ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাহাবি উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের কৌশল ও নৈতিকতা


সাহাবি উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের কৌশল ও নৈতিকতা

উসমান ইবনে আফফান (রা.)-কে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে পরিচিত হলেও, খিলাফতের পূর্বে তিনি মক্কায় সফল ব্যবসায়ীদের একজন ছিলেন। তাঁর ব্যবসায়িক জীবন বিশ্লেষণ করলে দেখা যায় সততা, সুনাম, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজারের চাহিদা, সম্পদের সামাজিক ব্যবহার এবং নৈতিক অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আধুনিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তাঁর জীবন পাঠ করলে এসব বিষয়গুলোর তাৎপর্য আরো স্পষ্ট হয়ে ওঠে।

সুনাম যখন পুঁজি

ব্যবসায় শুধু অর্থ ও পণ্যই সম্পদ নয়; ব্যবসায়ীর সততা, বিশ্বাসযোগ্যতা এবং সামাজিক গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য হয়। আধুনিক সমাজবিজ্ঞানী পিয়ের বুর্দিয়ো সামাজিক পুঁজি ও প্রতীকী পুঁজির ধারণার মাধ্যমে দেখিয়েছেন, সামাজিক সম্পর্ক ও সম্মানও কার্যকর সম্পদে পরিণত হতে পারে।

আরও পড়ুন: তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চার বর্তমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবনকে এই ধারণার আলোকে বিশ্লেষণ করা সম্ভব। যখন একজন ব্যবসায়ীর প্রতি ক্রেতার আস্থা তৈরি হয়, তখন তাঁর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সন্দেহ, অনিশ্চয়তা ও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন কমে যায়। ফলে ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয়।

অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসনের (ঙষরাবৎ ডরষষরধসংড়হ) ঞত্ধহংধপঃরড়হ ঈড়ংঃ ঊপড়হড়সরপং অনুযায়ী, লেনদেন সম্পন্ন করতে তথ্য সংগ্রহ, যাচাই, দর-কষাকষি ও চুক্তি বাস্তবায়নের পেছনে যে ব্যয় হয়, তা লেনদেন ব্যয়ের অন্তর্ভুক্ত। ব্যবসায়ীর সুনাম এই ব্যয় কমাতে সহায়তা করতে পারে।

অর্থাৎ সততা শুধুমাত্র ব্যক্তিগত নৈতিকতার বিষয় নয়; এটি ব্যবসায়িক কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উপাদানও।

ইসলামী নৈতিকতার ভিত্তি

আরও পড়ুন: মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না; তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে তা ভিন্ন।’ (সুরা : আন-নিসা, আয়াত : ২৯)

এসব নীতির সঙ্গে আধুনিক ইঁংরহবংং ঊঃযরপং-এর সততা, স্বচ্ছতা ও জবাবদিহির ধারণার গুরুত্বপূর্ণ সাদৃশ্য রয়েছে। ব্যবসায়িক সাফল্যকে তাই শুধু মুনাফার পরিমাণ দিয়ে নয়, মুনাফা অর্জনের পদ্ধতি দিয়েও মূল্যায়ন করা উচিত।

ঝুঁকি ব্যবস্থাপনা ও বৈচিত্র্যময় বাণিজ্য

সব পুঁজি এক জায়গায় না রেখে নানা পথে ছড়িয়ে দেওয়া, যাতে এক খাতের ক্ষতি অন্য খাতের লাভে পুষিয়ে দেয়। কুরাইশদের বাণিজ্যজীবনে এই ধারণার স্পষ্ট ছাপ ছিল। কোরআনে তাদের সফরের কথা এসেছে, ‘কোরাইশের আসক্তির কারণে; তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মের সফরের প্রতি।’

আরও পড়ুন: গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে করণীয় কী?

(সুরা কোরাইশ, আয়াত : ১-২)

শীতে ইয়েমেন, গ্রীষ্মে শাম। দুই মৌসুমে দুই দিকের বাজারে বাণিজ্য চালিয়ে তারা কোনো একটি বাজার বা রুটের ওপর নির্ভরতা কমাত। আধুনিক অর্থনীতিতে হ্যারি মার্কোউইেজর ‘পোর্টফোলিও ডাইভারসিফিকেশন’ তত্ত্বের মূল ভাবনাও এটাই। আর কোরআন জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়তে উৎসাহ দেয়—‘অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।’ (সুরা জুমুআ, আয়াত : ১০)

উসমান ইবনে আফফান (রা.) ছিলেন কোরাইশের অন্যতম সফল ও দূরদর্শী ব্যবসায়ী। শামসহ বিভিন্ন অঞ্চলের বাজারে তাঁর বাণিজ্য বিস্তৃত ছিল। এই বিস্তারই তাঁর সম্পদকে নিরাপদ রেখেছিল। এর প্রমাণ মেলে মদিনার দুর্ভিক্ষের সময়। শাম থেকে তাঁর বিশাল বাণিজ্য কাফেলা মদিনায় পৌঁছালে ব্যবসায়ীরা উচ্চমূল্যে কিনতে চাইল। কিন্তু তিনি পুরো পণ্য আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেন। এই ঘটনা দেখায়, একদিকে তাঁর ব্যবসা ছিল সুসংগঠিত ও সংকট সামলানোর মতো শক্তিশালী, অন্যদিকে সম্পদ ছিল তাঁর কাছে মানুষের কল্যাণের মাধ্যম।

মুদারাবা ও নৈতিক অংশীদারি

আরও পড়ুন: পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

মুদারাবা চুক্তিতে পুঁজি দেন একজন, শ্রম ও দক্ষতা দেন আরেকজন। লাভ আগে থেকে ঠিক করা অনুপাতে ভাগ হয়। লোকসান হলে পুঁজিদাতা হারান অর্থ, আর পরিচালক হারান তাঁর শ্রম। তবে পরিচালকের অবহেলা বা খিয়ানত থাকলে ক্ষতিপূরণের দায় তাঁর ওপরই বর্তায়। এই ব্যবস্থার ভিত্তি আমানতদারি ও পারস্পরিক সম্মতি। হাদিসে কুদসিতে এসেছে, ‘আল্লাহ তাআলা বলেন, আমি দুই অংশীদারের তৃতীয়জন, যতক্ষণ না তাদের একজন অন্যজনের সঙ্গে খিয়ানত করে।’ (আবু দাউদ)

কোরআনের নির্দেশও স্পষ্ট, ‘তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

চাহিদা বোঝা, কিন্তু মুনাফার সীমা জানা

বাজারে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলে এবং জোগান অপরিবর্তিত থাকলে সাধারণত তার দাম বাড়ে। আবার জোগান বাড়লে দাম কমার প্রবণতা দেখা দিতে পারে। অর্থনীতিতে চাহিদা ও জোগানের এই পারস্পরিক সম্পর্ক বাজারমূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: ছারছীনা দরবারে তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম

দাম ব্যবসায়ীদের জন্য একটি সংকেত হিসেবেও কাজ করে। কোনো অঞ্চলে পণ্যের ঘাটতি থাকলে অন্য অঞ্চল থেকে পণ্য এনে সরবরাহ করার মাধ্যমে ব্যবসায়ীরা মুনাফা অর্জন করতে পারেন। অর্থনীতিতে বিভিন্ন বাজারের মূল্য পার্থক্য কাজে লাগিয়ে পণ্য কেনাবেচার এই প্রক্রিয়াকে অত্নরঃত্ধমব বলা হয়।

দুর্ভিক্ষের সময় খাদ্যবোঝাই কাফেলার ঘটনা

ঐতিহ্যগত একটি বর্ণনা অনুযায়ী, মদিনায় খাদ্যসংকটের সময় উসমান (রা.)-এর একটি খাদ্যবোঝাই বাণিজ্য-কাফেলা সেখানে পৌঁছায়। ব্যবসায়ীরা তাঁর কাছ থেকে খাদ্য কিনতে আগ্রহী হন এবং অধিক মূল্য দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু বর্ণনাটিতে বলা হয়েছে, তিনি খাদ্য বিক্রি না করে তা অভাবী মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি তাঁর দানশীলতা ও আল্লাহর প্রতি আস্থার দৃষ্টান্ত হিসেবে মুসলিম ঐতিহ্যে আলোচিত।

আরও পড়ুন: মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটানো গাজান খান

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটির তাৎপর্য হলো, বাজারে চাহিদা বেশি থাকলেই সর্বোচ্চ মুনাফা অর্জনকে একমাত্র লক্ষ্য করতে হবে—এমন নয়। ব্যবসায়ীর ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের জরুরি প্রয়োজনও তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

এই বিশ্লেষণ থেকে উসমান (রা.) সব সময় বাজারের চাহিদা বিশ্লেষণ করে ব্যবসা করতেন, এমন সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

বাজারের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা

হাদিসের একটি বর্ণনায় দেখা যায়, মূল্যবৃদ্ধির সময় সাহাবিরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বাজারদর নির্ধারণ করে দেওয়ার আবেদন করেন। তিনি মানুষের সম্পদ ও অধিকার ক্ষুণ্ন না করে ন্যায়সংগত মূল্যব্যবস্থার গুরুত্বের প্রতি ইঙ্গিত করেন।

অন্যদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের প্রয়োজনীয় পণ্য আটকে রাখার নিন্দাও ইসলামী ঐতিহ্যে পাওয়া যায়। অর্থাৎ বাজারের স্বাভাবিক কার্যক্রমের গুরুত্ব স্বীকার করার পাশাপাশি মানুষের দুর্দশাকে কাজে লাগিয়ে অন্যায় মুনাফা অর্জনের বিরুদ্ধেও নৈতিক অবস্থান রয়েছে।

ন্যায্য লেনদেন

আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়; যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, কিন্তু তাদের মেপে দেওয়ার বা ওজন করে দেওয়ার সময় কম দেয়।’ (সুরা : আল-মুতাফফিফিন, আয়াত : ১-৩)

এই আয়াত ব্যবসায় প্রতারণা, মাপে-ওজনে ঘাটতি দেওয়া এবং অন্যের হক হরণের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কবার্তা দেয়। ইসলামে ন্যায্য লেনদেন শুধু সঠিক মাপ-ওজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মধ্যে রয়েছে সততা, ন্যায়বিচার, লোভ পরিহার এবং মানুষের প্রয়োজনের প্রতি সহানুভূতি।

উসমান (রা.)-এর জীবন এই কোরআনি নীতির একটি অনন্য বাস্তব উদাহরণ। মদিনায় দুর্ভিক্ষের সময় তিনি সিরিয়া থেকে প্রচুর খাদ্যশস্য নিয়ে আসেন। স্থানীয় বণিকরা তাঁর কাছে এসে বলেন, তারা ১০-এর বিনিময়ে ১২ দেবেন; এরপর দাম আরো বাড়িয়ে ১০-এর বিনিময়ে ১৫ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু উসমান (রা.) বলেন, তিনি এরই মধ্যে আরো উত্তম প্রস্তাব পেয়েছেন। আল্লাহর কাছ থেকে প্রতি ১-এর বিনিময়ে ১০-এর প্রতিদান। তিনি বণিকদের উচ্চ মুনাফার প্রস্তাব প্রত্যাখ্যান করে সমগ্র খাদ্যশস্য দরিদ্র ও অভাবী মুসলমানদের মাঝে সদকা হিসেবে বিতরণ করে দেন।

একচেটিয়া বাজার ভাঙার চেষ্টা করতেন

কোনো বাজারে যখন কয়েকটি প্রতিষ্ঠান বা ব্যক্তি মিলে পণ্যের অতিরিক্ত দাম হাঁকায়, তখন সাধারণ ক্রেতারা বিকল্পের অভাবে বাধ্য হয়েই তা মেনে নেন। ঠিক এই জায়গায় কোনো নতুন উদ্যোক্তা বা প্রতিযোগী যদি কম মূল্যে বা জনকল্যাণমূলক অফার নিয়ে বাজারে প্রবেশ করেন, তবে খুব দ্রুতই বাজার চিত্র বদলে যায়।

এতে যেমন প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর একচেটিয়া প্রভাব ভাঙে, তেমনি গ্রাহকের কাছে ওই নতুন উদ্যোগের প্রতি এক ধরনের গভীর আস্থা ও নির্ভরতা তৈরি হয়, যা পরবর্তীতে তাদের ব্যবসার বিশাল প্রসারে জ্বালানি হিসেবে কাজ করে। ঠিক একই কৌশলগত বুদ্ধিমত্তা আমরা দেখতে পাই উসমান (রা.)-এর রুমা কূপ ক্রয়ের ঘটনায়। মদিনার একমাত্র সুপেয় পানির কূপের একচেটিয়া ব্যবসাকে ভাঙতে তিনি সরাসরি যুদ্ধ বা বিবাদে না গিয়ে বাজার কৌশলেই তা জয় করেন। তিনি কূপের আংশিক মালিকানা কিনে নিজের দিনে জনগণকে বিনা মূল্যে পানি দেওয়ার ব্যবস্থা করেন। এতে প্রতিযোগীর চড়া দামের ব্যবসা অকার্যকর হয়ে পড়ে এবং বাধ্য হয়ে তিনি পুরো কূপটিই ছেড়ে দেন। আধুনিক ব্যবসায়িক পরিভাষায় এটিকে বলা যায় ‘একচেটিয়া বাজার ভাঙা’ (Breaking Market Monopoly), ‘ব্র্যান্ড ভ্যালু তৈরি’ এবং ‘গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রসার’।

সব মিলিয়ে, উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন প্রারম্ভিক ইসলামী সমাজে ব্যবসা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সম্পর্ক বোঝার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাঁর সুনাম ও সততার আলোচনা দেখায়, নৈতিক আচরণ ব্যবসায়িক আস্থার ভিত্তি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


মানুষের শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করা নিষিদ্ধ

মানুষের চেহারা, উচ্চতা, গায়ের রং, শারীরিক গঠন অথবা জন্মগত বৈশিষ্ট্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা আমাদের সমাজে অনেক সময় নিছক রসিকতা হিসেবে দেখা হয়। কিন্তু যে বৈশিষ্ট্য একজন মানুষের নিজের ইচ্ছায় নির্ধারিত নয়, সেটিকে কেন্দ্র করে তাকে নিয়ে ব্যঙ্গ করা এবং কষ্ট দেওয়া কখনোই নিছক হাসি-তামাশার বিষয় হতে পারে না। ইসলামে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো—

ইসলামের দৃষ্টিতে কাউকে তুচ্ছ করার ক্ষতি : পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে, তারা উপহাসকারীদের চেয়ে উত্তম।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১১)

আয়াতটিতে অন্যকে উপহাস করার ব্যাপারে সরাসরি নিষেধ করা হয়েছে। এর ব্যাপক অর্থের মধ্যে মানুষের চেহারা, পোশাক, উচ্চতা, দৈহিক গঠন কিংবা শারীরিক দুর্বলতা নিয়ে বিদ্রুপ করাও অন্তর্ভুক্ত। কারণ কাউকে ছোট করার উদ্দেশ্যে তার এমন কোনো বৈশিষ্ট্য নিয়ে হাসাহাসি করা, যা তার নিয়ন্ত্রণের বাইরে, ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ওপর জুলুম করে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না। (মুসলিম, হাদিস : ২৫৬৪)

একজন মানুষ নিজের উচ্চতা, গায়ের রং, মুখের আকৃতি কিংবা অনেক জন্মগত বৈশিষ্ট্য নিজের ইচ্ছায় নির্ধারণ করতে পারে না। ফলে এসব নিয়ে তাকে ব্যঙ্গ করা তার আত্মসম্মানে আঘাত করার পাশাপাশি আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে অবজ্ঞার মনোভাব প্রকাশের কারণ হতে পারে। একজন মুমিনের ভাষা ও আচরণে অন্য মানুষের সম্মান অক্ষুণ্ন থাকা উচিত।

মজার কথাও হতে পারে কষ্টের কারণ : অনেক সময় নিছক রসিকতা করে বলা কথাই অন্যের মনে গভীর ক্ষত তৈরি করে। কারো ওজন, উচ্চতা, গায়ের রং বা শারীরিক গঠন নিয়ে ঠাট্টা করার বিষয়টি কারো কাছে হাসির বিষয় হলেও, যার উদ্দেশে বলা হয় তার জন্য তা অপমান ও কষ্টের কারণ হতে পারে। এ ব্যাপারে মহানবী (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন। আয়েশা (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বললাম, ‘সাফিয়ার ব্যাপারে আপনার জন্য এতটুকুই যথেষ্ট।’ বর্ণনাকারী বলেন, এর দ্বারা তিনি তার খাটো হওয়া বোঝাতে চেয়েছিলেন। তখন নবী (সা.) বললেন, ‘তুমি এমন একটি কথা বলেছ, যা সমুদ্রের পানির সঙ্গে মেশানো হলে তা-ও পরিবর্তন করে দিত।’(আবু দাউদ, হাদিস : ৪৮৭৫)

এই হাদিস দ্বারা বোঝা যায়, শুধু মুখের কথাই নয়, কারো শারীরিক গঠন নিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি, অঙ্গভঙ্গি কিংবা অন্যের সামনে তাকে নিয়ে ঠাট্টা করাও কষ্টদায়ক হতে পারে। তাই ‘আমি তো মজা করেই বলেছি’, এ অজুহাত সব সময় গ্রহণযোগ্য নয়। যে রসিকতায় অন্যের আত্মসম্মান আহত হয়, তা থেকে বিরত থাকাই মুমিনের সৌজন্য।

মর্যাদার মানদণ্ড বাহ্যিক সৌন্দর্য নয় : ইসলাম মানুষের মর্যাদার মানদণ্ড হিসেবে বাহ্যিক সৌন্দর্য, গায়ের রং, উচ্চতা বা শারীরিক গঠনকে বিবেচনা করেনি। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে-ই অধিক মর্যাদাবান, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না; বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।’ (মুসলিম, হাদিস : ২৫৬৪)। এ শিক্ষা ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ। মানুষের চরিত্র, ব্যবহার, যোগ্যতা ও কর্ম দিয়েই তাকে মূল্যায়ন করা উচিত।

শিশুরা পরিবার, বিদ্যালয় বা বন্ধুমহল থেকে শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করার প্রবণতা শিখতে পারে। তাই মা-বাবা ও শিক্ষকদের ছোটবেলা থেকেই শেখাতে হবে, চেহারা, উচ্চতা, ওজন বা শারীরিক সীমাবদ্ধতার কারণে কাউকে ছোট করা যাবে না। কারো দুর্বলতা নিয়ে হাসার বদলে তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কারণ একজন মানুষের দুর্বলতা অন্যের বিনোদনের উপকরণ হতে পারে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই সতর্কতা জরুরি। কারো ছবি নিয়ে কটাক্ষ, শারীরিক গঠন নিয়ে মন্তব্য কিংবা ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া সহজ হলেও তা মানুষের মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে। তাই সামনাসামনি কিংবা অনলাইনে সব ক্ষেত্রেই কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চার বর্তমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


তুলনামূলক ধর্মতত্ত্বের চর্চার বর্তমান গুরুত্ব ও প্রাসঙ্গিকতা

ধর্ম মানবসভ্যতার ইতিহাসে কেবল বিশ্বাস ও উপাসনার বিষয় নয়; বরং এটি দর্শন, সংস্কৃতি, সমাজব্যবস্থা, নৈতিকতা ও জীবনবোধের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। পৃথিবীর বিভিন্ন ধর্মের উৎপত্তি, বিকাশ, বিশ্বাস ও দর্শনকে বস্তুনিষ্ঠভাবে অধ্যয়ন করাই ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ চর্চার মূল উদ্দেশ্য। একসময় মুসলিম জ্ঞানচর্চায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকা এই শাস্ত্র বর্তমানে মুসলিম বিশ্বের অনেক দেশে আগের মতো গুরুত্ব পাচ্ছে না। যদিও কিছু বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পাঠদান ও গবেষণা অব্যাহত রয়েছে, তবুও সামগ্রিকভাবে এর প্রাতিষ্ঠানিক বিস্তার ও গবেষণার পরিধি এখনো সীমিত রয়ে গেছে।

মুসলিম মনীষীদের মধ্যে ধর্ম, দর্শন, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে অনুসন্ধানী জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ঐতিহ্য বিদ্যমান ছিল। আবু আল-হাসান আল-মাসউদি (প্রায় ৮৯৬-৯৫৬ খ্রি.) ছিলেন এই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। তাঁর বিখ্যাত ‘মুরুজুয যাহাব ওয়া মাআদিনুল জাওহার’ গ্রন্থে বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস, বিশ্বাস এবং সামাজিক রীতিনীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়। অন্যদিকে, ইবনে নাদিম (মৃত্যু ৯৯৫/৯৯৮ খ্রি.) তাঁর বিখ্যাত ‘আল-ফিহরিস্ত’ গ্রন্থে তৎকালীন জ্ঞানজগতের বিভিন্ন শাস্ত্র, ধর্ম, মতবাদ, দর্শন ও সাহিত্য সম্পর্কে তথ্য সংকলন করেন। যদিও তাঁরা সরাসরি আধুনিক অর্থে তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষক ছিলেন না, তথাপি তাঁদের রচনায় অন্য ধর্ম ও সভ্যতাকে জানার যে অনুসন্ধানী প্রবণতা দেখা যায়, তা পরবর্তী ধর্ম-অধ্যয়নের ঐতিহাসিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিন্তু সময়ের সঙ্গে এ জ্ঞানচর্চার গুরুত্ব কমে যাওয়ার পেছনে রয়েছে শিক্ষাব্যবস্থায় সীমিত অগ্রাধিকার, গবেষণার সুযোগ ও অর্থায়নের অভাব, বিশেষজ্ঞ তৈরিতে দুর্বলতা এবং বস্তুনিষ্ঠ অধ্যয়নের পরিবর্তে বিতর্ক ও খণ্ডননির্ভর দৃষ্টিভঙ্গির বিস্তার। ফলে ধর্মকে জানার গবেষণামুখী ঐতিহ্য অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে পড়েছে।

মুসলিমবিশ্বে এ সীমাবদ্ধতার বিষয়টি একাডেমিক গবেষণায়ও উঠে এসেছে। পাকিস্তানের Government College University, Lahore-এর গবেষক Andleeb Gul ২০১৭ সালে Journal of Islamic Thought and Civilization-এ প্রকাশিত Current Trends of Muslim Academia in Comparative Religions শীর্ষক গবেষণাপত্রে মুসলিম একাডেমিক জগতে তুলনামূলক ধর্মচর্চার বর্তমান প্রবণতা বিশ্লেষণ করেন। তাঁর গবেষণায় মুসলিম একাডেমিক পরিসরে তুলনামূলক ধর্মের গবেষণাপদ্ধতি, নিরপেক্ষতা ও আধুনিক গবেষণার সীমাবদ্ধতা উঠে এসেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের Mohamed Bin Zayed University for Humanities-এর গবেষক Nizar Smida ২০২৪ সালে The Science of Comparative Religion: Promises for Change and Impediments to Achievement শিরোনামে একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে আরব ও ইসলামী সমাজে তুলনামূলক ধর্মচর্চার প্রতিবন্ধকতা, গবেষণার সীমাবদ্ধতা এবং আন্ত ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় এ শাস্ত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

তবে মুসলিমবিশ্বে এ বিষয়ে গবেষণা একেবারেই বন্ধ নয়। মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM)-এর Usul al-Din and Comparative Religion বিভাগে এ বিষয়ে পাঠদান ও গবেষণা পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ড. Haslina Ibrahim ধর্মীয় অধ্যয়ন, আন্ত ধর্মীয় সম্পর্ক ও তুলনামূলক ধর্ম বিষয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণায় ইসলামী ঐতিহ্যে অন্যান্য ধর্মের অধ্যয়ন এবং ধর্মগ্রন্থের তুলনামূলক বিশ্লেষণের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। এসব উদ্যোগ প্রমাণ করে, মুসলিমবিশ্বে এ জ্ঞানচর্চার সম্ভাবনা এখনো বিদ্যমান; প্রয়োজন এর আরো বিস্তার।

বাংলাদেশের প্রেক্ষাপটেও এ সীমাবদ্ধতার চিত্র দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের The Faculty Journal of Arts-এর ২০২৫ সালের বিশেষ সংখ্যায় হাবিবুর রহমানের Comparative Religion Studies in Public Universities of Bangladesh: A Review শীর্ষক গবেষণায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক ধর্মচর্চার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল হান্নান ২০১৫ সালে Comparative Study of Religion: Problems and Prospects শিরোনামে গবেষণা প্রকাশ করেন। এসব গবেষণা প্রমাণ করে, এ বিষয়ে আগ্রহ ও উদ্যোগ থাকলেও প্রাতিষ্ঠানিক বিস্তার এবং গবেষণার সুযোগ আরো বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশে অবশ্য এ বিষয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বিদ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ ১৯৯৯ সালের ১ ডিসেম্বর তুলনামূলক ধর্ম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়; পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে বর্তমান নাম লাভ করে। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ২০২৫ সালের ২৭ জানুয়ারি ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদ প্রতিষ্ঠিত হয়, যার অধীনে তুলনামূলক ধর্ম বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব উদ্যোগ দেশে এই জ্ঞানচর্চার বিস্তার ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করছে।

বাংলাদেশের মতো বহুধর্মীয় সমাজে পারস্পরিক বোঝাপড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভুল ধারণা নিরসনে তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা বাড়ানোর বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে মানব পাচারকারী মো. কিবরিয়া আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


সিলেটে বিজিবির অভিযানে মানব পাচারকারী মো. কিবরিয়া আটক

সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চিহ্নিত এক মানব পাচারকারীকে আটক করেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লালাখাল বিওপির একটি টহলদল তাকে আটক করে।

আটক হওয়া ব্যক্তির নাম মো. কিবরিয়া (২৭)। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের পুত্র।

বিজিবি সূত্রে জানা যায়, কিবরিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং মানব পাচারকারী হিসেবে চিহ্নিত। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে বিজিবি তাকে আটক করার জন্য লালাখাল বিওপির একটি টহলদল বিশেষ অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় কিবরিয়ার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক এবং তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটক করার জন্য গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

আটক কিবরিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে রাতভর বিএনপির নেতাকর্মীদের পাহারা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ এম


বরিশালে রাতভর বিএনপির নেতাকর্মীদের পাহারা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

বরিশাল নগরীতে রাতভর সতর্ক পাহারায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সৃষ্ট দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিয়োজিত রয়েছেন। তারা নগরবাসীর জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছে। এ সময় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে মিছিল, পাহারা এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান করতে দেখা যায়। তার নেতৃত্বে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, সদর রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার ঘোষণা দেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরীর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সর্বদা সতর্ক রয়েছেন।" তিনি আরও বলেন, "কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।" নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিরিন আরও বলেন, "নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।" এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে জানান সিটি প্রশাসক। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, "বরিশাল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করবে।" নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিতের পাশাপাশি দাঁত ভাঙা জবাব দিবে জনগণ। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান শিরিন।

এদিকে রাতভর বিএনপির নেতাকর্মীদের এমন সতর্ক অবস্থানের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অবস্থান নেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%