ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহানবী (সা.)-এর পরামর্শে ফাতেমা বিনতে কায়সের পুনর্বিবাহ


মহানবী (সা.)-এর পরামর্শে ফাতেমা বিনতে কায়সের পুনর্বিবাহ

মহানবী (সা.)-এর যুগে বিয়ে, তালাক, একাধিক বিয়ে কিংবা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর পুনর্বিবাহ—এসব বিষয় ছিল সমাজের স্বাভাবিক বাস্তবতা। কোনো নারীর তালাকপ্রাপ্ত হওয়া তাঁর মর্যাদাহানির কারণ হিসেবে বিবেচিত হত না। বরং তাঁরা নতুন করে সংসার গড়ার সুযোগ পেতেন সম্মানের সঙ্গে। সাহাবিদের মধ্যে এমন অনেক উদাহরণ রয়েছে, যাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছিল তালাকের মাধ্যমে।

এদের মধ্যে আবু বকর, ওমর ইবনুল খাত্তাব ও জুবাইর ইবনুল আওয়াম (রা.)-এর মতো বিশিষ্ট সাহাবিরাও অন্তর্ভুক্ত ছিলেন। তাঁদের পরিবারেও তালাক ও পুনর্বিবাহের ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের একটি ঘটনা বিশেষভাবে শিক্ষণীয়।

ফাতিমা বিনতে কায়স (রা.) ছিলেন মক্কার অধিবাসী। ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। তাঁর প্রথম স্বামী ছিলেন আবু আমর ইবনে হাফস আল-মাখজুমি। স্বামী তাঁকে প্রথমে দুই তালাক দেন। পরে একটি অভিযানে বের হওয়ার পর নিজের প্রতিনিধি আইয়াশ ইবনে আবি রাবিয়া (রা.)-এর মাধ্যমে তাঁকে তৃতীয় তালাকের খবর পাঠান। এভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। তালাকের পর আবু আমর তাঁর সাবেক স্ত্রীর জন্য পাঁচ সা যব ও পাঁচ সা খেজুর পাঠান। কিন্তু ফাতিমা বিনতে কায়স (রা.)-এর প্রশ্ন ছিল, এখন তিনি কোথায় থাকবেন? স্বামীর ঘর ছেড়ে যাওয়ার পর ইদ্দত পালন করবেন কোথায়? তাঁর ভরণপোষণ ও বাসস্থানের ব্যবস্থা কীভাবে হবে?

আরও পড়ুন: তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে তিন নতুন এমডি

স্বামীর প্রতিনিধি এ বিষয়ে কিছু জানেন না বলে জানালে ফাতিমা (রা.) অসন্তুষ্ট হন। তিনি বলেন, ‘আল্লাহর কসম! যদি আমার ভরণপোষণ ও বাসস্থানের অধিকার থাকে, তাহলে আমি তা অবশ্যই দাবি করব। আর এই খাবার আমি গ্রহণ করব না।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৪৪)

এরপর তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন। তাঁর কথা শুনে রাসুলুল্লাহ (সা.) তাঁকে জানান, যেহেতু তাঁর স্বামী তাঁকে চূড়ান্তভাবে তালাক দিয়েছেন, তাই এ অবস্থায় তাঁর সাবেক স্বামীর ওপর আগের মতো ভরণপোষণ ও বাসস্থানের দায়িত্ব বর্তাবে না। এরপর কোথায় ইদ্দত পালন করবেন, সে বিষয়ে রাসুলুল্লাহ (সা.) তাঁকে পরামর্শ দেন। প্রথমে তিনি ফাতিমা (রা.)-কে উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে যেতে বলেন। উম্মু শুরাইক ছিলেন সম্পদশালী আনসারি নারী। তিনি আল্লাহর পথে প্রচুর দান করতেন এবং তাঁর বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। (সুনানে নাসায়ি, হাদিস: ৩২৩৭)

তবে পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে সেখানে না গিয়ে অন্য জায়গায় ইদ্দত পালনের নির্দেশ দেন। কারণ উম্মু শুরাইক (রা.)-এর বাড়িতে অনেক মানুষের যাতায়াত ছিল। এতে ফাতিমা (রা.)-এর পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হতে পারত। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁকে তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-এর বাড়িতে ইদ্দত পালনের পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)

ইদ্দত শেষে ফাতিমা বিনতে কায়স (রা.)-এর কাছে একাধিক সাহাবি বিয়ের প্রস্তাব পাঠান। তিনি বিষয়টি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে পরামর্শ করতে যান। রাসুলুল্লাহ (সা.) জানতে চান, কারা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তিনি জানান, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (রা.) ও আবু জাহম (রা.) তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন।

আরও পড়ুন: ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘মেন অব ফজর’ উদ্যোগ

রাসুলুল্লাহ (সা.) তাঁদের সম্পর্কে নিজের জানা তথ্যের ভিত্তিতে ফাতিমা (রা.)-কে পরামর্শ দেন। তিনি বলেন, ‘মুয়াবিয়া তো একজন দরিদ্র ব্যক্তি, তাঁর কোনো সম্পদ নেই। আর আবু জাহম নারীদের প্রতি কঠোর আচরণ করেন—তিনি তাঁর কাঁধ থেকে লাঠি নামান না।’ অর্থাৎ তাঁর স্বভাব ও আচরণ দাম্পত্য জীবনের জন্য অনুকূল নাও হতে পারে। এরপর রাসুলুল্লাহ (সা.) তাঁকে উসামা ইবনে জায়েদ (রা.)-কে বিয়ে করার পরামর্শ দেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০; সুনানে নাসায়ি, হাদিস : ৩২৪৪)

উসামা ইবনে যায়িদ (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় সাহাবি। তিনি তাঁকে এতটাই ভালোবাসতেন যে একবার বলেছিলেন, ‘যে আমাকে ভালোবাসে, সে যেন উসামাকেও ভালোবাসে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪২৬)

তবু ফাতিমা বিনতে কায়স (রা.) প্রথমে উসামা (রা.)-কে বিয়ে করতে আগ্রহী ছিলেন না। কারণ তাঁর মনে এ বিয়ের ব্যাপারে কিছুটা দ্বিধা ছিল। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর পরামর্শের প্রতি আস্থা রেখে শেষ পর্যন্ত তিনি সম্মত হন। এমনকি তিনি নিজের বিয়ের বিষয়টি রাসুলুল্লাহ (সা.)-এর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার বিয়ের বিষয়টি আপনার ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। আপনি যাঁর সঙ্গে ইচ্ছা আমাকে বিয়ে দিন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৪৮০)

পরবর্তী সময়ে এ বিয়ে তাঁর জীবনে অত্যন্ত কল্যাণকর হয়ে ওঠে। ফাতিমা বিনতে কায়স (রা.) নিজেই তাঁদের দাম্পত্য জীবনের বরকতের কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহ আমাদের এ দাম্পত্য জীবনে এত বরকত দান করেছেন যে, অন্যরা আমাদের প্রতি ঈর্ষা করত।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২২৮৪)

আরও পড়ুন: মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা এম এ মান্নান (রহ.)

ফাতিমা বিনতে কায়স (রা.)-এর জীবনের এ ঘটনা আমাদের সামনে ইসলামের এক গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা তুলে ধরে। তালাক কোনো নারীর জীবনের সমাপ্তি নয়, তাঁর মর্যাদারও অবসান নয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও একজন নারীর সম্মান, অধিকার ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা অটুট থাকে। রাসুলুল্লাহ (সা.) শুধু একজন তালাকপ্রাপ্ত সাহাবির ইদ্দত পালনের ব্যবস্থা করেননি; বরং তাঁর পুনর্বিবাহের বিষয়েও আন্তরিক পরামর্শ দিয়েছেন। পাত্রদের ভালো-মন্দ দিক বিবেচনা করে তাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি এলেন আশরাফী থিম্পু, সম্পাদক মাইশা মালিহা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


রাবির সমকাল নাট্যচক্রের সভাপতি এলেন আশরাফী থিম্পু, সম্পাদক মাইশা মালিহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এলেন আশরাফী থিম্পু এবং সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী মাইশা মালিহা দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলে সংগঠনটির নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে কৃষিতত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আলিফ আহমেদ তারেক, সাংগঠনিক সম্পাদক সাদিয়াহ নওশীন সারাহ, অর্থ সম্পাদক মো. আবুজার গিফারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান তিশা, দপ্তর সম্পাদক মো. মুন্নাফ হোসেন এবং শিক্ষা, গবেষণা ও তথ্য সম্পাদক হিসেবে মো. রায়হান আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য-১ হিসেবে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আমির জামান এবং কার্যনির্বাহী সদস্য-২ হিসেবে ছাপচিত্র বিভাগের নুশাইকা রাইহান নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্র দীর্ঘ ৪৫ বছর ধরে ক্যাম্পাসে বিভিন্ন পথনাটক ও মঞ্চনাটক পরিবেশন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তা ঘাটতি ও দুর্ঘটনার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তা ঘাটতি ও দুর্ঘটনার ঝুঁকি

সুনামগঞ্জের ছাতকে চলমান দুটি সড়ক উন্নয়ন প্রকল্পে, যা প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে, নিরাপত্তার ঘাটতি, গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, অরক্ষিত নির্মাণসামগ্রী, গভীর খনন এবং সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তাবেষ্টনীর অভাবের কারণে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

ছাতকবাজার থেকে সুরমা সেতুর অ্যাপ্রোচের গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণের জন্য ১০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। ব্যস্ততম এ সড়কে পর্যাপ্ত ব্যারিকেড, সতর্কতামূলক সাইনবোর্ড এবং রাতের নিরাপত্তাবাতি না থাকার অভিযোগ উঠেছে। কোথাও সিসি ঢালাইয়ের পর রড বেরিয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।

ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সড়কের একটি বড় গর্ত দীর্ঘদিন ধরে সংস্কার না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি ওই গর্তে পড়ে দৈনিক মানবকণ্ঠের ছাতক প্রতিনিধি খালেদ মিয়া গুরুতর আহত হন।

অন্যদিকে, গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের জন্য ১৬৪ কোটি টাকা ব্যয় হচ্ছে। এই কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল। ঝাওয়াসহ বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তার পাশে ৩-৪ ফুট গভীর খননের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কয়েক দিন আগে এ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাফি নামের এক দুবাই প্রবাসী আহত হন। সড়কে চলাচলরত চালকদের অভিযোগ, পর্যাপ্ত সাইনবোর্ড, নিরাপত্তাবেষ্টনী এবং ধুলাবালি নিয়ন্ত্রণে পানির ব্যবস্থা না থাকায় রাতে ও কুয়াশার সময় ঝুঁকি আরও বাড়ছে।

এছাড়া, গোবিন্দগঞ্জ থেকে তেতইখালী নদী পর্যন্ত ড্রেন নির্মাণের জন্য সড়কের ওপর বালু-পাথর রেখে কাজ করা, কাদামাটির ওপর ঢালাই এবং বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে। এর ফলে ড্রেনের স্থায়িত্ব ও পানি নিষ্কাশন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পে কাজের মানের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ওটিবিএলের প্রকল্প ব্যবস্থাপক সজল জানিয়েছেন, ওয়ার্ক অর্ডার পেতে দেরি হয়েছে। নিয়ম অনুযায়ী রোড সাইনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিও সরানো হবে।

এমএম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক রাহাত সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত গর্ত ভরাটের আশ্বাস দিয়েছেন।

ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন জানিয়েছেন, গর্তগুলো দ্রুত ভরাট করা হবে। নিরাপত্তামূলক সাইনবোর্ড ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরে দুই রাত কাটালেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেসকা আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরে দুই রাত কাটালেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেসকা আলবানিজ

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় দেশটির কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে কোস্টারিকায় প্রবেশে বাধা দেওয়া হয়। এর ফলে তাকে রাজধানী সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই রাত কাটাতে হয়।

বৃহস্পতিবার রাতে কোস্টারিকায় পৌঁছানোর পর আলবানিজ জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে যান। পরবর্তীতে শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশ্যে কোস্টারিকা ত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমর বাদিল্লা জানান, আলবানিজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একটি আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। তিনি জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে তার প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি জানান। তবে ওই সতর্কতা কোন কর্তৃপক্ষ জারি করেছে, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। অভিযোগের সমর্থনে কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি। আলবানিজ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।"

শুক্রবার (২৭ নভেম্বর) বিমানবন্দরে অবস্থানকালে ভিডিও কলে কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলবানিজ। বিশ্ববিদ্যালয়টি তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করার আয়োজন করেছিল। তার পক্ষে একজন সহকারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিগ্রিটি গ্রহণ করেন।

এদিকে, আলবানিজের পক্ষে আদালতে হেবিয়াস করপাস আবেদন করা হলে দেশটির সাংবিধানিক আদালত তাকে জোর করে বহিষ্কারের প্রক্রিয়া স্থগিত করে। পরে আদালত তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার অনুমতি দেয়। তবে তার কোস্টারিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। দুই রাত বিমানবন্দরে আটকে থাকার পর শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশ্যে দেশটি ত্যাগ করেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কোস্টারিকা কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। দেশটির ন্যায়পাল কার্যালয়ও আলবানিজের বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করে প্রবেশে বাধা দেওয়ার সমালোচনা করে।

আলবানিজের দাবি, তার বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপের সাথে ফিলিস্তিন ইস্যুতে তার কাজের কারণে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার সম্পর্ক থাকতে পারে। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে কোস্টারিকা সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দের দুর্গম চরে মাষকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


গোয়ালন্দের দুর্গম চরে মাষকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলে দেশি প্রজাতির মাষকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা এবং বিস্তীর্ণ চরে মাষকলাইয়ের গাছের লকলকিয়ে বেড়ে ওঠার কারণে চাষিরা আগাম সাফল্যের স্বপ্ন দেখছেন। ভালো ফলনের সম্ভাবনার খবর শোনার পর চরের কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ ধোপাগাতির দুর্গম চরের বিস্তীর্ণ এলাকায় এ বছর মাষকলাইয়ের আবাদ করা হয়েছে। প্রতিবছরের তুলনায় এ বছর চরে আবাদ বৃদ্ধি পেয়েছে। বালু ও দোআঁশ মিশ্রিত চরের জমিতে দেশি জাতের মাষকলাইয়ের গাছ ও ফলন আশাব্যঞ্জক হওয়ায় চাষিরা ফলন ঘরে তোলার আগেই লাভের হিসাব করতে শুরু করেছেন।

চরের কৃষক রুবেল জানান, "চরের জমিতে এবার দেশি মাষকলাইয়ের আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকায় ফলনও দারুণ হয়েছে। খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা করছি।" আরেক কৃষক ইউনুছ বলেন, "দুর্গম চরে যাতায়াত ও ফসল তোলা কষ্টসাধ্য হলেও এ বছর কলাইয়ের ফলন দেখে সব কষ্ট ভুলে গেছি। ফলন যেমন হয়েছে, শেষ পর্যন্ত দামটা ঠিকঠাক পেলে আমাদের অনেক উপকার হবে।"

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, "এ বছর গোয়ালন্দ উপজেলায় মোট ২৫০ হেক্টর জমিতে মাষকলাইয়ের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি, কৃষকেরা বাজারে মাষকলাইয়ের ভালো দাম পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%