প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ সরবরাহকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি এবং রাতের টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
আজ রবিবার বিপিডিবির ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে তল্লাশি এবং পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে স্থাপনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি নিয়ে প্রবেশকারীদের জন্য ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে যথাযথ তল্লাশি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালন এবং নিরাপত্তাবাতি সচল রাখার নির্দেশনা রয়েছে।
দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে, নিরাপত্তা টহল বাড়াতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন