০২:০২ পি.এম
২০২৬ সালে তরুণদের কথাবার্তায় নতুন নতুন শব্দ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই শব্দগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে। তরুণেরা কখনও প্রশংসা, কখনও খুনসুটি, আবার কখনও নিজেদের অনুভূতি বা জীবনযাপনের ধরন বোঝাতে এসব শব্দ ব্যবহার করছেন। মগিং, অরা ফার্মিং, হুইমজি কিংবা স্লপ—এমন অনেক শব্দ এখন তরুণদের আলোচনায় স্থান করে নিয়েছে।
এসব শব্দের মধ্যে কিছু পুরোনো শব্দের নতুন ব্যবহার থেকে এসেছে, আবার কিছু ইন্টারনেট সংস্কৃতির প্রভাবে তৈরি হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে ২০২৬ সালে জেন-জি ও জেনারেশন আলফার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা ১০টি শব্দের অর্থ ও ব্যবহার তুলে ধরা হয়েছে। চলুন, শব্দগুলোর মানে সম্পর্কে জানি।
১. অরা, অরা পয়েন্টস ও অরা ফার্মিং
আরও পড়ুন: যুক্তরাজ্যের নৈসর্গিক সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ ওয়েলস
‘অরা’ শব্দটি বোঝাতে ব্যবহৃত হয় কারও ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস কিংবা উপস্থিতির বিশেষ আকর্ষণ। যখন কেউ দারুণ কোনো কাজ করে, তখন মজার ছলে বলা হয়, তার অরা পয়েন্ট বেড়েছে। অন্যদিকে, যদি কেউ বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করে, তখন তার অরা পয়েন্ট কমে যায়। ‘অরা ফার্মিং’ বলতে বোঝায়, নিজেকে অতিরিক্ত আকর্ষণীয় বা আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরার চেষ্টা।
২. মগিং
এ বছরের আলোচিত শব্দগুলোর মধ্যে ‘মগিং’ অন্যতম। কলিন্স অভিধান ২০২৬ সালের সেরা শব্দ হিসেবে এটিকে বেছে নিয়েছে। শব্দটি বোঝায়, কারও চেহারা, পোশাক, ব্যক্তিত্ব কিংবা আত্মবিশ্বাসের কারণে অন্য কাউকে ছাপিয়ে যাওয়ার বিষয়টি। একই স্থানে দুজন থাকলে একজনের উপস্থিতি অন্যজনের চেয়ে বেশি নজর কাড়লে বলা হয়, তিনি অন্যজনকে ‘মগ’ করছেন। চলতি বছরে শব্দটির ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ।
৩. হুইমজি
আরও পড়ুন: আজ ন্যাশনাল চকোলেটস ডে, খাওয়ার দিন
‘হুইমজি’ একটি শব্দের পাশাপাশি একটি জীবনযাপনের ধরনও। এটি বোঝায়, দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, শিশুসুলভ কৌতূহল ধরে রাখা এবং মজার বা ব্যতিক্রমী কাজের মাধ্যমে জীবন উপভোগ করা। রঙিন পোশাক পরা, মোবাইল ফোন থেকে দূরে থেকে বুনন বা হাতের কাজ করা কিংবা অদ্ভুত কোনো শখে সময় কাটানো—সবই এর অংশ। একঘেয়েমি ভেঙে আনন্দময় জীবনযাপনের ধারণা থেকেই তরুণদের মধ্যে শব্দটি জনপ্রিয় হয়েছে।
৪. ম্যাক্সিং
‘ম্যাক্সিং’ শব্দটি বোঝাতে ব্যবহৃত হয়, নিজের কোনো একটি দিককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা। যেমন, চেহারা আরও আকর্ষণীয় করার চেষ্টা, ঘুমের অভ্যাস উন্নত করা কিংবা খাবারে আমিষের পরিমাণ বাড়ানোর প্রচেষ্টা বোঝাতে শব্দটির সঙ্গে বিভিন্ন বিষয় যুক্ত করা হয়। সহজভাবে বললে, কোনো কিছুকে যতটা সম্ভব উন্নত করার চেষ্টাই ‘ম্যাক্সিং’ বলা হয়।
৫. স্লপ
আরও পড়ুন: আমেরিকানদের টিপ দেওয়ার সংস্কৃতি: সামাজিক বাধ্যবাধকতা ও ইতিহাস
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিম্নমানের ছবি, ভিডিও কিংবা অন্যান্য উপকরণকে ব্যঙ্গ করে ‘স্লপ’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উপকরণ বেড়ে যাওয়ায় শব্দটির ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এখন নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি উপকরণমুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম চান। ‘স্লপ’ ও ‘প্রোপাগান্ডা’ শব্দের মিশ্রণে তৈরি ‘স্লপাগান্ডা’ বলতে বোঝানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিম্নমানের প্রচারণামূলক উপকরণ। ২০২৬ সালে শব্দটির ব্যবহার বেড়েছে ১ হাজার ৩০০ শতাংশ।
৬. স্লাজ
‘স্লপ’-এর সঙ্গে ‘স্লাজ’ শব্দটির কিছুটা মিল থাকলেও অর্থ আলাদা। ‘স্লাজ’ শব্দটি ব্যবহার করা হয় এমন ভিডিওর ক্ষেত্রে, যেখানে একই পর্দায় একাধিক ধরনের উপকরণ একসঙ্গে দেখানো হয়। যেমন, একদিকে গল্প বলা হচ্ছে, অন্যদিকে চলছে খেলা, পাশাপাশি দেখা যাচ্ছে মনোযোগ ধরে রাখার মতো কোনো দৃশ্য। মূলত দর্শককে দীর্ঘ সময় ভিডিওতে আটকে রাখার উদ্দেশ্যে এ ধরনের ভিডিও তৈরি করা হয়।
৭. ক্ল্যাঙ্কার
আরও পড়ুন: প্রেমের টানে যশোরে এসে বাংলাদেশিকে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নূর হায়াতি
কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ও কথোপকথনভিত্তিক যন্ত্রকে ব্যঙ্গ করে ‘ক্ল্যাঙ্কার’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। ২০০৫ সালের ভিডিও গেম ‘স্টার ওয়ারস: রিপাবলিক কমান্ডো’ থেকে শব্দটির উৎপত্তি। ওই খেলায় রোবট বা যন্ত্রমানবদের অপমানসূচকভাবে এই নামে ডাকা হতো। সময়ের সঙ্গে শব্দটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ক্ষেত্রেও এটি ব্যবহৃত হচ্ছে তরুণদের মধ্যে।
৮. আনক
‘আনক’ মূলত ‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ। তবে তরুণদের কথাবার্তায় এটি শুধুমাত্র চাচা বা মামাকে বোঝায় না। বয়সে বড় বা সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা কাউকে মজা করে ‘আনক’ বলা হয়। তবে শব্দটি সব সময় অপমানসূচক নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও খুনসুটি করে কাউকে এ নামে ডাকা হয়।
৯. চাড
আরও পড়ুন: টিকটকে প্রেম: বাবা-মাকে নিয়ে মালয়েশিয়ান তরুণী যশোরে করলেন বিয়ে
কাউকে বোকা, নির্বোধ কিংবা ব্যর্থ ব্যক্তি হিসেবে ব্যঙ্গ করতে ‘চাড’ শব্দটি ব্যবহৃত হয়। ১৯৮৪ সালের কল্পবিজ্ঞানভিত্তিক ভৌতিক চলচ্চিত্র ‘সি.এইচ.ইউ.ডি.’ থেকে শব্দটির উৎপত্তি। ওই চলচ্চিত্রে ভূগর্ভে বসবাসকারী ভয়ংকর প্রাণীদের বোঝাতে নামটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিসরেও শব্দটির ব্যবহার দেখা যায়। বর্তমানে তরুণদের মধ্যে এটি সাধারণত কাউকে বোকা বা ব্যর্থ বোঝাতে ব্যবহৃত হচ্ছে।
১০. কোডেড
কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্য, অনুভূতি কিংবা চরিত্রের ছাপ থাকলে ‘কোডেড’ শব্দটি ব্যবহার করা হয়। যেমন, ‘গোল্ডেন রিট্রিভার-কোডেড’ বলতে বোঝানো হয়, যার আচরণ বন্ধুসুলভ, প্রাণবন্ত ও আনন্দময়। আবার ‘কর্টিসল-কোডেড’ বলতে বোঝায়, এমন পরিস্থিতি বা বিষয়, যা মানসিক চাপ বা উদ্বেগ তৈরি করে। অর্থাৎ, কোনো কিছুর বিশেষ ধরন বা বৈশিষ্ট্য প্রকাশ করতেই শব্দটি ব্যবহার করা হয়।
তরুণদের ভাষায় কেন আসছে নতুন শব্দ?
আরও পড়ুন: হজ-ওমরাহযাত্রীদের জন্য শেয়ারট্রিপ ও মেডিকএআইয়ের ডিজিটাল স্বাস্থ্যসেবা চুক্তি
ভাষাবিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে নতুন শব্দ তৈরি করা এবং প্রচলিত শব্দকে নতুন অর্থে ব্যবহারের প্রবণতা অত্যন্ত সৃজনশীল। কিংস কলেজ লন্ডনের কথ্য ভাষা ও নতুন শব্দের সংগ্রহশালার পরিচালক টনি থর্নের মতে, তরুণদের ব্যবহৃত এসব শব্দ থেকে তাদের চিন্তাভাবনা, জীবনযাপন ও আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে আগে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে প্রচলিত শব্দও এখন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ফলে প্রতিনিয়ত তরুণদের কথাবার্তার ধরন বদলে যাচ্ছে। আজ যে শব্দটি নতুন, কিছুদিন পর সেটিই হয়তো হয়ে উঠবে সবার পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন