ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে ইমাম শাতিবি


১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেছে ইমাম শাতিবি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম ইমাম শাতিবি আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতা। ২০২৭ সালের এই আসরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট শ্রেণির প্রতিযোগীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় নগদ অর্থ, গাড়ি, ওমরাহ পালনের সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার বিভিন্ন বিভাগে রাখা হয়েছে।

প্রতিযোগিতার আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে ইসলামী শিক্ষা বিভাগে নিবন্ধনের সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত, কিরাত ও ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করা।

আরও পড়ুন: ঢাকায় আজকের নামাজের সময়সূচি ও সূর্যোদয়-সূর্যাস্তের তথ্য

প্রতিযোগিতাটি চারটি প্রধান শাখা ও ১২টি বিভাগে বিভক্ত। শাখাগুলো হলো কোরআন হিফজ, ১০ কিরাত, সুমধুর কণ্ঠে তিলাওয়াত এবং ইসলামী শিক্ষা। হিফজ বিভাগে এক, তিন, পাঁচ, ১০, ১৫, ২০ ও ৩০ পারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১০ কিরাত বিভাগে ৫, ১৫ ও ৩০ পারার প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। সুমধুর কণ্ঠের বিভাগে মনোনয়নের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।

বিভিন্ন বিভাগে অংশগ্রহণের জন্য বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে। পূর্ণ কোরআন হিফজ বিভাগে সর্বোচ্চ বয়স ২৫ বছর। ইসলামী শিক্ষা বিভাগে ১৮ বছর।

অন্যদিকে ১০ কিরাত বিভাগে ৫ ও ১৫ পারার জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং ৩০ পারার জন্য ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চার বর্তমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা এবং কর্মানুমতিপত্রধারীরা সব বিভাগে অংশ নিতে পারবেন। এ ছাড়া ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে পর্যটক ও অস্থায়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ২৪ থেকে ৩০ মার্চ ২০২৭ পর্যন্ত অনলাইনে হিফজ বিভাগের প্রতিযোগীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১ থেকে ১০ মে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্ব। এতে হিফজ ও ইসলামী শিক্ষা বিভাগের প্রতিযোগীদের অনলাইন মূল্যায়ন এবং সুমধুর কণ্ঠের মনোনীত প্রতিযোগীদের ভিডিও পর্যালোচনা করা হবে। তারপর প্রতিটি বিভাগের সেরা প্রতিযোগীরা অংশ নেবেন চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত প্রতিযোগিতা ৩ থেকে ১১ জুলাই মিনিয়াপোলিসে সরাসরি অনুষ্ঠিত হবে। ১১ জুলাই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য এক হাজার ৫০০ থেকে সাত হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ পুরস্কারের ব্যবস্থা আছে। পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে পুরুষ ও নারী—উভয় শাখার প্রথম স্থান অধিকারীর জন্য থাকছে একটি করে নতুন গাড়ি। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রথম স্থান অধিকারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে। বিজয়ীদের সম্মাননা সনদও দেওয়া হবে। এ ছাড়া ওমরাহর সফর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রত্যেকেই অফেরতযোগ্য নিবন্ধন ফি বাবদ ৫০ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় যাত্রা শুরু করে ইমাম শাতিবি কোরআন প্রতিযোগিতা। প্রতিষ্ঠার পর থেকে এটি উত্তর আমেরিকায় কোরআন হিফজ, তিলাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চার অন্যতম আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। ২০২৬ সালের আসরে এতে এক হাজার ১০০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন। ২০২৭ সালের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার প্রতিযোগীদের জন্য পূর্ণ কোরআন হিফজ বিভাগ উন্মুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক পরিসর আরো সম্প্রসারিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটকশূন্য সাজেকে আয়-রোজগার বন্ধ, মানবেতর জীবন কাটাচ্ছেন স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


পর্যটকশূন্য সাজেকে আয়-রোজগার বন্ধ, মানবেতর জীবন কাটাচ্ছেন স্থানীয়রা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের কারণে ৪০ দিন ধরে সাজেক ভ্যালিতে পর্যটক নেই। এই পর্যটননির্ভর এলাকার ব্যবসায় ধস নেমেছে। প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন রিসোর্ট ও কটেজ মালিকরা। হতাশ ব্যবসায়ীরা বলছেন, সহসা সাজেক পর্যটকদের জন্য খুলে দেয়ার সম্ভাবনা নেই।

সাজেকের ধবধবে সাদা মেঘের রাজ্যে প্রতিদিন হাজারো পর্যটক মুগ্ধ হয়ে আসতেন। পাহাড়ের গায়ে হেলান দিয়ে থাকা মেঘের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করত। কিন্তু গত ৪০ দিন ধরে সাজেকে সেই চিরচেনা দৃশ্য নেই। পুরো এলাকায় বিরাজ করছে সুনসান নীরবতা। বন্ধ হয়ে গেছে রিসোর্ট ও কটেজ। পর্যটক না থাকায় স্থানীয় বাসিন্দারা মানবেতর জীবন কাটাচ্ছেন। তারা জানিয়েছেন, ‘আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত। এখন অনেকেই না খেয়ে দিন কাটাচ্ছেন। সামনে কী হবে, তা নিয়েও দুশ্চিন্তায় আছি।’

এক হোটেল মালিকের মতে, ‘সাজেকের আঞ্চলিক সংগঠনগুলোর বিভিন্ন সমস্যার কারণে আমরা কটেজ ও দোকান মালিকরা ভীষণ খারাপ সময় পার করছি। অনেক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে।’

সাজেক জিরো পয়েন্ট থেকে কিছুদূর এগোলেই এখানকার সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড় অবস্থিত। লুসাই সম্প্রদায় এখানে বসবাস করে এবং তাদের আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্যটন। অবরোধের কারণে তারা ভালো নেই।

সাজেক কংলাক মৌজার হেডম্যান রৌয়াসী লুসাই বলেন, ‘আমরা অনেক সংকটে আছি। সবকিছুর সরবরাহ বন্ধ। খুব কঠিন সময় পার করছি। পুরো গ্রাম ক্ষতির শিকার। কোথাও যেতে পারছি না, খাদ্যসামগ্রীর সরবরাহও নেই। শুধু রিসোর্ট মালিকরা নন, এখানকার সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাজেকের পুরো পর্যটনকেন্দ্রই ক্ষতির মুখে পড়েছে।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়, নদী, ঝরনা, বন এবং বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত। প্রকৃতির এত রূপ একসঙ্গে দেখার সুযোগ খুব কম জায়গাতেই মেলে। তবে এই সৌন্দর্যের আড়ালে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা ধরনের নিরাপত্তা উদ্বেগ।

স্থানীয়দের মতে, সাজেক এলাকায় আগে ইউপিডিএফের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু বর্তমানে সেখানে আধিপত্য বিস্তার করেছে জেএসএস। দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অস্থিরতা। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘জায়গার দখল নিয়ে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তারা মুখোমুখি অবস্থানে রয়েছে।’

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানাচ্ছেন, দুই সংগঠনের দ্বন্দ্বের কারণে নিরীহ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা কোনো পক্ষের সঙ্গে না জড়িয়ে নিরপেক্ষভাবে ব্যবসা চালিয়ে যেতে চান।

এক পর্যটন ব্যবসায়ী বলেন, ‘আমরা যারা সাজেকে ব্যবসা করি, অর্থনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা নিরপেক্ষ থাকতে চাই। সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে যা-ই হোক, তার জন্য আমাদের ব্যবসা বন্ধ রেখে কেন শাস্তি পেতে হবে?’

সাজেকের সংকটের জন্য দুই সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বকে দায়ী করছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, ‘বিশাল একটি চাঁদার উৎস ইউপিডিএফের হাতছাড়া হয়ে যাওয়ায় তারা আরও উত্তেজিত হয়ে পড়েছে। এটি আধিপত্য বিস্তার ও চাঁদার লড়াই। প্রায় দেড় বছর ধরে লড়াইয়ের পর জেএসএসের সন্তু লারমা গ্রুপ সাজেকের নিয়ন্ত্রণ নেয়। এর আগে সাজেক ইউপিডিএফের নিয়ন্ত্রণে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিমলায় নবান্নের আমেজে ধান সিদ্ধে ব্যস্ত কৃষক-কৃষাণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


ডিমলায় নবান্নের আমেজে ধান সিদ্ধে ব্যস্ত কৃষক-কৃষাণী

নতুন ধান সিদ্ধের কাজ চলছে উঠানে, কোথাও রোদে শুকানো হচ্ছে, আবার কোথাও বস্তাবন্দি করে গোলায় তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুলার আগুনে ফুটছে নতুন ধান, উঠানে সোনালি সিদ্ধ ধান ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে কর্মযজ্ঞ, সন্ধ্যার পরও থামছে না। নীলফামারীর ডিমলা উপজেলার গ্রামাঞ্চলে কৃষক-কৃষাণীদের ঘাম ও শ্রমের মাঝে এখন বিরাজ করছে নবান্নের উৎসবমুখর পরিবেশ।

ধান ঘরে তোলার পর এবার সেই ধান সিদ্ধ করে চাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারের সদস্যরা। বিশেষ করে গ্রামের নারীদের কর্মব্যস্ততা লক্ষণীয়। কেউ বড় হাঁড়িতে ধান সিদ্ধ করছেন, কেউ উঠানে কিংবা খোলা জায়গায় রোদে শুকাচ্ছেন, আবার কেউ শুকনো ধান বস্তাবন্দি করে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সমানতালে এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন।

কৃষকের কাছে ধান শুধুমাত্র একটি ফসল নয়; এটি সারা বছরের খাদ্যনিরাপত্তা, সংসারের সচ্ছলতা ও আগামী দিনের স্বপ্নের প্রতীক। নিজেদের প্রয়োজন অনুযায়ী উৎপাদিত ধান সিদ্ধ করে চাল তৈরি করায় বাজারের ওপর নির্ভরশীলতা কমছে। একই সঙ্গে ধান থেকে পাওয়া কুঁড়া ও অন্যান্য উপজাত গবাদিপশুর খাদ্য হিসেবে কাজে লাগছে। ফলে একটি ফসল থেকেই পরিবারের খাদ্য ও অর্থনৈতিক সাশ্রয়ের দুটি দিক নিশ্চিত হচ্ছে।

একসময় গ্রামবাংলায় বাড়ির পাশে ঘাস পরিষ্কার করে গোবর ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হতো ধান শুকানোর বিশেষ খলা। সেই খলায় সারি সারি করে ছড়িয়ে দেওয়া হতো ধান। সারাদিন রোদে শুকানোর পর সন্ধ্যায় তা গুছিয়ে রাখা হতো। সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী খলার জায়গা দখল করেছে বাড়ির উঠান, বড় মাঠ ও সমতল জায়গা। এখন চট কিংবা ত্রিপল বিছিয়ে শুকানো হচ্ছে সিদ্ধ ধান। রোদ উঠলেই দ্রুত ধান শুকানোর কাজে নেমে পড়ছেন গৃহিণীরা। কারণ, ধানে অতিরিক্ত আর্দ্রতা থাকলে সংরক্ষণের সময় ছত্রাক ও পচনের ঝুঁকি তৈরি হয়।

গ্রামীণ পরিবারগুলোর কাছে সিদ্ধ চালের চাহিদার অন্যতম কারণ এর পুষ্টিগত বৈশিষ্ট্য। ধান পানিতে ভিজিয়ে তাপ বা ভাপে সিদ্ধ করে শুকানোর পর তুষ ছাড়িয়ে তৈরি করা হয় সিদ্ধ চাল। এ প্রক্রিয়ায় ধানের তুষ ও বাইরের স্তরে থাকা কিছু পুষ্টি উপাদান চালের ভেতরে প্রবেশ করে। ফলে সাধারণভাবে পালিশ করা সাদা চালের তুলনায় সিদ্ধ চালে কিছু পুষ্টি উপাদান বেশি সংরক্ষিত থাকতে পারে।

ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের রাইস মিলের মালিক সফিকুল ইসলাম বলেন, “এখন গ্রামের মানুষ নতুন ধান সিদ্ধ করে চাল বানাতে মিলগুলোতে ভিড় করছেন। সারাদিনই ধান থেকে চাল তৈরি করে দিতে হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান চাল হিসেবে ঘরে পৌঁছে দিতে পারছি, এতে আমিও অনেক খুশি।”

একই গ্রামের গৃহিণী আসমানী বেগম বলেন, “আমি এবার ৪০ মণ ধান সিদ্ধ করছি। এই চাল দিয়েই সারা বছর পরিবারের খাবারের ব্যবস্থা হবে। বাজার থেকে চাল কেনার চেয়ে নিজেদের ধান সিদ্ধ করে চাল তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সিদ্ধ চালের পুষ্টিগুণের কথাও আমরা জানি। তাই এখন ধান সিদ্ধের কাজে ব্যস্ত সময় পার করছি।

সিদ্ধ চালের পুষ্টিগুণ সম্পর্কে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান খান বলেন, “বাড়িতে তৈরি চাল তুলনামূলক কম প্রক্রিয়াজাত করা হলে এতে আঁশ, ভিটামিন বি১সহ কিছু খনিজ উপাদান তুলনামূলক বেশি সংরক্ষিত থাকতে পারে। ধান সিদ্ধ করার সময় তুষের বাইরের স্তরে থাকা কিছু ভিটামিন ও খনিজ উপাদান চালের দানার ভেতরে প্রবেশ করে। এ কারণে সিদ্ধ চাল পুষ্টির দিক থেকে উপকারী। এতে ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদানও পাওয়া যায়।”

অন্যদিকে, ধান থেকে পাওয়া কুঁড়া শুধুমাত্র ফেলে দেওয়ার উপাদান নয়, বরং গবাদিপশুর জন্যও গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণ। বিশেষ করে সুষম খাদ্য তৈরিতে এর ব্যবহার রয়েছে।

ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিদুল ইসলাম বলেন, “গবাদিপশুর সুষম খাদ্য তৈরিতে ধানের কুঁড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। ধানের কুঁড়ায় শর্করা, কিছু প্রোটিন, চর্বি, আঁশ ও খনিজ উপাদান থাকে। এটি গরুর শক্তির চাহিদা পূরণে সহায়তা করে। সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে কুঁড়া খাওয়ালে গরুর ওজন বৃদ্ধি ও শরীরের পুষ্টি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি গাভীর খাদ্যতালিকায় প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানের সঙ্গে কুঁড়া ব্যবহার করা যায়।

কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এ মৌসুমি কর্মযজ্ঞের গুরুত্বও অনেক। নিজেদের উৎপাদিত ধান দিয়ে সারা বছরের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি ধানের কুঁড়া গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। এতে বাজার থেকে চাল ও পশুখাদ্য কেনার বাড়তি ব্যয় কিছুটা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে ধান সিদ্ধ, শুকানো ও চাল তৈরির কাজে গ্রামের নারীদের শ্রম ও দক্ষতা পারিবারিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডিমলার গ্রামাঞ্চলে এখন নতুন ধান সিদ্ধের উৎসব। উঠানে উঠানে ছড়িয়ে থাকা সোনালি ধান, চুলার আগুনে ফুটতে থাকা নতুন ফসল আর কৃষক-কৃষাণীদের কর্মব্যস্ততায় গ্রামীণ জনপদে ফিরে এসেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ এম


টিভিতে আজকের খেলা

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কা 'এ' এবং পাকিস্তান 'এ' দল। ফুটবলের প্রিমিয়ার লিগের একটি হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি লড়াই করবে।

ক্রিকেট

এশিয়া কাপ রাইজিং স্টার্স

ফাইনাল

সরাসরি, বিকাল ৪টা, টি স্পোর্টস

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-ম্যানচেস্টার সিটি

সরাসরি সম্প্রচার হবে রাত ১০-৩০ মিনিটে, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১ চ্যানেলে।

লা লিগা

দিপোর্তিভো-বার্সেলোনা

সরাসরি, রাত ৯-১৫ মিনিট, বিগিন অ্যাপ

সেল্টা ভিগো-ভিয়ারিয়াল

সরাসরি, রাত ১২-৩০ মিনিট, টি স্পোর্টস

রিয়াল সোসিয়েদাদ-সেভিয়া

সরাসরি, রাত ২টা, টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আজ শুরু হচ্ছে ইসির সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ এম


ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আজ শুরু হচ্ছে ইসির সংলাপ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপটে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার থেকে শুরু হওয়া এই সংলাপের প্রথম দিনে ১৫টি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে ইসি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এই তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, রবিবার জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরামের সঙ্গে ইসি সংলাপে অংশ নেবে।

মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে তারা পরে সংলাপে অংশগ্রহণ করবে বলে ইসিকে জানিয়েছে। এ কারণে ১৫টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মতিবিনিময় হবে। ২৯ থেকে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন ধরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন এবং সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসির ঘোষণার ভিত্তিতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%