ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে চা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতির সাক্ষাৎ


শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে চা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতির সাক্ষাৎ

নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা দীর্ঘ ৯ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি নির্বাচন আয়োজনের শুরু থেকে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে রাজু গোয়ালা এসব কথা বলেন। এ সময় শ্রমমন্ত্রী নবনির্বাচিত সভাপতিকে নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।

রাজু গোয়ালা বলেন, "দীর্ঘ ৯ বছর পর চা শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।" তিনি উল্লেখ করেন, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এই নির্বাচন সম্পন্ন করতে সরকারের সহযোগিতা এবং শ্রমমন্ত্রীর আন্তরিক ভূমিকা প্রশংসার দাবিদার। বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এ সময় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "চা শ্রমিকেরা দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।" তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত ইতিবাচক। নবনির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের স্বার্থ রক্ষা, ঐক্য বজায় রাখা এবং তাঁদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জানান, সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাজু গোয়ালা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধ: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


মানবতাবিরোধী অপরাধ: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক চলছে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনার প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামিপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক অনুষ্ঠিত হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশগ্রহণ করছেন জিয়াউল আহসান।

তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দাবি করেন। একইসাথে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের পর ৮ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। যেখানে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে।

এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে ২০১১ সালে গাজীপুরের পূবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবনে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে আরও শতাধিক মানুষকে হত্যার অভিযোগ।

গত বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের নৈসর্গিক সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ ওয়েলস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


যুক্তরাজ্যের নৈসর্গিক সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ ওয়েলস

যুক্তরাজ্যের অন্যতম দেশ ওয়েলস, যা প্রাকৃতিক ভূদৃশ্য, প্রাচীন দুর্গ, পাহাড়, সমুদ্র, শান্ত হ্রদ, সবুজ উপত্যকা, মেঘে মোড়ানো আকাশ এবং স্থাপত্যের বিপুল সৌন্দর্যে ভরপুর। ঐতিহ্য ও সৌন্দর্যের দিক থেকে যুক্তরাজ্যের চারটি দেশের মধ্যে ওয়েলস অনন্য, যেখানে রয়েছে নিজস্ব পার্লামেন্ট, সরকার, পতাকা, ভাষা ও সংস্কৃতি।

প্রকৃতির অবারিত সৌন্দর্যে ভরা ওয়েলস, যেখানে সমুদ্র এবং পাহাড়ের মাঝে ছড়িয়ে আছে অপরূপ দৃশ্যাবলী। দিগন্তজোড়া উপত্যকা, পাহাড়ের গায়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তা, মেঘের ছায়া এবং নিস্তব্ধতা যেন প্রকৃতির এক নির্মল আলিঙ্গন। সত্যিই, যদি কেউ ওয়েলস না দেখে, তবে ব্রিটেনকে পুরোপুরি দেখা হবে না। কারণ এই ছোট দেশটি এড়িয়ে গেলে আপনি এর পাহাড়, দুর্গ, উপকূল এবং প্রাচীন সংস্কৃতি থেকে বঞ্চিত হবেন। ওয়েলস হলো যুক্তরাজ্যের একটি লুকানো স্বর্গ, যেখানে প্রকৃতির বিশালতার ছোঁয়ায় প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক মুগ্ধ হন।

গ্রেট ব্রিটেন দ্বীপের পশ্চিম দিকের একটি ছোট অংশ জুড়ে অবস্থিত ওয়েলসের আয়তন প্রায় ২১ হাজার বর্গকিলোমিটার। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, জনসংখ্যা প্রায় ৩১ লাখ ৭৫ হাজার। রাজধানী কার্ডিফ, যা দেশের প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। ত্রয়োদশ শতকে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ওয়েলসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে, ওয়েলস ইংরেজ শাসনব্যবস্থার সঙ্গে একীভূত হয়। ওয়েলসের ইতিহাস অনেক পুরোনো, যেখানে কেল্টিক জনগোষ্ঠী, স্থানীয় রাজ্য এবং ইংল্যান্ডের সঙ্গে দীর্ঘ যুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাতের কথা আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। ওয়েলসের প্রতিটি শহর থেকে শহরের পথে-প্রান্তরে সব সাইনবোর্ডে ওয়েলস ভাষার পাশাপাশি ইংরেজির দখল রয়েছে। তবে তাদের গ্রামগুলো খুবই সুন্দর, যেখানে গ্রামের মানুষজনকে এখনো অপূর্ব সুন্দর ভাষায় কথা বলতে দেখা যায়। পুরো ওয়েলসে মুক্তভাবে ঘুরে বেড়ানো ঘোড়া, গরু, ভেড়া, এমনকি মাঝে মাঝে পাহাড়ি শিয়ালও দেখা যায়।

নীল সমুদ্র, পাথুরে উপকূল এবং দিগন্তের সঙ্গে মিশে যাওয়া আকাশের মাঝে সবুজের বুক চিরে বয়ে আসছে পাহাড়ি ঝরনা! একই দেশের মধ্যে প্রকৃতি যে এত ভিন্ন ভিন্ন রূপে নিজেকে সাজাতে পারে, তা ওয়েলস না দেখলে হয়তো বিশ্বাসই হবে না। ওয়েলসের সুবিশাল পাহাড় জুড়ে বেশ কিছু ঝরনা রয়েছে; এর মধ্যে শ্যালও ফলস, পিস্টাল রাইডার, আবের, সোয়ালো, কনওয়ে, ডলগোচ, ডাইসারথসহ ছোট-বড় অর্ধশতাধিক পাহাড়ি ঝরনা বিদ্যমান।

বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ওয়েলসকে প্রকৃতির রানি বলা হয়। এখানকার আকাশ, সাগর, নদী, পাহাড় এবং হ্রদের মিতালি এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে, যা পর্যটকদের বিমুগ্ধ করে। কথিত আছে, ব্রিটিশ রাজপরিবার তাদের বিয়ের আংটি তৈরির জন্য ওয়েলসের সোনা ব্যবহার করত।

ওয়েলসের সেরা বেশ কয়েকটি জনপ্রিয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো—স্নোডোনিয়া জাতীয় উদ্যান। নর্থওয়েলসের মুকুট হিসেবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাসিক এই মাউন্টেন, যা ইংল্যান্ডের অন্যতম পর্বতমালা। এই সুবিশাল সমতল চূড়ার পর্বতটি শহরের প্রায় প্রতিটি কোণ থেকে দৃশ্যমান। এর চূড়া যখন মেঘের আস্তরণে ঢাকা পড়ে, স্থানীয়রা তাকে আদর করে ‘টেবিল ক্লথ’ বলে ডাকেন। পুরো ওয়েলস জুড়ে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের খেলা এবং সবুজ অরণ্যে ঘেরা এই রাজ্যে আগত পর্যটকরা সবসময়ই মাতোয়ারা হয়ে থাকেন।

কার্ডিফ ক্যাসেল হাজার বছরের ইতিহাস, স্থাপত্য এবং শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। প্রায় দুই হাজার বছরের ইতিহাস বহনকারী এই ক্যাসেল বা দুর্গ শুধুমাত্র প্রতিরক্ষা স্থাপত্য ছিল না; এটি ওয়েলসের সাংস্কৃতিক ঐতিহ্য, সামরিক কৌশল এবং শিল্পরুচিরও এক অনন্য প্রতিফলন। এই ক্যাসেলটি শুধু পর্যটন কেন্দ্রই নয়, এটি ওয়েলসের গৌরবময় ঐতিহ্যের এক অনন্য প্রতীক এবং অতীত ও বর্তমানের সেতুবন্ধ। সাগর-পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে দেখতে হলে ওয়েলসে যেতে হবে। ওয়েলস রাজ্যের প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং বিস্ময়ের অজস্র গল্পকথা। এককথায়, ওয়েলসের প্রাকৃতিক সৌন্দর্য এবং রূপবৈচিত্র্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। সাউথ ওয়েস্ট ওয়েলসের সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনার ক্ষেত্রে সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলোর মধ্যে বিখ্যাত টেনবি বিচ। ভিক্টোরিয়ান যুগ থেকেই রাজপরিবারের কাছে এই স্থানটি জনপ্রিয় ছিল। ২০১৩ সালে টেনবি বিচ জনসাধারণের ভোটে ব্রিটিশ ট্র্যাভেল অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পুরস্কারের অধিকারী হয়। সেই থেকে এই সৈকতটি তার রূপের মহিমা দিয়ে ভ্রমণপিপাসুদের কাছে টানছে। তাছাড়া প্রায় কয়েক ডজন সমুদ্রসৈকত রয়েছে, যেগুলোর মধ্যে পেমব্রোকশায়ার সমুদ্রসৈকত, সেন্ট ডেভিডস সমুদ্রসৈকত এবং বারফান্ড সমুদ্রসৈকত ইউরোপের বেশ কয়েকটি স্বীকৃতিপ্রাপ্ত সৈকতের অন্যতম। এছাড়া কার্নারফন ক্যাসেল, কনউই ক্যাসেলসহ বেশ কিছু ক্যাসেল রয়েছে।

