ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ে যাত্রীবাহী বাস, নিহত ৯


হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ে যাত্রীবাহী বাস, নিহত ৯

হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগে একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। দমকল বিভাগের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটেছে, যা মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে চলা প্রাণঘাতী বাস দুর্ঘটনার একটি নতুন উদাহরণ।

হন্ডুরাসের দমকল বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী অন্তর্ভুক্ত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন উদ্ধারকর্মী জানান, বাসটি উল্টে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

আরও পড়ুন: আইওয়ায় সেনাবাহিনীর বিস্ফোরণের পর পানিতে সিসার মাত্রা অপরিবর্তিত: পরিবেশ সংস্থা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ কোম্পানির পরিচালিত বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৬ মাইল) পশ্চিমে লা এস্পেরানজা শহরের দিকে যাচ্ছিল। কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পৌঁছানোর পর বাসটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ এম


মোহাম্মদপুরে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী

রাজধানীর মোহাম্মদপুর, যা অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, সেখানে এবার দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। প্রকাশ্যে চারজন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে তার ব্যাগ ও আইফোন ছিনিয়ে নেয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকায়, ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে।

রাব্বি আল রাফসান ইউল্যাবের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী হিসেবেও কাজ করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী রাফসান জানিয়েছেন, ঘটনার দিন তার মাস্টার্সের ক্লাস থাকায় তিনি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছে পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। ওই রিকশায় থাকা চারজন চাপাতি দেখিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়, যার ফলে তার ডান হাতে আঘাত লাগে। চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে বাসায় রয়েছেন।

এ ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি ববি হাজ্জাজ জানেন এবং থানাকেও অবহিত করেছেন। পুলিশ জড়িতদের শনাক্তের জন্য কাজ করছে বলেও তিনি জানান।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা চাপের মধ্যে রয়েছেন। ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় ফোন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাসা এয়ার রিয়াদ-জেদ্দার ফ্লাইট স্থগিতের মেয়াদ ২০২৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ এম


আকাসা এয়ার রিয়াদ-জেদ্দার ফ্লাইট স্থগিতের মেয়াদ ২০২৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল

ভারতের বেসরকারি বিমান সংস্থা আকাসা এয়ার ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইটের চলাচল স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২৭ সালের জানুয়ারি মাস পর্যন্ত উক্ত দুই গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

একটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে সংস্থাটি জানায়, রিয়াদগামী এবং রিয়াদ থেকে আসা ফ্লাইট ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। অপরদিকে, জেদ্দাগামী এবং জেদ্দা থেকে আসা ফ্লাইটের স্থগিতাদেশ থাকবে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত।

আকাসা এয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও উড়োজাহাজের কর্মীদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখে তারা ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, যাত্রীদের যাতে আগেভাগে বিষয়টি সম্পর্কে অবহিত করা যায় এবং তারা সেই অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করতে পারে, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটের অর্থ ফেরত চাইতে পারবেন।

এর আগে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাসা এয়ার ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও জেদ্দার ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হলো।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় দুই কর্মী নিহত, এমএসএফ কাজ ব্যাহত হওয়ার কথা জানাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ এম


গাজায় ইসরাইলি হামলায় দুই কর্মী নিহত, এমএসএফ কাজ ব্যাহত হওয়ার কথা জানাল

গাজা সিটিতে একটি ক্লিনিকে ইসরাইলের বিমান হামলায় দুই কর্মী নিহত হওয়ার পর, আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) গাজাজুড়ে নিজেদের কার্যক্রম চালাতে সমস্যার সম্মুখীন হয়েছে। হামলার পর, সংস্থাটির অন্যান্য কর্মীরা কাজে যেতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে চিকিৎসাসেবা অব্যাহত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ব্রাসেলসে এমএসএফের জরুরি কার্যক্রম সমন্বয়ক জুলিয়েন বিনি আলজাজিরাকে বলেন, ওই হামলার ফলে বিশেষ করে যে ক্লিনিকে হামলা হয়েছে, সেখানে কার্যক্রম চালাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তিনি এ ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

জুলিয়েন বিনি ইসরাইলি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অসহনীয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিহত দুই ব্যক্তি ইসরাইলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী হামাস সদস্য ছিলেন—ইসরাইলের এমন দাবির বিরুদ্ধে তিনি কথা বলেন।

নিহত দুই ব্যক্তি হামাসের সদস্য ছিলেন—ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। জুলিয়েন বিনি জানান, ওই দুই ব্যক্তি বহু মাস, এমনকি কয়েক বছর ধরে এমএসএফের সঙ্গে কাজ করছিলেন। তাদের বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কখনো কোনো অভিযোগ বা সন্দেহের তথ্য পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সব প্রক্রিয়া অনুসরণ করেছে এমএসএফ। গত কয়েক বছরে এসব প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে। হামলার পর ইসরাইল তাদের কর্মীদের হত্যা করে আবার তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়েন বিনি বলেন, কর্মীদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় গাজায় তাদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এজন্য হামলার ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ এম


আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা

দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। জনজীবনে নানা সমস্যা ও অনিশ্চয়তা বিরাজমান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকার সংগ্রাম এখন কঠিন থেকে আরও কঠিনতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের কষ্টকে আরো বাড়িয়ে দেবে। বিভিন্ন ধরনের কর্মসূচির নামে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের জন্য এবং জনগণের জন্য ক্ষতিকর হবে; কিন্তু পরাজিত শক্তি যেন সেটাই করতে চাইছে। বাংলাদেশে আবারও জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতির সূচনা হয়েছে।

অযৌক্তিক দাবি আদায়ের জন্য জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি শক্তি জনগণকে জিম্মি করে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। তবে ইতিহাস বলছে, জনগণকে জিম্মি করে, জনগণের সম্পদ বিনষ্ট করে কোনোদিন দাবি আদায় করা সম্ভব নয়। দাবি আদায়ের একমাত্র উপায় হলো জনগণের কাছে গিয়ে তাদের কথা বলা। জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা।

কিন্তু সেই পথে না গিয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে একটি মহল। এতে জনগণের ভোগান্তি বাড়বে এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে। এক মাস ধরে রাজনীতির নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে।

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার, নাটোরসহ ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

থানা, রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়া হয়েছে। বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে বিষয়টি জানাজানি হয়েছে। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ৪১ সেকেন্ডের অন্য ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

আগামী দিনে আরো সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঢাকাকে ঘিরে আগুন সন্ত্রাসের ছক কষা হয়েছে বলে জানা গেছে। সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কী উদ্দেশ্যে এত স্থানে একযোগে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অজানা আতঙ্কে আজ দেশ। সবার মুখে একটাই কথা, কী ঘটতে যাচ্ছে? আর কী কী ঘটবে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করছে? সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক বিরোধের জেরে আর কত প্রাণ যাবে? রাস্তায় বের হওয়া, কর্মস্থলে যাওয়া কিংবা রাতে বাড়ি ফেরার নিশ্চয়তাও কি থাকবে না? পরিস্থিতি কি শুধু রাজনৈতিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর বিস্তার ঘটবে অর্থনীতি ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে?

সহিংসতার উদ্দেশ্য কি শুধু দাবি আদায়ের জন্য শক্তি প্রদর্শন, নাকি এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের নিয়ন্ত্রণক্ষমতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা? পরিবহন ও শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করাও কি বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ? রাজনৈতিক বিভক্তির সুযোগ নিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে?

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, চলমান সহিংস ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে সহিংসতার বিস্তার ও ধরন। দেশের অন্তত ২৮টি জেলায় আগুন সন্ত্রাস, চোরাগোপ্তা হামলা এবং বিভিন্ন স্থাপনায় হামলা আর প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, নাকি একটি অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনার অংশ হিসেবে সংঘটিত হয়েছে, তা তদন্তের দাবি রাখে।

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য। যদি তারা দেশকেই ভালোবাসতে না পারে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না। এমন ঘটনা প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলে, দেশের ক্ষতি করেছে, তাদের কর্মকাণ্ড দেশপ্রেমহীনতার নামান্তর।

ক্ষমতা মানুষের সম্মিলিত সম্মতি থেকে জন্মায়; সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। যে দল মানুষকে বোঝাতে পারে না, সে পোড়াতে শুরু করে। আমরা এমন এক রাজনীতিতে আটকে গেছি, যার ব্যাকরণ যুক্তি নয়, আগুন। এই ভাষায় প্রতিপক্ষকে পরাজিত করা হয় না, বরং নিশ্চিহ্ন করার চেষ্টা হয়। আর প্রতিটি আগুন বস্তুত পরের আগুনের যুক্তি তৈরি করে দেয়।

নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’-এ লিখেছিলেন, যে মানুষ অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণার কারাগারে বন্দি; নিপীড়িত আর নিপীড়ক দুজনেই মনুষ্যত্ব হারায়। ২৭ বছর জেল খাটার পর তিনি জানতেন, প্রতিশোধের রাজনীতি দিয়ে কোনো জাতি মুক্ত হয় না।

জনগণ রাষ্ট্রের কাছে সহিংসতা দমন ও প্রতিকার আশা করে, দলের লোকজনের পাল্টা সহিংসতা নয়। সরকারকে এ ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজ কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কঠোর অবস্থান নিয়েছে। একদিকে তিনি যেমন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, অন্যদিকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।

গতকাল সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।

কিন্তু যারা নাশকতা করছে, নিজেদের স্বার্থে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদেরও বুঝতে হবে, জনগণকে ভয় দেখিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না। এসব কর্মকাণ্ড তাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে। তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এ ধরনের নৈরাজ্য দেশকে ধ্বংসের পথে ঠেলে দেবে। তাই এমন আন্দোলন করা উচিত নয়, যা দেশের মানুষের জন্য ক্ষতিকর, যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ সবার আগে দেশ। দেশের স্বার্থে দাবি আদায়ের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করুন। আন্দোলনের নামে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%