০৩:২৩ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : রাশিয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার রাতে ইউক্রেনের ১ হাজার ১৭টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এসব ড্রোনের মধ্যে কয়েকশটি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে উড়ে আসছিল।
এর আগে, শনিবার রাশিয়া দাবি করেছিল যে, রাতে তারা ইউক্রেনের ১ হাজার ২০০টির বেশি ড্রোন ধ্বংস করেছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়া কিভাবে গড়ে তুলেছে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী
যুদ্ধের পঞ্চম বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই আকাশপথে হামলা বাড়িয়ে দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সকালে জানায়, মস্কোসহ দেশের এক ডজনেরও বেশি অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনীর দ্বারা।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানী অঞ্চল লক্ষ্য করে ৫০০টিরও বেশি ড্রোন উড়ে আসে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে তিনি লেখেন, ‘বেশির ভাগ ড্রোনই দূরবর্তী অবস্থানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। মস্কোর কাছাকাছি আসার পথে মোট ১০৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’
আরও পড়ুন: জাহাজ থেকে গ্রিনহাউস গ্যাস কমানোর প্রস্তাব নিয়ে লন্ডনে আইএমওর গুরুত্বপূর্ণ বৈঠক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগ এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে, বন্দি বিনিময়ের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন