০৯:১১ এম
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক মন্তব্য করেছেন, স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তারকা এব্রিমা তুনকারার জন্য বার্সেলোনায় "দারুণ এক ভবিষ্যৎ" অপেক্ষা করছে।
১৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার তুনকারা শুক্রবার কাতারে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করার ম্যাচে গোল করেছেন। এই জয়ের ফলে স্পেন গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে জিতে শতভাগ সাফল্য নিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।
গত মৌসুমে ফ্লিক প্রথমবারের মতো তুনকারাকে বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ প্রদান করেছিলেন। যদিও তিনি খুব বেশি কিছু বলতে চাননি, তবে এই কিশোরের ভবিষ্যৎ নিয়ে তার উচ্ছ্বাস স্পষ্ট ছিল।
আরও পড়ুন: চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস
বার্সেলোনা লা লিগায় রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে খেলবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "আমার কাছে এব্রিমা একজন অসাধারণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনের সময়ই আমরা সেটা দেখেছি, আর চলতি মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও সে তা প্রমাণ করেছে। সে দুর্দান্ত একজন ফুটবলার, অসাধারণ প্রতিভাবান।"
তিনি আরও যোগ করেন, "আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমার বিশ্বাস এই ক্লাবেই তার সামনে বড় একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে।"
গাম্বিয়ায় জন্ম নেওয়া তুনকারা সাত বছর বয়সে কাতালোনিয়ায় চলে আসেন। এক বছর পর, মাত্র আট বছর বয়সে তিনি বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন।
ফ্লিক দীর্ঘদিন ধরেই তুনকারার ভক্ত। চলতি প্রাক-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেসে ও এফসি বাসেলের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি তিনবার মাঠে নেমেছেন।
আরও পড়ুন: কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব
এছাড়া সাম্প্রতিক লা লিগা ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে বার্সেলোনার বেঞ্চেও ছিলেন তিনি। তবে এখনও প্রতিযোগিতামূলক ফুটবলে সিনিয়র দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চীনের বিরুদ্ধে স্পেনের ৫-০ গোলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তুনকারা। ফিজিকে ১৫-০ গোলে হারানোর ম্যাচে রদবদলের কারণে তিনি খেলতে পারেননি।
তবে মরক্কোর বিপক্ষে আবারও একাদশে ফিরে এসে ম্যাচের প্রথম গোলটি করেন তুনকারা। তার গোলের মাধ্যমে স্পেন শেষ ৩২-এর লড়াইয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিত করেছে, যা অনুষ্ঠিত হবে সোমবার।
আরও পড়ুন: নিকো-ইনিয়াকি উইলিয়ামসকে লক্ষ্য করে বর্ণবাদী গালির অভিযোগ, শাস্তির মুখে অভিযুক্ত দর্শক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন