ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন, ফেরার পথে সাতক্ষীরার সীমান্তে যুবক আটক


গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন, ফেরার পথে সাতক্ষীরার সীমান্তে যুবক আটক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পর এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার সময় আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে।

আরও পড়ুন: ভৈরবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।

এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। সেখান থেকে শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।

পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। উক্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছা-ঢাকা পদ্মা সেতু রুটে পরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


পাইকগাছা-ঢাকা পদ্মা সেতু রুটে পরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

খুলনার পাইকগাছা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে পরিবহন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। আওয়ামী লীগ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করার কারণে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে পরিবহন কর্তৃপক্ষ পদ্মা সেতু রুটে পরিবহন চলাচল বন্ধ রেখেছে। এর ফলে দূরপাল্লার যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাইকগাছা-ঢাকা রুটে প্রতিদিন অন্তত ২৫টি পরিবহন চলাচল করে। এর মধ্যে দিনে ১০টি এবং রাতে ১৫টি বাস চলাচল করে। পাইকগাছা, কয়রা, আশাশুনি, শ্যামনগর ও দাকোপসহ আশপাশের এলাকার শত শত দূরপাল্লার যাত্রী এই রুটে যাতায়াত করেন।

আওয়ামী লীগ কর্তৃক ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন ঘোষণা করার ফলে পরিবহন কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। রোববার সকাল থেকে বেশ কিছু পরিবহন বন্ধ রাখা হয়েছে। যদিও ফেরি পারাপার রুটে কিছু বাস চলাচল করছে, তবে পদ্মা সেতু রুটে কোনো পরিবহন রোববার সকালে ছেড়ে যায়নি। এর ফলে অনেক দূরপাল্লার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেকের অগ্রিম টিকিট থাকলেও পরিবহন বন্ধ থাকায় কাউন্টার থেকে ফিরে যেতে হয়েছে।

দূরপাল্লার যাত্রী সাইফুল ইসলাম জানান, "সকালে বাসা থেকে বিদায় নিয়ে কাউন্টারে এসে শুনি পরিবহন চলাচল বন্ধ। ঢাকায় জরুরি যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু পরিবহন বন্ধ থাকায় যেতে পারিনি।"

এ বিষয়ে পরিবহন স্ট্যান্ড কমিটির কোষাধ্যক্ষ ও লিটন ট্রাভেলসের ম্যানেজার শাহজাহান কবির বলেন, "লকডাউনের কারণে পদ্মা সেতু রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, লিটন ট্রাভেলস, জয় ও স্টার ডিলাক্সসহ বেশ কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।"

অন্যদিকে, লকডাউনের কারণে দূরপাল্লার ফেরি রুটসহ পাইকগাছা-খুলনা রুটে কোনো প্রভাব পড়েনি। খুলনা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডল জানিয়েছেন, এসব রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে অস্বাভাবিক লেনদেনে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


গোপালগঞ্জে অস্বাভাবিক লেনদেনে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে।

রোববার এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।"

তবে অ্যাকাউন্টগুলো কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন বলপ্রয়োগ করেনি।

গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন পরিস্থিতিতে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবি

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। এছাড়া রাসায়নিক সামগ্রী ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থের হিসাবও তিনি যথাযথভাবে দিতে পারেননি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, "আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।"

এ সময় শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ অন্যান্য শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, "শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিরামপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


হরিরামপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরে নিষিদ্ধ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ এবং বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিব চৌধুরী মিন্টুকে থানা পুলিশ আটক করেছে।

গ্রেফতারকৃতদের ২৭ ও ২৮ নভেম্বর (শুক্র ও শনিবার) নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।

মহিদুর রহমান মহিদ বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র। তাঁকে শনিবার বিকেলে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে, মুজিব চৌধুরী মিন্টু একই গ্রামের মৃত আনসার উদ্দিন চৌধুরীর পুত্র। তাঁকে শুক্রবার দিবাগত মধ্যরাতে আটক করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়। এই মামলায় মহিদুর রহমান মহিদকে গ্রেফতার করা হয় এবং রোববার সকালে তাঁকে সদর থানায় পাঠানো হয়।

মুজিব চৌধুরী মিন্টুকে ২০২২ সালের ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়িতে দোয়া মাহফিলে হামলার ঘটনায় আটক করা হয়। ওই হামলায় রিতার ঘরবাড়ি ভাঙচুর হয় এবং তিন নেতাকর্মী আহত হন। প্রায় আড়াই বছর পর গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল। মামলায় সাবেক এমপি মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় মুজিব চৌধুরী মিন্টুকে আটক করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, মহিদুর রহমান মহিদকে সদর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে এবং পরে তাঁকে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে, মুজিব চৌধুরী মিন্টুকে হরিরামপুর থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতা মামলায় আটক করা হয়েছে। শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%