০৪:০১ পি.এম
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হতে যাচ্ছে। এশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে এই আদালতে তার বিচার হবে। তার শাসনামলে পরিচালিত কথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮১ বছর বয়সী দুতার্তেকে গত বছর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে গ্রেফতার করে নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিনি আইসিসির হেফাজতে রয়েছেন। বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি অনুষ্ঠিত হবে এবং অভিযোগপক্ষ প্রায় ১০০ জন সাক্ষীকে আদালতে হাজির করার পরিকল্পনা করেছে।
২০১৬ সালে অপরাধ দমনে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনসের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তে। এর আগে তিনি আইনজীবী এবং দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে তিনি সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যার দাবি করেছিলেন। এমনকি তিনি মোটরসাইকেলে চড়ে শহরে ঘুরে অপরাধীদের খুঁজে বের করার কথাও বলেছিলেন।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের ধরতে উৎসাহিত করেন। তার কঠোর ও সহিংস বক্তব্যের কারণে অনেকে তাকে ‘দ্য পানিশার’ নামে ডাকতেন।
ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। নিহতদের অধিকাংশই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকায় বসবাসকারী পুরুষ।
অভিযানের সময় প্রায় প্রতিদিনই রাস্তায় গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যেত। অনেক মরদেহের পাশে হাতে লেখা কার্ডবোর্ডে নিহত ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবী হিসেবে উল্লেখ করা হতো।
বিচারের প্রথম দিন বিচারকেরা যাচাই করবেন, দুতার্তে অভিযোগগুলো বুঝতে সক্ষম কি না। এরপর তাকে জানতে চাওয়া হবে, তিনি দোষ স্বীকার করছেন, নাকি অস্বীকার করছেন। পরে শুরু হবে দুই পক্ষের প্রাথমিক বক্তব্য উপস্থাপন।
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাক্-বিচার শুনানিতে উপস্থিত হননি দুতার্তে। সে সময় তিনি নিজেকে ‘বৃদ্ধ, ক্লান্ত ও দুর্বল’ বলে উল্লেখ করেন এবং স্মৃতিশক্তি হারানোর কথাও জানান।
আইসিসির প্রাক্-বিচারিক বিচারকেরা ইতোমধ্যে বলেছেন, বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দুতার্তের দায় থাকার যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালত ৪৯টি ঘটনা পর্যালোচনা করবে, যেগুলোতে ৭৬ জন নিহত হয়েছেন।
দুতার্তের আইনজীবী নিকোলাস কাউফম্যান গত ফেব্রুয়ারির শুনানিতে দাবি করেন, সাবেক প্রেসিডেন্টের বক্তব্যে অতিরঞ্জন, দম্ভ ও বাগাড়ম্বর ছিল। তার ভাষার ভিত্তিতে তাকে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে অভিযোগপক্ষের বক্তব্য, দুতার্তের বক্তব্যগুলো কেবল কথার কথা ছিল না; বাস্তবেও সেগুলো কার্যকর করা হয়েছে। শুনানি শেষে অভিযোগপক্ষের প্রতিনিধি জুলিয়ান নিকোলস বলেন, হাজারো মানুষকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুতার্তে, আর তা বাস্তবায়নও করেছেন।
আরও পড়ুন: জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে
দুতার্তের বিচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিহত ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের মতে, এই বিচার নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফিলিপাইনের ট্রুথ কমিশনের চেয়ারম্যান রাউল পাঙ্গালাঙ্গান বলেন, একসময় শক্তিশালী নেতা হিসেবে পরিচিত দুতার্তেকে এখন আদালতে অভিযুক্ত হিসেবে দেখা— ফিলিপিনোদের কাছে এই দৃশ্যের তাৎপর্য অনেক।
তিনি বলেন, এই বিচার বিশ্বকে জানিয়ে দেবে, কোনো নেতা যত ক্ষমতাধরই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন। তবে হেগের আদালতে হাজারো ঘটনার সামান্য অংশের বিচার হবে। ফিলিপাইনের বহু পরিবার এখনো জানতে পারেনি, তাদের স্বজনেরা কীভাবে মারা গেছেন এবং হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনা হবে কি না।
অতীতে আইসিসির কোনো মামলায় রায় দিতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দুতার্তের ক্ষেত্রেও বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে তার।
আরও পড়ুন: কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরে দুই রাত কাটালেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রানচেসকা আলবানিজ
এদিকে দুতার্তে ছাড়াও ফিলিপাইনের আরেক সাবেক পুলিশপ্রধান রোনাল্ড দেলা রোসাকে খুঁজছে আইসিসি। দুতার্তের মাদকবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন তিনি।
চলতি বছরের মে মাসে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সরকারি কর্মকর্তারা দেশটির সিনেট ভবনে তাকে ধরতে গেলে সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে সিনেট ভবনের ভেতরে অবস্থান করেন দেলা রোসা। এ সময় কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষের লোকজনের উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটে। পরে কঠোর নিরাপত্তার মধ্যে থাকা ভবনটি থেকে তিনি নিখোঁজ হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন