০৯:১৮ এম
নতুন ধান সিদ্ধের কাজ চলছে উঠানে, কোথাও রোদে শুকানো হচ্ছে, আবার কোথাও বস্তাবন্দি করে গোলায় তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুলার আগুনে ফুটছে নতুন ধান, উঠানে সোনালি সিদ্ধ ধান ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে কর্মযজ্ঞ, সন্ধ্যার পরও থামছে না। নীলফামারীর ডিমলা উপজেলার গ্রামাঞ্চলে কৃষক-কৃষাণীদের ঘাম ও শ্রমের মাঝে এখন বিরাজ করছে নবান্নের উৎসবমুখর পরিবেশ।
ধান ঘরে তোলার পর এবার সেই ধান সিদ্ধ করে চাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারের সদস্যরা। বিশেষ করে গ্রামের নারীদের কর্মব্যস্ততা লক্ষণীয়। কেউ বড় হাঁড়িতে ধান সিদ্ধ করছেন, কেউ উঠানে কিংবা খোলা জায়গায় রোদে শুকাচ্ছেন, আবার কেউ শুকনো ধান বস্তাবন্দি করে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সমানতালে এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন।
কৃষকের কাছে ধান শুধুমাত্র একটি ফসল নয়; এটি সারা বছরের খাদ্যনিরাপত্তা, সংসারের সচ্ছলতা ও আগামী দিনের স্বপ্নের প্রতীক। নিজেদের প্রয়োজন অনুযায়ী উৎপাদিত ধান সিদ্ধ করে চাল তৈরি করায় বাজারের ওপর নির্ভরশীলতা কমছে। একই সঙ্গে ধান থেকে পাওয়া কুঁড়া ও অন্যান্য উপজাত গবাদিপশুর খাদ্য হিসেবে কাজে লাগছে। ফলে একটি ফসল থেকেই পরিবারের খাদ্য ও অর্থনৈতিক সাশ্রয়ের দুটি দিক নিশ্চিত হচ্ছে।
আরও পড়ুন: বাগেরহাটে দেশি ধানের জাত বিলুপ্তির ঝুঁকিতে, কৃষকেরা হাইব্রিডের দিকে ঝুঁকছেন
একসময় গ্রামবাংলায় বাড়ির পাশে ঘাস পরিষ্কার করে গোবর ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হতো ধান শুকানোর বিশেষ খলা। সেই খলায় সারি সারি করে ছড়িয়ে দেওয়া হতো ধান। সারাদিন রোদে শুকানোর পর সন্ধ্যায় তা গুছিয়ে রাখা হতো। সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী খলার জায়গা দখল করেছে বাড়ির উঠান, বড় মাঠ ও সমতল জায়গা। এখন চট কিংবা ত্রিপল বিছিয়ে শুকানো হচ্ছে সিদ্ধ ধান। রোদ উঠলেই দ্রুত ধান শুকানোর কাজে নেমে পড়ছেন গৃহিণীরা। কারণ, ধানে অতিরিক্ত আর্দ্রতা থাকলে সংরক্ষণের সময় ছত্রাক ও পচনের ঝুঁকি তৈরি হয়।
গ্রামীণ পরিবারগুলোর কাছে সিদ্ধ চালের চাহিদার অন্যতম কারণ এর পুষ্টিগত বৈশিষ্ট্য। ধান পানিতে ভিজিয়ে তাপ বা ভাপে সিদ্ধ করে শুকানোর পর তুষ ছাড়িয়ে তৈরি করা হয় সিদ্ধ চাল। এ প্রক্রিয়ায় ধানের তুষ ও বাইরের স্তরে থাকা কিছু পুষ্টি উপাদান চালের ভেতরে প্রবেশ করে। ফলে সাধারণভাবে পালিশ করা সাদা চালের তুলনায় সিদ্ধ চালে কিছু পুষ্টি উপাদান বেশি সংরক্ষিত থাকতে পারে।
ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের রাইস মিলের মালিক সফিকুল ইসলাম বলেন, “এখন গ্রামের মানুষ নতুন ধান সিদ্ধ করে চাল বানাতে মিলগুলোতে ভিড় করছেন। সারাদিনই ধান থেকে চাল তৈরি করে দিতে হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান চাল হিসেবে ঘরে পৌঁছে দিতে পারছি, এতে আমিও অনেক খুশি।”
একই গ্রামের গৃহিণী আসমানী বেগম বলেন, “আমি এবার ৪০ মণ ধান সিদ্ধ করছি। এই চাল দিয়েই সারা বছর পরিবারের খাবারের ব্যবস্থা হবে। বাজার থেকে চাল কেনার চেয়ে নিজেদের ধান সিদ্ধ করে চাল তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সিদ্ধ চালের পুষ্টিগুণের কথাও আমরা জানি। তাই এখন ধান সিদ্ধের কাজে ব্যস্ত সময় পার করছি।
আরও পড়ুন: পুনর্খননে প্রাণ পেয়েছে বিশ্বখাল, কৃষকের জীবন বদলে যাচ্ছে
সিদ্ধ চালের পুষ্টিগুণ সম্পর্কে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান খান বলেন, “বাড়িতে তৈরি চাল তুলনামূলক কম প্রক্রিয়াজাত করা হলে এতে আঁশ, ভিটামিন বি১সহ কিছু খনিজ উপাদান তুলনামূলক বেশি সংরক্ষিত থাকতে পারে। ধান সিদ্ধ করার সময় তুষের বাইরের স্তরে থাকা কিছু ভিটামিন ও খনিজ উপাদান চালের দানার ভেতরে প্রবেশ করে। এ কারণে সিদ্ধ চাল পুষ্টির দিক থেকে উপকারী। এতে ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদানও পাওয়া যায়।”
অন্যদিকে, ধান থেকে পাওয়া কুঁড়া শুধুমাত্র ফেলে দেওয়ার উপাদান নয়, বরং গবাদিপশুর জন্যও গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণ। বিশেষ করে সুষম খাদ্য তৈরিতে এর ব্যবহার রয়েছে।
ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিদুল ইসলাম বলেন, “গবাদিপশুর সুষম খাদ্য তৈরিতে ধানের কুঁড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। ধানের কুঁড়ায় শর্করা, কিছু প্রোটিন, চর্বি, আঁশ ও খনিজ উপাদান থাকে। এটি গরুর শক্তির চাহিদা পূরণে সহায়তা করে। সুষম খাদ্যের অংশ হিসেবে পরিমিত পরিমাণে কুঁড়া খাওয়ালে গরুর ওজন বৃদ্ধি ও শরীরের পুষ্টি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি গাভীর খাদ্যতালিকায় প্রয়োজনীয় অন্যান্য পুষ্টি উপাদানের সঙ্গে কুঁড়া ব্যবহার করা যায়।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এ মৌসুমি কর্মযজ্ঞের গুরুত্বও অনেক। নিজেদের উৎপাদিত ধান দিয়ে সারা বছরের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি ধানের কুঁড়া গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। এতে বাজার থেকে চাল ও পশুখাদ্য কেনার বাড়তি ব্যয় কিছুটা কমানোর সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে ধান সিদ্ধ, শুকানো ও চাল তৈরির কাজে গ্রামের নারীদের শ্রম ও দক্ষতা পারিবারিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও পড়ুন: হেমন্তের অকাল বর্ষন শেষে কর্মচঞ্চল উত্তরের কৃষি ক্ষেত্র
ডিমলার গ্রামাঞ্চলে এখন নতুন ধান সিদ্ধের উৎসব। উঠানে উঠানে ছড়িয়ে থাকা সোনালি ধান, চুলার আগুনে ফুটতে থাকা নতুন ফসল আর কৃষক-কৃষাণীদের কর্মব্যস্ততায় গ্রামীণ জনপদে ফিরে এসেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন