ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা


নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা

ইসরাইলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট আজ রোববার (২৯ নভেম্বর) জোট সরকার গঠনের লক্ষ্যে এক জরুরি বৈঠকে বসার পরিকল্পনা করেছেন। এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন গত মাসের নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার শর্তে নেতানিয়াহু একটি ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেন।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেই নির্বাচনে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ নতুন সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটকে দেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নিয়ে তার নিজ জোটের মধ্যে আপত্তি রয়েছে এবং কট্টর-অর্থোডক্স দলগুলোর সাথে যুক্ত হতে হলে কঠিন শর্ত মানতে হবে, যা আইজেনকোটকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি জানায়, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে ফোনালাপ হয়েছে এবং তারা রোববার সকাল ১০টায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু আইজেনকোটের সাথে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, একজন নেতা হিসেবে দায়িত্ববোধের কারণে তিনি গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে এবং নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা জোরদারে বিপিডিবির কঠোর নির্দেশনা

নেতানিয়াহুর এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় আইজেনকোট লিকুদ পার্টিকে পাল্টা বার্তা দেন। তিনি বলেন, "যদি লিকুদ সত্যিকার ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তবে আগামী ২৪ ঘণ্টায় তারা কতটা আন্তরিক তা যাচাই করার জন্য তিনি প্রস্তুত।" উল্লেখ্য, এর আগের দিনই আইজেনকোট ঘোষণা করেছিলেন যে, তিনি অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগটি না নিয়ে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা দেবেন। আইজেনকোটের দল জানিয়েছে, তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আজকের বৈঠকটি দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ের মাধ্যমে শুরু হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, আইজেনকোট মূলত নেতানিয়াহু-বিরোধী দলগুলোকে নিয়ে জোট গড়বেন। কিন্তু পরবর্তীতে তিনি তার মধ্যপন্থি দল 'ইয়াশার'-কে লিকুদ পার্টির সাথে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও গত শুক্রবার সাবেক সেনাপ্রধান অভিযোগ করেছিলেন যে, দেশে নতুন করে আরেকটি নির্বাচন চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিকুদ পার্টি আলোচনায় ইচ্ছাকৃতভাবে দেরি করছে। শনিবার তিনি দাবি করেন, তার দেওয়া একটি বিস্তারিত প্রস্তাবের কোনো জবাব লিকুদ দেয়নি। মূলত কট্টর-অর্থোডক্স দল, আরব-সংখ্যাগরিষ্ঠ জোট অথবা লিকুদ—কোন পথে এগোবেন, তা নিয়ে আইজেনকোটের বড় জোটের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

এদিকে, পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার বিষয়ে নেতানিয়াহুর এই প্রস্তাবকে শনিবার তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তার অন্যান্য বিরোধীরা। আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বিদায়ী নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "এই রক্তাক্ত ও দায়িত্বজ্ঞানহীন সরকারের অবশ্যই বিদায় নিতে হবে।" উল্লেখ্য, জয়েন্ট লিস্ট সরাসরি সরকারে যোগ না দিলেও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার আশা করা হচ্ছে। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী এবং মধ্যপন্থি বেয়াচাদ পার্টির সহ-সভাপতি ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই প্রস্তাবকে একজন পেশাদার প্রতারকের আরও একটি স্বচ্ছ চালবাজি হিসেবে অভিহিত করেছেন, যিনি অতীতে তার প্রতিটি জোটসঙ্গীকে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।

সূত্র: এএফপি

আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান মাহমুদুল হক রুবেলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


শেরপুর সীমান্তে অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান মাহমুদুল হক রুবেলের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য, সংবিধান সংশোধন কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি মোঃ মাহমুদুল হক রুবেল মন্তব্য করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে, শেরপুর সীমান্তে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা হতে পারে। এজন্য শেরপুর সীমান্তে সজাগ দৃষ্টি রাখা জরুরি।

রোববার শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত এলাকায় অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এমপি বলেন, "ফেসিস্টিদের কাজ হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।" তাই, দলমত নির্বিশেষে সকলকে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

তিনি রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘সোমেশ্বরী’-তে আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মনীষা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে কমিটির মূখ্য উপদেষ্টা মাহমুদুল হক রুবেল এমপি বলেন, "প্রয়োজন সীমান্ত পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে।"

এ সময় কমিটির অন্যান্য বক্তারাও সীমান্তকে ব্যবহার করে নাশকতা সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, মানবপাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কমিটির মূখ্য উপদেষ্টা মাহমুদুল হক রুবেল এমপি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধ করা হবে। তিনি উল্লেখ করেন, "এই সীমান্ত ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোন সুযোগ নেই।" আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার সচেতন মহল একসাথে মোকাবেলা করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অরাজকতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২%, আক্রান্তদের অর্ধেকই সমকামী পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২%, আক্রান্তদের অর্ধেকই সমকামী পুরুষ

দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে এইডস রোগীর সংখ্যা বর্তমানে ১৯ হাজার ৮৪৩। নতুন শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে প্রবাসীদের মধ্যে এই রোগের সংক্রমণ বাড়ছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় রয়েছে।

বিশ্বব্যাপী ১ ডিসেম্বর এইডস দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সেবা বাড়াই, এইডস কমাই’ বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম) এবং পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ)। আক্রান্তদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে নতুন শনাক্তদের ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত এবং সমপরিমাণ ৪৮ শতাংশ অবিবাহিত। বয়সভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এ ছাড়া ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ শনাক্তের হার ২৪ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রাইস্টচার্চে ধ্রুব জুরেলের মহেন্দ্র সিং ধোনির পাশে বিশেষ কীর্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ক্রাইস্টচার্চে ধ্রুব জুরেলের মহেন্দ্র সিং ধোনির পাশে বিশেষ কীর্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের ভরসা হয়ে উঠেছেন ধ্রুব জুরেল। এই উইকেটকিপার-ব্যাটার কঠিন পরিস্থিতিতে ৮৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছেন।

দারুণ এই ইনিংসের সুবাদে তিনি ব্যক্তিগত অর্জনের খাতায় বিশেষ এক কীর্তি যোগ করেছেন। তিনি জায়গা করে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করছেন জুরেল। তার ব্যাটেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লড়াই করার মতো অবস্থানে পৌঁছেছে ভারত। ইনিংসজুড়ে ১৪টি চার মারলেও তিনি কোনো ছক্কা হাঁকাননি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রেখে আক্রমণাত্মক শটের বদলে মাটিতে বল রেখে রান তোলার দিকে বেশি মনোযোগ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সাত নম্বর কিংবা তার পরের পজিশনে ব্যাট করতে নেমে দ্বিতীয়বারের মতো অর্ধশতকের দেখা পেলেন জুরেল। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তার আগে এই রেকর্ড গড়েছিলেন কিরণ মোরে ও মহেন্দ্র সিং ধোনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, তিনজনই উইকেটকিপার-ব্যাটার। ১৯৯০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সাত নম্বরে বা তার পরে ব্যাট করে দুটি অর্ধশতক করেছিলেন কিরণ মোরে। অন্যদিকে, ২০০৯ সালের সফরে সাত নম্বরে ব্যাট করে দুটি হাফ সেঞ্চুরি করেন ধোনি। ২০১৪ সালের সফরে আট নম্বরে নেমেও একটি অর্ধশতক ছিল তার।

ক্রাইস্টচার্চ টেস্টে সাত নম্বরে নেমে ৮৮ রানের ইনিংস খেলেছেন জুরেল। এর আগে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে একই পজিশনে ব্যাট করে ৭৮ রান করেছিলেন তিনি। ফলে নিউজিল্যান্ডের মাটিতে ধারাবাহিকভাবে নিচের দিকে ব্যাট করতে নেমে ভারতের হয়ে বিশেষ এই রেকর্ডে নিজের নাম যুক্ত করলেন তরুণ এই উইকেটকিপার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে সার বরাদ্দ ও উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


রাজবাড়ীতে সার বরাদ্দ ও উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলায় ২০২৬ সালের সার ডিলার নীতিমালা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিএডিসি সার ডিলারদের জন্য ডিসেম্বর মাসে ইউরিয়া সহ সকল ধরনের সার বরাদ্দ ও উত্তোলনের উপর আরোপিত মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফরোজা পারভীনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। মানববন্ধনে বিএডিসি রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল জলিল মন্ডল, হাজী আঃ মালেক বিশ্বাস, সভাপতি জাহিদুল আমিন ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম পান্না, সহ-সভাপতি ফারুক হোসেন, মো. আলম, সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সোহাগ এবং মহিলা সম্পাদক শামীমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের নীতিমালার ভিত্তিতে ডিসেম্বর মাসে বিএডিসি সার ডিলারদের জন্য ইউরিয়া ও নন-ইউরিয়াসহ সকল সারের সমবরাদ্দ প্রদানের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী থেকে গত ১৯ নভেম্বর (স্মারক নং-১০৪০) ডিলারদের স্থায়ী জামানত, চুক্তিপত্র সম্পাদন ও নিবন্ধন ফি জমাদানের জন্য চিঠি ইস্যু করা হয়। কিন্তু গত ২৩ নভেম্বর (স্মারক নং-১০৫৩) অনিবার্য কারণ দেখিয়ে সেই কার্যক্রম হঠাৎ স্থগিত করা হয় এবং সার উত্তোলনের ওপর মৌখিক নিষেধাজ্ঞা জারি রাখা হয়।

নেতৃবৃন্দ আরও জানান, প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে ডিলাররা চরম অনিশ্চয়তা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একইসাথে ভরা মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যাহত হওয়ার গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সার উত্তোলন স্বাভাবিক করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%