয়ে জেলা পর্যটন আকর্ষণে সমৃদ্ধ।

পর্যটন ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূমিরূপ এই অঞ্চলের পর্যটন বাণিজ্যের সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি করেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম বাসস’কে জানিয়েছেন, দর্শনার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে তাল মিলিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটনসেবা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

তিনি বলেন, এ দুটি স্থান দেখতে বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ দর্শনার্থী আসেন। ২০২৫-২৬ অর্থবছরে শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘরসহ সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা। দর্শনার্থীদের আগ্রহ ও সেবার মান উন্নয়নের উদ্যোগ অব্যাহত থাকায় ভবিষ্যতে রাজস্ব আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মো. শাহীন বলেন, দর্শনার্থীদের আধুনিক ও তথ্যসমৃদ্ধ অভিজ্ঞতা দিতে ময়নামতি জাদুঘরের প্রদর্শনী কেন্দ্র আধুনিকায়ন করা হচ্ছে। প্রদর্শিত প্রাচীন প্রত্নবস্তু, ভাস্কর্য ও অন্যান্য নিদর্শনের সঙ্গে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। দর্শনার্থীরা মোবাইল ফোনে কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট নিদর্শনের ইতিহাস ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এতে প্রযুক্তির মাধ্যমে সহজেই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুমে জেলার দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। বর্তমানে পর্যটন মৌসুমকে সামনে রেখে সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

পর্যটকদের আগমনকে কেন্দ্র করে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা আশা করছেন, চলতি পর্যটন মৌসুমে কুমিল্লার সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলো ঘিরে প্রায় ৫০ কোটি টাকা আয় হতে পারে।

কুমিল্লার পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু লালমাই-ময়নামতি পাহাড়। এ অঞ্চলে ছড়িয়ে রয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শালবন বৌদ্ধবিহার, চন্দ্রমুড়া, রূপবান মুড়া, রানীর বাংলার পাহাড়সহ বিভিন্ন প্রত্নস্থল এ অঞ্চলের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য বহন করছে। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননে এসব স্থান থেকে উদ্ধার করা হয়েছে মূল্যবান মূর্তি, মুদ্রা, পোড়ামাটির ফলক, তৈজসপত্র ও অন্যান্য প্রত্নবস্তু। এসব নিদর্শনের উল্লেখযোগ্য অংশ সংরক্ষিত রয়েছে ময়নামতি জাদুঘরে।

কুমিল্লা নগরী থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় অবস্থিত শালবন বৌদ্ধবিহার। প্রায় ৩৭ একর এলাকাজুড়ে বিস্তৃত এ প্রত্নস্থল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধবিহার। ধারণা করা হয়, সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে দেববংশীয় রাজাদের শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন সমতট অঞ্চলের বৌদ্ধ ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও স্থাপত্যশিল্পের ইতিহাস জানতে শালবন বিহার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

শালবন বিহারের পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন সময়ে খননকাজে পাওয়া প্রাচীন ভাস্কর্য, মূর্তি, মুদ্রা, অলংকার, তৈজসপত্র ও প্রত্নবস্তু। প্রতিটি নিদর্শন যেন অতীতের মানুষের জীবনযাত্রা, ধর্মীয় বিশ্বাস, শিল্পবোধ ও সাংস্কৃতিক বিকাশের গল্প তুলে ধরছে। ফলে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থী ও গবেষকদের কাছে এ অঞ্চল বিশেষ গুরুত্ব বহন করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিভিন্ন দেশের সৈন্যদের স্মরণে নির্মিত ময়নামতি ওয়ার সেমেট্রি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্ডি মন্দির, রাজেশপুর ফরেস্ট বিট এবং লাকসামের পশ্চিমগাঁওয়ে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক বাড়ি।

প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় ঘটেছে জেলার বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোতেও। লালমাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লালমাই লেকল্যান্ড পার্ক। কোটবাড়ি এলাকায় রয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, ডায়নোসর পার্ক ও ফ্যান টাউন। এ ছাড়া গোমতী নদীর তীরে গড়ে ওঠা গোমতি ট্যার্চসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র পর্যটকদের জন্য নতুন আকর্ষণ।

কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর পর্যটন কার্যক্রমের পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টিকিট বিক্রি, গাড়ি পার্কিং ও ইজারাসহ বিভিন্ন খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরে এ এলাকা থেকে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেছেন ৪ লাখ ৩ হাজার ২৭২ জন দেশি-বিদেশি দর্শনার্থী।

২০২৪-২৫ অর্থবছরে এলাকা থেকে রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকা। ওই সময়ে দর্শনার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৫ হাজার ৫৯৬ জন।

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থী রাশিদুল মুরসালিন বাসসকে বলেন, শালবন বৌদ্ধবিহার শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি দেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার গুরুত্বপূর্ণ দলিল। এখানে সরাসরি এসে ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়।

নোয়াখালীর চাটখিল থেকে আসা ব্যাংক কর্মকর্তা রেদুয়ানুর রহমান রনি বলেন, ময়নামতি জাদুঘর ঘুরে প্রাচীন বাংলার মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এখানে সংরক্ষিত মূর্তি, তৈজসপত্র ও অন্যান্য প্রত্নবস্তুর বিবরণ থেকে অতীতের অনেক অজানা বিষয় জানা যায়। বিভিন্ন যুগের নিদর্শন পর্যবেক্ষণ করে ইতিহাসের ধারাবাহিকতা বোঝা সম্ভব।

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার শ্যামল সাহা বলেন, অনেক আগে এই প্রত্নস্থল পরিদর্শন করেছিলাম। তাই এবার পরিবারের সদস্যদের নিয়ে এসে পুরোনো স্মৃতি ফিরে পেলাম। প্রত্নস্থলটির পরিবেশ ও পর্যটন সেবায় নতুন কিছু সংযোজন করা গেলে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে।

ঢাকার খিলক্ষেত থেকে আসা দর্শনার্থী মাহফুজুর রহমান বলেন, অনেক দিন ধরে শালবন বিহার ও ময়নামতির ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শুনেছি। এবার সরাসরি এসে প্রাচীন সভ্যতা ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে থাকা প্রত্ননিদর্শনগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা ছিল আনন্দের।

কুমিল্লার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। বিশেষ করে লালমাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে বনোদনকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে নতুন নতুন রাইড, আধুনিক সুযোগ-সুবিধা ও পারিবারিক বিনোদনের ব্যবস্থা যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য আকর্ষণের পরিধি বাড়ছে।

লাভ ফর ট্যুরিজম বাংলাদেশের সভাপতি ও লালমাই লেকল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. মফিজুল ইসলাম বাসস’কে বলেন, সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কুমিল্লায় পর্যটনের ভরা মৌসুম। এ সময়ে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। চলতি মৌসুমে সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলো মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও আয় হবে বলে আশা করি।

টুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসস’কে বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় পর্যটন মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। এ সময় পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ঘোরাফেরা নিশ্চিত করতে বিশেষ তদারকি করা হয়। স্থানীয় হকার বা দোকানিদের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

তিনি বলেন, শালবন বিহারসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পর্যটকেরা যাতে নিরাপদ পরিবেশে আনন্দের সঙ্গে ভ্রমণ করতে পারেন, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুরো প্রত্নতাত্ত্বিক এলাকার বিভিন্ন স্থানে পূর্ণাঙ্গ মানচিত্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন প্রত্নস্থলের অবস্থান ও যাতায়াতের পথ সম্পর্কে সহজে জানতে পারবেন। পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বই কেনার জন্য বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য শৌচাগারের সংখ্যা বাড়ানো এবং গাড়ির পাশাপাশি মোটরসাইকেল পার্কিংয়ের পৃথক ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে চার স্তরের নিরাপত্তা-ব্যবস্থা।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. শাহীন আলম জানান, পর্যটকদের সেবার পরিধি আরও বাড়ানো এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ ছাড়া লালমাই-ময়নামতি পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উন্মোচিত হয়েছে। এসব প্রত্নস্থল সংরক্ষণ, গবেষণা ও দর্শনার্থীদের কাছে তুলে ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের মতে, ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদন-এই তিনের সমন্বয়ে কুমিল্লার পর্যটন খাতের সম্ভাবনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর যথাযথভাবে সংরক্ষণ, পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও খাবারের সুবিধা সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকের আগমন আরও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা, ট্রেন চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা, ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুরে দুর্বৃত্তরা রেল লাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে। এর ফলে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইনকে ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামত করেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের লকডাউন উপলক্ষে এই নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল। তবে এটি সফল হয়নি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পূর্ণিমা পেলেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পূর্ণিমা পেলেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তিনি দীর্ঘ অভিনয়জীবনে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। টেলিভিশন নাটকেও তাঁকে দেখা গেছে। তবে মঞ্চনাটকে এই অভিনেত্রী কখনো অভিনয় করেননি। এবার সেই পূর্ণিমা থিয়েটার অঙ্গনের বিশেষ সম্মাননা লাভ করলেন।

‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পূর্ণিমাকে প্রদান করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ‘থিয়েটার (তোপখানা)’ আয়োজন করে।

এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট সাতজন অভিনয়শিল্পীকে সম্মানিত করা হয়েছে। পূর্ণিমা ছাড়াও পদক পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে পূর্ণিমা বলেন, “প্রথমবারের আয়োজনেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এমন সম্মাননা পাওয়া তাঁর জন্য আনন্দ, আবেগ ও গর্বের বিষয়।” তিনি জানান, দীর্ঘ শিল্পীজীবনের পথচলায় এই স্বীকৃতি বিশেষ জায়গা করে নেবে।

অভিনেত্রীর ভাষ্য, “একজন শিল্পীর কাজ ও শিল্পীসত্তাকে মূল্যায়ন করার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।” তিনি উল্লেখ করেন, এই সম্মাননা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে। একই মঞ্চে অন্যান্য গুণী শিল্পীদের সঙ্গে পদক গ্রহণ করাকেও বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন তিনি। এ জন্য পূর্ণিমা আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে মঞ্চনাটকের পুরোনো যোগসূত্রের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় তাঁর বড় বোন ঢাকা নান্দনিতে মঞ্চনাটক করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সুবাদে আট-নয় বছর বয়স থেকেই মঞ্চের পরিবেশের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। মঞ্চে গিয়ে নাটকের মহড়া ও আয়োজন দেখতেন তিনি। তাই মঞ্চনাটকে অভিনয় না করলেও এই জগৎ তাঁর কাছে একেবারে অপরিচিত নয়।

উল্লেখ্য, পদক পাওয়া অন্য ছয় শিল্পীর প্রত্যেকেরই মঞ্চনাটকের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

নেত্রকোণা, ২৯ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহ এবং নেত্রকোণা সীমান্তে পৃথক যৌথ অভিযান পরিচালনা করে ৫ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রোববার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক জানান, তার ব্যাটালিয়নের অধীন চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে চারুয়াপাড়া বিওপি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া নামক স্থানে গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত চারটি যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ওই অভিযানে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন, একই গ্রামের এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) এবং মো. আজহারুল ইসলাম (২৭) পিতা মৃত আব্দুল করিম।

অধিনায়কের তথ্য অনুযায়ী, রুবেল হোসেনের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন বিজয়পুর বিওপি সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া নামক স্থানে রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে মো. হারুন মিয়াকে (৪২) আটক করা হয়। তিনি নেত্রকোণার দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগতকুড়া গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধেও পূর্বে তিনটি মামলা রয়েছে।

অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী আরও জানান, চারুয়াপাড়া বিওপির হাতে আটক ৪ জনকে ধোবাউড়া থানার কাছে এবং বিজয়পুর বিওপির হাতে আটক ১ জনকে দুর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ৫ জন চোরাচালানের সাথেও জড়িত বলে তিনি উল্লেখ করেন।

সীমান্তপথে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে উল্লেখ করে অধিনায়ক বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%