ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জবিতে শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা


জবিতে শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাওয়ার সময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা শীতকালীন ছুটির অভাব অনুভব করছেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটিটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শীতকালীন ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে, বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি নির্ধারণ করবে ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

আরও পড়ুন: ঢাবির ৫৪তম সমাবর্তনের নিবন্ধন কাল শেষ হচ্ছে

অন্যদিকে, শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ দিনের ছুটিতে যাবে। এই সময়ে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পেলেও ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে জবিতে এবার শীতকালীন ছুটি থাকবে না।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আলী হাসান অন্তর জানান, "সারা বছর ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও নানা একাডেমিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। শীতকালীন ছুটিতে অনেকেই পরিবারের কাছে ফেরার পরিকল্পনা করেন। বিশেষ করে আমাদের মতো যেসব শিক্ষার্থীর বাড়ি ঢাকার বাইরে এবং যাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য এই ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জরুরি, কিন্তু সে কারণে শিক্ষার্থীদের ছুটি বাতিল করাটা হতাশাজনক। প্রশাসন চাইলে ভর্তি পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের ছুটির বিষয়টি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারত। আমরা চাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।"

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি কেবল অবকাশ নয়, বরং পরিবারের কাছে ফেরার অন্যতম সুযোগ। পুরান ঢাকায় আমাদের কোনো আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়, আবার অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালায়। ডিসেম্বর মাসে সাধারণত টিউশনিও বন্ধ থাকে। ফলে বছরের এই সময়টাতেই শিক্ষার্থীরা কিছুটা নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ পায়। কিন্তু শীতকালীন ছুটি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, তবে এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসনসংকট, আর্থিক বাস্তবতা ও পারিবারিক জীবনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা প্রশাসনের ভেবে দেখা উচিত।"

ভূমি প্রশাসন ও আইন বিভাগের শিক্ষার্থী মোক্তাসিব মিজু বলেন, "শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং বছরের শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। শীতের সময়ে গ্রামে পিঠা-পুলির উৎসব, মা-বাবার সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়া সবকিছুর মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে থাকে। সারা বছর পড়াশোনা ও নানা ব্যস্ততায় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। শীতকালীন ছুটিটাই সেই দূরত্ব কিছুটা ঘোচানোর সুযোগ করে দেয়। কিন্তু ছুটি বাতিল হওয়ায় অনেক শিক্ষার্থীকে সেই আনন্দ ও পারিবারিক সময় থেকে বঞ্চিত হতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে শিক্ষার্থীদের আবেগ, পারিবারিক বন্ধন ও মানসিক স্বস্তির বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রাখা উচিত।"

আরও পড়ুন: আন্দোলন নিয়ে বিভক্তি, বিশ্ববিদ্যালয়ে কাটেনি অচলাবস্থা

এ বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. রইছ উদ্‌দীন জানান, "বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সচল রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ক্যাম্পাস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকোল শেরজিঙ্গার ও থম ইভান্সের ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নিকোল শেরজিঙ্গার ও থম ইভান্সের ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ

মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং সাবেক স্কটিশ রাগবি খেলোয়াড় থম ইভান্স তাদের সাত বছরের সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন। তাদের বাগদানও ভেঙে গেছে। থম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।

থম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা প্রকাশ করে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, নিকোল ও আমি আর একসঙ্গে নেই।’

তিনি সাত বছরের সম্পর্কের স্মৃতি উল্লেখ করে আরও জানান, ‘ভালোবাসা, প্রতিশ্রুতি এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কাটানো সাত বছরের পর এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন।’

থমের বক্তব্য থেকে বোঝা যায়, নিকোলের সিদ্ধান্তে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, বিচ্ছেদটি তার প্রত্যাশিত ছিল না। তবে নিকোলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানান।

বিচ্ছেদের কারণ সম্পর্কে থম বিস্তারিত কিছু জানাননি। নিকোলও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

যেভাবে পরিচয় ও প্রেম

নিকোল ও থমের পরিচয় ঘটে ২০১৯ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানের মাধ্যমে। ওই অনুষ্ঠানে নিকোল বিচারকের দায়িত্ব পালন করছিলেন, আর থম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০২০ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর করোনাকালেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।

২০২৩ সালের জুনে পর্তুগালে ছুটি কাটানোর সময় থম নিকোলকে বিয়ের প্রস্তাব দেন। পরে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও তাদের পরিকল্পনা ছিল। নিকোলের ইচ্ছা ছিল, নিজের জন্মস্থান হাওয়াইয়ে বিয়ের আয়োজন করবেন। এরপর ইউরোপে আরেকটি সংবর্ধনার পরিকল্পনাও ছিল।

নিকোল বিয়ের পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। ২০২৪ সালে ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার জন্য নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করতে হবে। মা হওয়ার জন্য তিনি অপেক্ষা করতে পারছেন না বলেও জানিয়েছিলেন।

থমের সঙ্গে সম্পর্কের আগে নিকোল আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। রক ব্যান্ড ৩১১-এর গায়ক নিক হেক্সামের সঙ্গে তার বাগদান হয়েছিল। এ ছাড়া ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের সঙ্গে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে বুলগেরিয়ান টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গেও প্রায় তিন বছর সম্পর্ক ছিল এই গায়িকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ ২০২৬: ‘সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


ব্র্যাকের কার্নিভাল অব চেঞ্জ ২০২৬: ‘সমাজ পরিবর্তনের মূল শক্তি তরুণ’

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের নেতৃত্বের বিকাশ এবং তাদের উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি উল্লেখ করেছেন, পরিবর্তনের মূল শক্তি তরুণদেরই হতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন। এতে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন তুলে ধরছেন। পাশাপাশি রয়েছে মতবিনিময়, আলোচনা এবং কর্মশালাসহ বিভিন্ন আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ সালেহ বলেন, নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, বরং এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। তিনি বলেন, নেটওয়ার্কের মাধ্যমে অনেক মানুষকে চেনা যায়, কিন্তু কমিউনিটি হলো এমন একটি জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

আসিফ সালেহ বলেন, একটি কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং দায়িত্ববোধ থেকে। সেখানে শুধু নিজের মতের মানুষের সঙ্গে নয়, ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। তিনি বলেন, কেউ ব্যর্থ হলে তাকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হবে।

তিনি জানান, আমরা নতুন নেটওয়ার্ককে কার্যকর কমিউনিটিতে পরিণত করার প্রত্যাশা করছি। ব্র্যাক তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কাজের প্ল্যাটফর্ম দিচ্ছে। তবে পরিবর্তনের মূল শক্তি তরুণদেরই হতে হবে। দেশের বিভিন্ন জেলার তরুণেরা যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সে উদ্যোগ তাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান। তিনি বলেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও পরিবর্তনকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছেন।

তিনি জানান, বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় ৩ হাজার প্রাক্তন সদস্য রয়েছেন। আগামী বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৬ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ব্র্যাক তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায়।

আমরা নতুন নেটওয়ার্কের পথচলা, বিকাশ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান।

তিনি বলেন, বাংলাদেশে হাজারো সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান করবে তরুণেরাই। তরুণদের উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই কাজ করছে ‘আমরা নতুন নেটওয়ার্ক’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) এবং শনিবার (২৮ নভেম্বর) পৃথক অভিযানের মাধ্যমে সখীপুর থানা পুলিশ তাদের আটক করে।

থানা পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সখীপুর থানা পুলিশ উপজেলা তাঁতী লীগের সভাপতি এবং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে তার নিজ গ্রাম ইছাদীঘি থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে, শনিবার রাতে সিলিমপুর বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তপু শিকদারকে আটক করা হয়।

সখীপুর থানার এসআই আবুল কালাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতে চলছে ডিসি অফিস, উদ্বৃত্ত অংশ যাচ্ছে জাতীয় গ্রিডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


সৌরবিদ্যুতে চলছে ডিসি অফিস, উদ্বৃত্ত অংশ যাচ্ছে জাতীয় গ্রিডে

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। এই প্যানেলের মাধ্যমে কার্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর ফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ ঘাটতি অনেকটা হ্রাস পাবে।

এদিকে, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সৌরবিদ্যুৎ প্যানেলের মাধ্যমে ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই উৎপাদিত বিদ্যুৎ কার্যালয়ের বিদ্যুতের চাহিদা পূরণ করছে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহায়তায় ৭৩ লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ৬২৫ ওয়াট ক্ষমতার ২৮৮টি প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত দুই মাস ধরে এই সৌরবিদ্যুৎ জেলা প্রশাসক কার্যালয়ের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে। ছুটির দিনে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত দুই মাসে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে প্রায় ১৯ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সৌরবিদ্যুতের এই উদ্যোগ দেখে অনেকেই নিজেদের বাসাবাড়ির ছাদে প্যানেল স্থাপন করতে আগ্রহী হয়ে উঠছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%