০৯:০০ এম
চলতি বছর মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদনের প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বড় ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আবেদনকারী শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করার ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে।
আবেদন ফরমে ছবি সংযুক্ত করার পর সেটির বিষয়ে কোনো তথ্য প্রদান করা হচ্ছে না। কিন্তু যখন আবেদন সাবমিট করা হয়, তখন একটি সমস্যা দেখিয়ে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। আবেদন ফরমে পূরণ করা সব ঘর সম্পূর্ণ শূন্য হিসেবে দেখানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের আবার নতুন করে সব ঘর পূরণ করতে হচ্ছে। এমনকি কিছু শিক্ষার্থী সারা দিন ধরে চার-পাঁচবার চেষ্টা করেও আবেদন করতে পারছেন না। প্রতিবারই ছবির সমস্যার কারণে আবেদন বাতিল হচ্ছে। অথচ যদি ছবি সংযুক্ত করার সময় সমস্যা জানানো হতো, তাহলে শিক্ষার্থীরা সেখানেই সমস্যার সমাধান করে আবেদনপত্র সাবমিট করতে পারতেন। অথবা আবেদন সাবমিট করার পর বাতিল হলেও যদি পূরণ করা ঘর শূন্য না দেখাত, তাহলে অনেক হয়রানি থেকে রক্ষা পাওয়া যেত।
মেডিকেলে আবেদন ফরম পূরণ করা একটি জটিল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। প্রতিবার আবেদন বাতিল হওয়ার পর নতুন করে ৪৯টি কলেজের নাম নির্বাচন করতে হয়। পোস্টকোডসহ শিক্ষার্থীর গ্রামের ঠিকানা ও বর্তমান ঠিকানাসহ অনেক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হয়। এই অবস্থায় সব ঘর পূরণ করার পর যদি শুধুমাত্র ছবি ও সিগনেচারের সমস্যার কারণে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়, তাহলে হয়রানির শেষ থাকে না। অনেকেই আবেদন করতে পারছেন না। এদিকে এ বছর আবেদনের সময়ও সীমিত; ২৫ নভেম্বর শুরু হয়েছে এবং ৩ ডিসেম্বর শেষ হবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এই অবস্থায় একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তারা এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রেও ছবি সংযুক্ত করা একটি জটিল কাজ ছিল। বিশেষ করে হিজাব পরিহিত ছবি সংযুক্ত করতে অনেক শিক্ষার্থীকে কষ্ট করতে হয়েছে। তবে সেখানে সুবিধা ছিল, ছবিতে সমস্যা হলে সঙ্গে সঙ্গেই সেটি জানানো হতো; ফলে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল হতো না। ফলে ছবির সমস্যা ঠিক করার সুযোগ পাওয়া যেত আবেদন সাবমিট করার আগে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে এ ব্যবস্থা নেই। তাই অবিলম্বে এ সমস্যার প্রতিকার আশা করছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ প্রতিযোগিতা
লেখক: শিক্ষার্থী, বনশ্রী, খিলগাঁও, ঢাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন