০৮:৫৭ এম
স্পেনের ফুটবলে আবারও বর্ণবাদী আচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের দুই ভাই নিকো উইলিয়ামস এবং ইনিয়াকি উইলিয়ামসের বিরুদ্ধে বর্ণবাদী গালির অভিযোগ এসেছে। শনিবার মালাগার বিপক্ষে অ্যাথলেটিক ক্লাবের ৪-৩ গোলের জয়ী ম্যাচে গ্যালারি থেকে তাঁদের উদ্দেশে এমন আচরণ করা হয়। লা লিগা এবং অ্যাথলেটিক ক্লাব ঘটনার নিন্দা জানিয়েছে।
লা লিগা জানিয়েছে, অভিযুক্ত একজন দর্শককে শনাক্ত করা হয়েছে। তাঁকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ম্যাচে নিকো ও ইনিয়াকি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। নিকো ওহিয়ান সানসেতের করা অ্যাথলেটিকের প্রথম গোলটিতে সহায়তা করেন। এরপর ৩৮ মিনিটে তিনি নিজেই গোল করেন, যেখানে সহায়তা ছিল তাঁর বড় ভাই ইনিয়াকির।
আরও পড়ুন: কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব
ঘটনার প্রতিক্রিয়ায় লা লিগা এক বিবৃতিতে জানায়, খেলাধুলায় বর্ণবাদী কিংবা বিদ্বেষমূলক আচরণের জন্য কোনো জায়গা নেই। মালাগার লা রোসালেদা স্টেডিয়ামে মালাগা ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে উইলিয়ামস ভ্রাতৃদ্বয়ের উদ্দেশে করা বর্ণবাদী গালির তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
অ্যাথলেটিক বিলবাওও নিজেদের বিবৃতিতে খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে করা বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে। ক্লাবটির ভাষায়, ফুটবল কিংবা তারা যে সমাজ গড়ে তুলতে চায়—সেখানে বর্ণবাদের কোনো স্থান নেই।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে অ্যাথলেটিক বিলবাও। বিরতির আগে তারা ৪-১ গোলে এগিয়ে যায়। নিকো উইলিয়ামস ও ওহিয়ান সানসেতের পাশাপাশি গোল করেন আলেক্স বেরেঙ্গের এবং হুগো রিঙ্কন। তবে দ্বিতীয়ার্ধে মালাগা আদ্রিয়ান নিনোর জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বিলবাও।
নিকো উইলিয়ামস এর আগেও বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন। ২০২৪ সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও এমন ঘটনার অভিযোগ তুলেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
আরও পড়ুন: ‘বেরিয়ে যাও’—চেলসির হারে সমর্থকদের তোপের মুখে ফোফানা
স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ নিয়ে বিতর্ক নতুন নয়। চলতি মাসের শুরুতে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, ‘স্পেনে কোনো বর্ণবাদ নেই’। এর আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মাদ্রিদে নেশন্স লিগের ম্যাচের আগে তাঁর খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে মনে করিয়ে দেওয়ার কথা বলেছিলেন।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন ম্যাচে বর্ণবাদী স্লোগানের শিকার হওয়ার পর তিনি এ বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন। ২০২৪ সালে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে তাঁর প্রতি বর্ণবাদী আচরণের দায়ে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
উইলিয়ামস ভ্রাতৃদ্বয়ের ঘটনাটি আবারও স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ মোকাবিলার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। লা লিগা ও অ্যাথলেটিক বিলবাওয়ের কঠোর অবস্থানের পর এখন অভিযুক্ত দর্শকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়।
আরও পড়ুন: বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে ২-১ গোলে হারাল আলাভেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন