০৪:০৮ পি.এম
তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইরানের শর্ত ও অবস্থানকে মেনে না নেবে, ততদিন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, এই জলপথ পুনরায় খুলে দেওয়ার জন্য তাদের বর্তমানে কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির মর্যাদা ও অবস্থানকে স্বীকৃতি দিতে বাধ্য করার লক্ষ্যে দেশটি এই কঠোর অবস্থানে অটল রয়েছে।
অ্যাডমিরাল শাহরাম ইরানি ইরনার খবরে আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে অতীতের মতো নিরাপত্তা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, এটি করতে হলে এই অঞ্চলের বাস্তবতাকে স্বীকার করতে হবে এবং বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এ সময় প্রতিবেশী দেশগুলো ও তাদের শাসকদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন, তাদের ঠিক কোন পক্ষে অবস্থান নেওয়া উচিত, তা স্পষ্টভাবে বুঝতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে, বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন