প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের অন্যতম দরিদ্র ও কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশ উত্তর কোরিয়া। দেশটির অধিকাংশ মানুষের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত। বিদেশি চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠান দেখাও অপরাধ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সাইবার হামলা ও তথ্যপ্রযুক্তিনির্ভর চুরির ক্ষেত্রে দেশটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থী বাছাই, বিশেষ প্রশিক্ষণ এবং সামরিক বাহিনীর অধীনে নিয়োগের মাধ্যমে গড়ে তোলা হয়েছে দেশটির হ্যাকার বাহিনী। এই বাহিনী বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের বেশি সময়ে উত্তর কোরিয়ার সাইবার বাহিনী বড় বড় কয়েকটি হামলার সঙ্গে জড়িত। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে হলিউডের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে হামলা, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানে বড় অঙ্কের অর্থ লুট।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্স থেকে প্রায় ৬০০ কোটি ডলারের সমপরিমাণ ডিজিটাল মুদ্রা চুরির ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এ ঘটনার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। এ অর্থ চুরির মাধ্যমে দেশটির মোট ডিজিটাল মুদ্রা চুরির পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের চুরির অর্থ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের অন্যতম উৎস হয়ে উঠেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপে থাকলেও সাইবার অপরাধের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা সংগ্রহ করছে সরকার।
যেভাবে গড়ে ওঠে হ্যাকার বাহিনী
উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী গড়ে তোলার উদ্যোগ শুরু হয় কয়েক দশক আগে। ১৯৮০-এর দশকে তৎকালীন নেতা কিম ইল সুং রাজধানী পিয়ংইয়ংয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও বিদেশি ভাষা শেখানো হতো।
প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হতো। কম্পিউটার বিজ্ঞানে প্রতিবছর সেরা ১০০ শিক্ষার্থীকে সামরিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তাদের মধ্য থেকে মেধাবীদের চীন ও রাশিয়ায় পাঠানো হতো উন্নত প্রোগ্রামিং ও হ্যাকিং শেখার জন্য। একসময় যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশেও প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন কয়েকজন।
প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর সেরা শিক্ষার্থীদের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ১২১-এ নিয়োগ দেওয়া হতো। এই ইউনিট বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা পরিচালনা করে।
উত্তর কোরিয়ার পলাতক সাবেক শিক্ষার্থী জ্যাং সে-ইউলের ভাষ্য অনুযায়ী, এই বিশেষ বাহিনীতে সুযোগ পাওয়া ব্যক্তিদের জন্য ছিল নানা সুযোগ-সুবিধা। তাদের পরিবারকে রাজধানীতে বসবাসের সুযোগ এবং উন্নত আবাসন দেওয়া হতো। ফলে সাধারণ মানুষের তুলনায় তাদের জীবনযাত্রা ছিল অনেক বেশি স্বচ্ছন্দ।
২০১১ সালে কিম জং উন ক্ষমতায় আসার আগেই এই কাঠামো অনেকটা তৈরি হয়ে গিয়েছিল। ক্ষমতায় আসার পর সাইবার যুদ্ধের গুরুত্ব আরও বাড়ান তিনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ২০১৩ সালের এক প্রতিবেদনে কিমের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধ উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জন্য শক্তিশালী আঘাত হানার অস্ত্র।
২০১৯ সালের বিভিন্ন হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনীতে সদস্যসংখ্যা ১ হাজার ৮০০ থেকে ৭ হাজারের মধ্যে।
সনি পিকচার্স থেকে বাংলাদেশ ব্যাংক
উত্তর কোরিয়ার সাইবার সক্ষমতার বড় প্রমাণ পাওয়া যায় ২০১৪ সালে। সে বছর লাজারাস গ্রুপ নামে পরিচিত হ্যাকারদের একটি দল হলিউডের সনি পিকচার্সে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ধ্বংস করে, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি করে এবং অপ্রকাশিত চলচ্চিত্র ও কর্মকর্তাদের ই-মেইল ফাঁস করে দেয়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার কাহিনিনির্ভর ‘দ্য ইন্টারভিউ’ চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি নিচ্ছিল সনি পিকচার্স। ধারণা করা হয়, এ কারণেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এর দুই বছর পর ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের সাইবার হামলা চালায় একই হ্যাকার গোষ্ঠী। ভুয়া ই-মেইলের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থায় প্রবেশ করে তারা এশিয়ার বিভিন্ন দেশে থাকা ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠায়।
প্রায় ১০০ কোটি ডলার চুরির পরিকল্পনা থাকলেও একটি ভুয়া লেনদেনের আদেশে ব্যবহৃত শব্দের কারণে সতর্কসংকেত বেজে ওঠে। এতে আরও অর্থ স্থানান্তর বন্ধ হয়ে যায়। তবে তার আগেই হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়।
পরবর্তী সময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় উত্তর কোরিয়া বিকল্প অর্থ আয়ের পথ হিসেবে ক্রিপ্টোকারেন্সি চুরির দিকে ঝুঁকে পড়ে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার তুলনায় ডিজিটাল মুদ্রার লেনদেন গোপন রাখা সহজ হওয়ায় এটি দেশটির জন্য বড় সুযোগ তৈরি করে।
যেভাবে চুরি করে ডিজিটাল মুদ্রা
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিক কার্লসেনের মতে, উত্তর কোরিয়ার অধিকাংশ সাইবার হামলার পেছনে মানুষের অসতর্কতাকে কাজে লাগানো হয়। এ পদ্ধতিকে বলা হয় সামাজিক প্রকৌশল। ভুয়া ই-মেইল, চাকরির প্রস্তাব, নকল পরিচয় কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ফোনকলের মাধ্যমে লক্ষ্যবস্তুকে প্রতারণা করা হয়।
বিন্যান্সে হামলার ক্ষেত্রেও একজন কর্মীকে ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলা হয়েছিল। আরেক কর্মী অসাবধানতাবশত ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করেন। এর সুযোগ নিয়ে হ্যাকাররা প্রতিষ্ঠানের ডিজিটাল মুদ্রার ভান্ডারে প্রবেশ করে মাত্র ২০ মিনিটে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ সরিয়ে নেয় বলে জানিয়েছে টিআরএম ল্যাবস।
চুরি করা অর্থ সরাসরি ব্যবহার করা যায় না। এজন্য হ্যাকাররা প্রথমে এক ধরনের ডিজিটাল মুদ্রা অন্য ধরনের মুদ্রায় রূপান্তর করে। পরে বিভিন্ন ডিজিটাল লেনদেনব্যবস্থা ও অর্থের উৎস গোপন রাখার বিশেষ মাধ্যম ব্যবহার করে অর্থের প্রকৃত মালিকানা আড়াল করা হয়।
২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বাইবিটে হামলার সময় ১৫০ কোটি ডলারের ইথেরিয়াম চুরি করা হয়েছিল। পরে তা বিটকয়েনে রূপান্তর করে বিভিন্ন মাধ্যমে স্থানান্তর করা হয়। একপর্যায়ে মার্কিন ডলারের সঙ্গে মূল্য স্থিতিশীল রাখা ডিজিটাল মুদ্রা ইউএসডিটিতে রূপান্তর করে অবৈধ চীনা মধ্যস্থতাকারীদের কাছে বিক্রি করা হয়। এর বিনিময়ে ব্যাংক জমা, কার্ড কিংবা নগদ অর্থ সংগ্রহ করা হয়।
বিশেষজ্ঞদের ধারণা, চুরি করা অর্থের সবটুকু শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে পৌঁছায় না। বিভিন্ন লেনদেনের সময় কিছু অর্থ জব্দ হয়ে যায়। সব মিলিয়ে চুরি করা অর্থের প্রায় ৭৫ থেকে ৮৫ শতাংশ শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে যেতে পারে।
পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় অর্ধেক আসে সাইবার কার্যক্রম থেকে। এই অর্থের একটি বড় অংশ দেশটির অস্ত্র কর্মসূচিতে ব্যয় হতে পারে।
প্রতিবেদনে জাতিসংঘের এক সদস্যদেশের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচির প্রায় ৪০ শতাংশের অর্থায়ন হয় অবৈধ সাইবার কার্যক্রমের মাধ্যমে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিটিইএক্সের গবেষক মাইকেল বার্নহার্টের মতে, উত্তর কোরিয়ার ডিজিটাল মুদ্রা চুরির বিষয়টি শুধু কোনো বিনিময় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি নয়; এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের সক্ষমতা আরও বাড়তে পারে। চলতি বছরের নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানায়, গত ১৮ মাসে ভুয়া পরিচয় ও কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও বৈঠক ব্যবহার করে উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে ৪০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন