ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে


কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

কৃষির উন্নয়ন এবং কৃষকের জীবনমানের উন্নতির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা অপরিহার্য। কৃষিকে অধিক উৎপাদনমুখী, লাভজনক এবং টেকসই করার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন।

মন্ত্রী উল্লেখ করেন, "কৃষক আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল।" তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, "বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে।" কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। সরকার কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন: আগর গাছের চাষে কোটি টাকার কৃষিশিল্পে রাঙ্গামাটির বাঘাইছড়ি

কৃষিবিদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, উপজেলা ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এস এম এ সোবহান, এনামুল হক, রফিকুল ইসলাম স্বপন, কৃষিবিদ আশেক পারভেজ, কৃষিবিদ ড. এ কে এম বদরুল হক, কৃষিবিদ মাসুদুর রহমান, কৃষিবিদ আবুল বাসার মিয়া।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

এমএইচ

আরও পড়ুন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সৌরবিদ্যৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড

চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মো. সোহেল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আনসার সদস্যরা সোহেলকে আটক করেন।

পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আটক মো. সোহেল দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এসব অভিযোগে এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশ

অমর একুশে বইমেলা ২০২৭-কে সামনে রেখে মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশনী। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে নতুন অধ্যায় শুরু করলেন কালকিনি উপজেলার এই তরুণ লেখক।

অমিত হাসান অর্ণব মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামের সন্তান। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় অর্ণব। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) থেকে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েট হয়েছেন তিনি। পরিবেশ সচেতনতা তৈরি ও প্লাস্টিক দূষণ রোধে পরিচালিত ‘নো প্লাস্টিক’ (NO Plastic) প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

শিক্ষকতার ক্ষেত্রেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। রিদম কোচিং সেন্টার, নেক্সটজেন ইবিআই (NextGen EBI) এবং হোম টিউটর অল বিডির (Home Tutor All BD)-এর অধীনে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি।

অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’-এ ব্যক্তিগত অনুভূতি, প্রেম, নিঃসঙ্গতা, মানবিক সম্পর্ক, সামাজিক বৈষম্য এবং অস্তিত্বের নানা জিজ্ঞাসা উঠে এসেছে। ব্যক্তি ও সমাজের অন্তর্দ্বন্দ্ব, সময়ের অসংগতি এবং মানুষের অব্যক্ত অনুভূতিকে কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত উপলব্ধির পাশাপাশি তাঁর লেখায় সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও জীবনবোধের প্রতিফলন রয়েছে।

লেখকের কাছে কবিতা শুধু অনুভূতি প্রকাশের মাধ্যম নয়; বরং নিজেকে, মানুষকে এবং চারপাশের পৃথিবীকে নতুন করে আবিষ্কার ও উপলব্ধি করার একটি স্বতন্ত্র ভাষা।

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে অমিত হাসান অর্ণবের সাহিত্যযাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। একজন তরুণ লেখক হিসেবে তাঁর এই আত্মপ্রকাশ মাদারীপুরের সাহিত্যাঙ্গনেও নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক বাস্তবতার মেলবন্ধনে রচিত ‘আমি সেই পেনসিল’ কাব্যগ্রন্থটি পাঠকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা লেখকের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগী: ‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের জবাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


যোগী: ‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের জবাব

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমালোচনার মাঝেও বুলডোজার প্রসঙ্গে আবারও বক্তব্য রেখেছেন। তিনি উল্লেখ করেছেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না।" বুলডোজার চালানোর জন্য সাহস এবং কাজটি সম্পন্ন করার দৃঢ় সংকল্পের প্রয়োজন রয়েছে।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি যখন তুঙ্গে, তখন এনডিটিভির ক্রিয়েটরস মঞ্চে তিনি বুলডোজার নিয়ে এই মন্তব্য করেন।

যোগী আদিত্যনাথ বলেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না। এটি চালাতে সাহস এবং কাজটি শেষ করার দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন।"

বিজেপির নির্বাচনি সাফল্যের প্রসঙ্গে তিনি গোরখপুরের ফলাফলের কথা উল্লেখ করেন। যোগী বলেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকা অবস্থাতেও গোরখপুরে বিজেপি জয়লাভ করেছিল। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছিলেন।

তিনি আরও বলেন, "২০১৭ ও ২০২২ সালেও একই ঘটনা ঘটেছে। ২০২৪ সালেও গোরখপুরের সব আসনে বিজেপি জয় পেয়েছে।"

যোগী আদিত্যনাথ বলেন, "আমি শুধু গোরখপুরের কথা বলছি না। পুরো উত্তরপ্রদেশই আমার ঘর। রাজ্যের সব আসনেই বিজেপি ও তার মিত্ররা একই ধরনের ফল অর্জন করবে।"

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে বুলডোজার একটি পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। তার প্রশাসন অপরাধীদের সম্পত্তি এবং অবৈধ দখলদারত্ব উচ্ছেদে বারবার বুলডোজার ব্যবহার করেছে। বিশেষ করে মুসলিমরা তার সরকারের রোষের শিকার বলে অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও হয়েছে। এসব অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ও দেশের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল রাজ্য নিয়ে তার সরকারের পরিকল্পনা, নারীদের জন্য সংরক্ষণ এবং প্রস্তাবিত নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


পদ্মফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে

আনিচুর রহমান

ফরিদপুর, ২৮ নভেম্বর ২০২৬ : ‘লোটাস সিল্ক’ যা পদ্ম ফুলের ডাঁটা দিয়ে তৈরি, আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনার উন্মোচন করেছে। এই সুতা দিয়ে তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকা এবং একটি শার্টের দাম ৫ লাখ টাকা। বিশ্বব্যাপী এর কদর দেশের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত খুলতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পদ্ম গবেষক শিকদার আবুল কালাম সামসুদ্দীন ২০২২ সালে পদ্ম ফুলের ডাঁটা দিয়ে ‘লোটাস সিল্ক’ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। এরপর তিনি ধীরে ধীরে এই প্রযুক্তিকে বাস্তবায়িত করেন। তার উদ্যোগের মাধ্যমে বেসরকারিভাবে লোটাস সিল্ক বা পদ্ম ফুলের ডাঁটা থেকে তৈরি সুতা উৎপাদন শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি গবেষণা সংস্থা বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) পরিচালিত 'পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ' শীর্ষক প্রকল্পের আওতায় পদ্ম-গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২২ সালে মাত্র তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তীতে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করেন। পরে এই সুতা দিয়েই সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়।

সূত্র জানায়, লোটাস সিল্কের তৈরি কাপড়ের দাম অনেক বেশি। এক কেজি লোটাস সুতার দাম প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। আর প্রতি গজ কাপড়ের দাম পড়ে প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকার বেশি। আর একটি জামার দাম পাঁচ লাখ টাকার মতো। ইউরোপের ধনী দেশগুলো, বিশেষ করে নেদারল্যান্ডসের রানীর খুবই প্রিয় এই লোটাস সিল্কের পোষাক।

গ্রামে-গঞ্জে, খালে-বিলে ফুটে থাকা পদ্মফুল যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তা অনেকের পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। ফরিদপুরের রণকাইল পদ্ম বিল এখন সেই অমূল্য রত্নভাণ্ডার। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একর জায়গা নিয়ে বিস্তৃত চাপাই বিল। এটি রনকাইল বিল নামেও পরিচিত। এই বিল প্রতিবছর প্রকৃতির খেয়ালে পদ্মফুলে ভরে ওঠে। ভরা বর্ষায় এই পদ্মবিলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমে। তখন এই এলাকা হয়ে ওঠে সৌন্দর্য পিপাসু মানুষের বিনোদনকেন্দ্র। স্থানীয়দের কাছে এই বিল ছিল মাছের উৎস। আর শুষ্ক মৌসুমে ধান, পাট, পেঁয়াজ আবাদের জন্য নিতান্তই এক খণ্ড জমি।

পদ্ম সিল্ক সুতা তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, পদ্মের ডাঁটা ভাঙলে দুই অংশের মাঝ থেকে বেরিয়ে আসে আঠালো কষ। একজন দক্ষ কারিগর এই আঠালো রসকেই হাতে পাকিয়ে মিহি সুতা তৈরি করেন। লোটাস সিল্ক নামে পরিচিত এই সুতা সারা বিশ্বে সমাদৃত।

তারা বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে এবং অপার সম্ভাবনাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সহযোগিতা। এতে তৈরি পোশাক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিতে লোটাস সিল্ক লাভজনক বাণিজ্য হিসেবে যুক্ত হবে। যার কাঁচামালের পুরোটাই পাওয়া যায় দেশের বিভিন্ন জলাশয়ে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ফরিদপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বাসস’কে বলেন, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সেই গবেষণার অংশ হিসেবেই ফরিদপুরের চাপাই বিল বা (রণকাইল পদ্মবিল) পাড়ের বাসিন্দা ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরি শেখানো হয়।

তিনি বলেন, বিপিআরডি’র পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীন রণকাইল গ্রামের দশজন নারীকে নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেন। কিন্তু মাত্র এক মাস চলার পর অর্থ ও পৃষ্ঠপোষকতার অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ইউএনডিপি খুব শিগগিরই সিকদার আবুল কালাম শামসুদ্দীনের তত্ত্বাবধানে প্রকল্পটি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

রণকাইল গ্রামের বাসিন্দা শেফালী রানী (৪৫) সিকদার বাসস’কে বলেন, ২০২২ সালে ঢাকা থেকে একজন ব্যক্তি এসে আমাদের প্রশিক্ষণ দেন। এতে প্রতিদিন ৫০০ টাকা মজুরি দিতেন। কিন্তু কিছুদিন পরই তা বন্ধ যায়। এই প্রশিক্ষণ আমাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। আমরা চাই প্রকল্পটি যেন আবার চালু হয়।

কাকলি বিশ্বাস (৩৫) বলেন, ২০২২ সালে ঢাকা থেকে এক স্যার এসে আমাদের ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে পদ্ম ফুলের ডাঁটা থেকে সুতা তৈরি করা শেখান। আমাদের হাতে একটি ছুরি ও দুই হাত লম্বা ছোট্ট একটি টেবিল দেন। পদ্মফুলের ডাঁটাও সংগ্রহ করে দেন। আমরা সেই ডাঁটাগুলোকে কেটে টুকরো টুকরো করি। টুকরো টুকরো ডাঁটা অংশগুলো মাঝখান থেকে দুই ভাগ করে টান দিলে আঠার মতো বের হতো। সেই আঠা আমরা পাক দিয়ে প্রতিষ্ঠানের দেওয়া ববিনে পেঁচিয়ে একটি প্লেটে রেখে দিতাম। এক সপ্তাহ পর পর এসে তারা সুতাগুলো নিয়ে যেতেন।

তিনি বলেন, মাত্র এক মাস আমরা কাজটা করেছিলাম। তারপর তারা চলে যান। পরবর্তীতে প্রজেক্ট চালু হলে আমাদের আবার ডাকবেন বলেও আশ্বাস দেন। তারা আর আসেননি। শুনেছি এই সুতা দিয়ে উন্নত শাড়ি তৈরি হয়। তবে আমরা সেটি দেখতে পাইনি। এই প্রজেক্টটি আবার চালু হলে আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমরাও স্বাবলম্বী হতে পারবো।

রণকাইল গ্রামের বাসিন্দা প্রকাশ বিশ্বাস (৫০) বলেন, আমার জন্মের পর থেকেই এই পদ্ম বিল দেখে আসছি। এত সুন্দর অমূল্য রতন আমাদের এলাকায় আছে এটা আমাদের জানা ছিল না। এই কাজের মাধ্যমে আমাদের এলাকার অনেকে স্বাবলম্বী হতে পারবে। এই পদ্মবিলটি রাষ্ট্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ করে এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অমর কুমার (৫৬) বিশ্বাস বলেন, আমরা এখান থেকে মাছ ধরে জীবন চালাই। বর্ষায় পদ্মফুল দেখতে আসা দর্শনার্থীদের ঘুরে দেখিয়ে কিছু আয় করি। কিন্তু এই পদ্মের ডাঁটা দিয়ে এত উন্নত সুতা বা শাড়ি তৈরি হয় তা আমাদের জানা ছিল না। এটা আমাদের দেশের গর্ব। তাই সরকারের উচিত এটিকে রক্ষণাবেক্ষণ করা।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিষয়টি জানতে পেরে সম্প্রতি চাপাই বিল পরিদর্শনে যান। এসময় তিনি পদ্মফুলের ডাঁটা ভেঙে তার মধ্য থেকে সুতা তৈরির বিষয়টি প্রত্যক্ষ করে অভিভূত হয়ে পড়েন।

চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেকটি গ্রামকে তাদের উৎপাদিত ফসল কিংবা শিল্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%