কার্ডিফ সিটি, পার্লামেন্ট ভবনসহ প্রাচীন স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন ওয়েলসকে ইউরোপের অন্য দেশগুলো থেকে অনেকটাই আলাদা করে রেখেছে। দেশটিতে অনেকগুলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ওয়েলস রাজ্যের প্রতিটি শহর মনোরম। প্রতিটি প্রান্ত দেখলেই চোখ জুড়ায়। যুক্তরাজ্যের চারটি দেশের মধ্যে ওয়েলস সবচেয়ে সৌন্দর্যময় দেশ। এর প্রাকৃতিক দৃশ্য ইউরোপের যেকোনো দেশকে হার মানায়। পাহাড়, পর্বত, নদী, সাগর, ঝরনা, লেক—এ সবকিছুর সৌন্দর্য যেন মহান আল্লাহ তায়ালা নিজ হাতে ঢেলে সাজিয়েছেন।

চোখের সামনে ছড়িয়ে আছে সবুজ ঘাসে ঢাকা ঢেউখেলানো উপত্যকা, আর দূরে পাহাড়ের গায়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে এক চূড়া থেকে অন্য চূড়ায়। মাঝে মাঝে সূর্যের আলো ভেদ করে ঝলমলে রশ্মি ছড়াচ্ছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ নেমে আসে, কখনো পাহাড়ের চূড়া হারিয়ে যায় ঘন কুয়াশার আড়ালে। স্বপ্নের ওয়েলস সত্যিই অনিন্দ্য সুন্দর। এখানকার সমুদ্রসৈকতের প্রকৃতির এই নীরব সৌন্দর্য ভ্রমণপিপাসুদের চোখ ফেরাতে পারবে না। ওয়েলসের বিভিন্ন বিচ তাদের রূপের মহিমায় যেমন পর্যটকদের কাছে টানে, তেমনি সৌন্দর্যের মায়াজালে তাদের বেঁধে রাখে। পাহাড় ও সমুদ্রের মিলনস্থলের নীরব সৌন্দর্য যেন প্রকৃতির এক নৈসর্গিক মুগ্ধতার হাতছানি দিয়ে সবাইকে ডাকছে। ভ্রমণপ্রেমীদের জন্য ওয়েলস এক কাঙ্ক্ষিত গন্তব্য, যেন প্রকৃতির কোলে স্বর্গীয় সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডব্লিউএফপি ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


ডব্লিউএফপি ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইয়েমেনে ২০ হাজার ৫০০ টনের বেশি খাদ্য ও পুষ্টিসামগ্রী দ্রুত পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে।

এ তথ্যটি জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ।

লিন্ডবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইয়েমেনে খাদ্য ও পুষ্টিসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রমকে দ্রুততর করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচারের মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। ফ্লেচার ইয়েমেনের মানবিক পরিস্থিতি তুলে ধরে বলেন, অর্থের ঘাটতি, অতিরিক্ত কাজের চাপ এবং হামলার শিকার হওয়ার বিষয়গুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রমের সংকটকে স্পষ্ট করে তুলেছে।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে ইয়েমেনে মানবিক সংকট আরো গভীর হচ্ছে। গত শুক্রবার জাতিসংঘ সতর্ক করে বলেছে, খাদ্যসংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইয়েমেন অন্যতম। আগামী ছয় মাসে দেশটিতে ক্ষুধা ও খাদ্যসংকট আরো বাড়তে পারে।

এই পরিস্থিতিতে খাদ্য ও পুষ্টিসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডব্লিউএফপি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


মানিকগঞ্জে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার, উপজেলার ধানকোড়া ইউনিয়নের বাহির কামতা গ্রামের বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমান ঘুমানোর সময় কে বা কারা তার বাড়িতে আগুন দেয়। এই সময় মতিউরের পিতা আব্দুল জলিল জেগে থাকায় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং তারা মিলে আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘরের শোয়ার কক্ষে রাখা ধানের বস্তায় আগুন লেগে যায়।

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, "এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%