ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব


নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব ছাড়ার বিনিময়ে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব

বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে, তিনি এর বিনিময়ে পরবর্তী সরকারে একটি ‘উচ্চপদ’ এবং ভবিষ্যতে পুনরায় নেতা হিসেবে ফিরে আসার প্রতিশ্রুতি দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, নেতানিয়াহু ক্ষমতা ভাগাভাগি করে সরকার গঠনের প্রস্তাব গাদি আইজেনকোটের সঙ্গে দিয়েছেন। এই প্রস্তাব অনুসারে, নতুন সরকারের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। দীর্ঘদিনের এই নেতার পক্ষ থেকে এমন প্রস্তাবকে নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা বিবেচনায় নেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে, আইজেনকোট ইতোমধ্যে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের কাছাকাছি পৌঁছে গেছেন। আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

আরও পড়ুন: এলএনজি ঘিরে বড় সংকটের আশঙ্কা গবেষণায়

গেল শনিবার নেতানিয়াহু বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্য সরকারের নেতৃত্ব আমারই দেওয়া উচিত, অন্তত ক্ষমতা হস্তান্তরের পালাক্রমে প্রথমে আমার প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম একটি সরকার গঠনের আশঙ্কার কারণে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রাখা।’

তিনি আরও বলেন, ‘আমি সম্মত হতে প্রস্তুত যে গাদি আইজেনকোট মেয়াদের শুরুতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে, তিনি একই সঙ্গে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের একটি উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আইজেনকোট জানান, গত সপ্তাহে তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে একটি ‘গোপন যোগাযোগমাধ্যমে’ বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার উদ্যোগ বারবার প্রত্যাখ্যান এবং এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: হরমুজে নৌমাইনের আঘাতে এক ট্যাংকারে আগুনের দাবি ইরানের

নেতানিয়াহুর প্রস্তাব আসার আগেই আইজেনকোটের মিত্ররা তাকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এক মাস আগে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত জোট গঠনের আলোচনা চলছিল। সাম্প্রতিক দিনগুলোতে জোটের বিভিন্ন দলের মধ্যে একাধিক আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে।

নতুন সরকার গঠনের বিষয়টি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে প্রস্তুত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

নেতানিয়াহু, যিনি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, বর্তমানে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি রয়েছেন। তিনি তার সবশেষ প্রস্তাবকে আরব দলগুলোর সরকারে প্রভাব বিস্তার ঠেকানোর উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন। নির্বাচনের পর রেকর্ডসংখ্যক আরব সংসদ সদস্য নেসেটে শপথ নেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ বছর বয়সী তরুণীর প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে নৌমাইনের আঘাতে এক ট্যাংকারে আগুনের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


হরমুজে নৌমাইনের আঘাতে এক ট্যাংকারে আগুনের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এই ঘটনার ফলে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরিস্থিতির কারণে অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তিনটি তেলবাহী ট্যাংকার তাদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এই সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। একপর্যায়ে জাহাজটি চলাচলের ক্ষমতা হারায়। পরে বাকি দুটি ট্যাংকারও ফিরে যেতে বাধ্য হয়।

তবে ইরান ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম-পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে আবারও জানিয়েছে দেশটির নৌবাহিনী।

ইরান গত ১২ জুলাই হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয়। এর চার দিন আগে দেশটির ওপর আবারও হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তেহরান হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই নৌপথে উত্তেজনা এবং জাহাজ চলাচলে বাধা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজি ঘিরে বড় সংকটের আশঙ্কা গবেষণায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ এম


এলএনজি ঘিরে বড় সংকটের আশঙ্কা গবেষণায়

আন্তর্জাতিক একটি সংস্থা তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জন্য একটি তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট, লাগামহীন মূল্যস্ফীতি এবং বস্ত্র ও পোশাক খাতের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

গবেষণার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি দাবি করেছে যে, মহেশখালী মাতারবাড়ীতে এলএনজি ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো পরিচালনাকালজুড়ে ১ বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াবে।

শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, এলএনজি আমদানির ওপর নির্ভরতা দেশকে গভীর অসহনীয় ঋণের জালে আবদ্ধ করছে, উপকূলীয় জনগণের বাস্তুচ্যুতি ঘটাচ্ছে এবং বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসের ঝুঁকি তৈরি করছে।

মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রান্সজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বিবিসি বাংলাকে জানান, ‘এলএনজি বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের জন্য একটি বড় বোঝা হবে। আবার এলএনজি আমদানিতেও বড় খরচ হবে। ২০২৭ সালের খরচ হিসেবে ধরলে বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বাংলাদেশের। জাপান যেহেতু বিনিয়োগ করবে, তাহলে তারা নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক ট্রান্সমিশন সিস্টেমে বিনিয়োগ করছে না কেন?’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বায়ু এবং এজন্য নবায়নযোগ্য জ্বালানীতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

অর্থনীতি ও টেকসই জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব ক্রমশ বাড়ানোর বিকল্প নেই, তবে সেটি করতে হবে ধাপে ধাপে। তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানি কতদিনে প্রাধান্য পাবে এবং কোন ধরনের জ্বালানি সেক্ষেত্রে গুরুত্ব পাবে, তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বাংলাদেশ তৈরি করতে পারে।

বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এ অংশ নিয়ে জানিয়েছেন যে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

‘এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা : বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান’ শীর্ষক এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) এবং এর আওতায় জীবাশ্ম জ্বালানি উন্নয়নে ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে।

রিপোর্টে বলা হয়েছে, ‘জ্বালানি কোম্পানিগুলোর এটি একটি শেষ মরিয়া চেষ্টা, যার লক্ষ্য বাংলাদেশকে ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য এলএনজির ওপর নির্ভরশীল করে রাখা। ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের বোঝায় বাংলাদেশের উৎপাদন খাত এবং ভোক্তারা ইতিমধ্যে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল আমদানীকৃত এলএনজির ওপর নির্ভরশীল হলে এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।’

মুনিরা চৌধুরীর মতে, ‘নতুন ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাংলাদেশের জন্য দ্বিমুখী বিপদ তৈরি করছে। একদিকে বিষাক্ত দূষণে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। অন্যদিকে, আমদানীকৃত গ্যাসের আকাশচুম্বী ব্যয় উৎপাদন খাতকে বিপর্যস্ত করছে, জীবিকা কেড়ে নিচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ায় শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।’

বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলএনজি বা কয়লার মতো পুরনো ধাঁচের জ্বালানি অবকাঠামোতে অর্থায়ন না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত ২০৩০ সালের জন্য বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা অর্জনে সহায়তা করা।

মার্কেট ফোর্সেসের হিসেব অনুযায়ী, মিডি-তে প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর ব্যয় আনুমানিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১ বিলিয়ন মার্কিন ডলার।

আবার ২০৩০-এর দশকের পরবর্তী সময়েও দীর্ঘমেয়াদি আমদানি পরিকল্পনার ক্ষেত্রে ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী গড় দাম অব্যাহত থাকলে, এলএনজি আমদানিতে বছরে সর্বোচ্চ প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা অর্থনীতির ওপর আরো বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, দাম কমে গেলে এই ব্যয় বছরে ৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসতে পারে।

মার্কেট ফোর্সেসের পূর্বাভাস অনুযায়ী, মিডিতে এলএনজি ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের কার্যকালজুড়ে ১ বিলিয়ন টনেরও বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে। এই নির্গমনের পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের ১০ গুণেরও বেশি।

অন্যদিকে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার তৈরি করা মিডি মাস্টারপ্ল্যান অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট (১ হাজার মেগাওয়াটে ১ গিগাওয়াট) এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ২০ হাজারেরও বেশি লবণচাষি, মৎস্যজীবী ও অন্যান্য স্থানীয় উৎপাদক তাঁদের জীবিকা হারিয়েছেন।

মুনিরা চৌধুরী বলেছেন, ‘এলএনজি ও কয়লা দিয়ে মাতারবাড়ীতে যে পরিকল্পনা করা হয়েছে সেটিতে লোকাল ইকনমি ধ্বংস হবে। সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় তৈরি হবে।’

এলএনজি-কয়লা কী এখনই বাদ দিতে হবে

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেও স্বীকার করেছেন যে জীবাশ্ম জ্বালানির ওপর অত্যধিক নির্ভরতার কারণে বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। সে কারণে মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ আইন প্রণয়ন করার কাজ চলছে।

গত ২৭শে অক্টোবর বুয়েটে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’ এ তিনি জানান, ‘আমরা স্পেশাল রিনিউয়েবল এনার্জি ল তৈরি করছি, যা ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে গৃহীত সিদ্ধান্ত ও কার্যক্রমকে আরও সহজ করবে।’

এদিকে এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিগত প্রণোদনাও চালু করেছে সরকার, যার মধ্যে আছে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতের জন্য শূন্য শতাংশ করহার এবং সৌরবিদ্যুৎ উপকরণ আমদানিতে শুল্ক অব্যাহতি।

মার্কেট ফোর্সেস বলছে, বাংলাদেশের সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে।

বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকেই এগুতে হবে এবং এ নিয়ে বৈশ্বিক ঐকমত্যও আছে। তবে বাংলাদেশের বাস্তবতায় ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার দিকে যেতে হবে।

টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘বাস্তবতা দেখতে হবে। সরকার ২০৩০ সালকে টার্গেট করে যে উদ্যোগ নিয়েছে সেটাই অনেকটা অতিবিলাসী হলেও সেটি অর্জন করা সম্ভব। বড় চ্যালেঞ্জ হলো এই যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির জন্য গ্রিড লাইন প্রস্তুত করাও একটি বড় চ্যালেঞ্জ হবে।’

তিনি বলেন, ‘এটুকু যদি শেষ পর্যন্ত করা যায় তাহলে মোট বিদ্যুতের ২০ শতাংশ হবে নবায়নযোগ্য থেকে। এরপর ধীরে ধীরে অগ্রসর হতে হবে। এখনই এলএনজি ও কয়লা থেকে বেরিয়ে আসার সুযোগ নেই।’

অন্যদিকে সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলছেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশের এখন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার।

তিনি বিবিসি বাংলাকে জানান, ‘সরকার কিছু চেষ্টাও করছে। তারপরেও একটি রোডম্যাপ দরকার যাতে ধাপে ধাপে আমরা নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার দিকে এগিয়ে যেতে পারি। কত দিনের মধ্যে এটা করা যাবে সেটা নির্দিষ্ট করা জরুরি। কিন্তু একটি বন্ধ করে আরেকটি করা যাবে না। এখনই পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার অবস্থায় বাংলাদেশ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৩ দফা বাড়ার পর আজ সোনার ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ এম


টানা ৩ দফা বাড়ার পর আজ সোনার ভরি ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা

দেশের বাজারে গতকাল শনিবার সোনার দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। এদিন প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে, যা গতকাল (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুসারে, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। ওই দিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের দিন বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে ১৪৮ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৭০ দফা দাম বৃদ্ধি পেয়েছে, ৭৭ দফা দাম কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%